বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দাবি, এত দিন আন্দোলন ধরে রাখাই বড় সাফল্য

bnp-logo_195037ডেস্ক রির্পোট : চলমান আন্দোলন সফলতার দিকে যাচ্ছে বলে মনে করছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতারা। তাঁদের মতে, বিএনপির শীর্ষ নেতাকে বিচ্ছিন্ন, সিনিয়র নেতাদের কারাবন্দি, হামলা-মামলা, গুম, খুন, ক্রসফায়ার, ট্রাক-বাসের চাপায় মেরে ফেলার হুমকির মধ্যেও আন্দোলন ৫৭ দিন পেরিয়ে গেছে; সারা দেশ থেকে ঢাকা বিচ্ছিন্ন। এত দিন রাজপথে টিকে থাকাটাই সবচেয়ে বড় সফলতা বলে জোটের নেতাদের দাবি।

দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দেন ২০ দলীয় জোটপ্রধান খালেদা জিয়া। আজ ৫ ফেব্রুয়ারি সেই অবরোধের দুই মাস হচ্ছে। এই সময়ে থেমে থেমে দেওয়া হয়েছে হরতাল, বিক্ষোভ, গণমিছিলের মতো কর্মসূচিও। দুই মাসে বিএনপির নেতৃত্বাধীন জোটের অর্জন কী- এই প্রশ্ন সর্বসাধারণ থেকে শুরু করে দলের নেতা-কর্মীদের মধ্যেও। প্রশ্ন থাকলেও হিসাব-নিকাশের দাঁড়ি টানতে এখনই রাজি নন বিএনপির নেতারা। আর যদি দাঁড়ি টানতেই হয়, তাহলে যোগ-বিয়োগের হিসাবে সাফল্যের পাল্লাটাই তাদের ভারী বলে দাবি দলটির।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান গত সোমবার রাতে কালের কণ্ঠকে বলেন, প্রায় দুই মাস হয়ে গেল আন্দোলন চলছে। এই আন্দোলনের সবচেয়ে বড় অর্জন দীর্ঘ সময় ধরে রাজপথে টিকে থাকা। আর বিশেষ অর্জন- এর মধ্য দিয়ে দেশের জনগণকে তাদের দাবির প্রতি সজাগ করতে পারা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আযম খান বলেন, গত ৬ জানুয়ারি থেকে বিএনপি জোটের প্রধান খালেদা জিয়ার ডাকে অবরোধ কর্মসূচি নিয়ে মাঠে থাকা দলটি এখন আরো সক্রিয় ভূমিকায় রয়েছে। অবরোধের পাশাপাশি থেমে থেমে হরতাল দেওয়া হয়েছে। ফলে বিএনপির আন্দোলন প্রতিনিয়ত আরো শক্ত অবস্থানের দিকে যাচ্ছে। তাঁর দাবি, টানা দুই মাস আন্দোলনকে টেনে নিয়ে আসা বিএনপির বড় ধরনের সফলতা। এর মধ্য দিয়ে দলীয় নেতা-কর্মীদের মাঝে ঐক্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিএনপির দাবির প্রতি আন্দোলনের সঙ্গে দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সুধীসমাজ একাত্মতা প্রকাশ করে সরকারের প্রতি চাপ বাড়াচ্ছে। সরকারের যেসব মন্ত্রী-এমপি বলেছিলেন- 'বিএনপির মুরোদ নেই, বিএনপি কাগুজে বাঘ', দীর্ঘ সময়ের এই আন্দোলন তাঁদের মুখে ছাই দিয়েছে।

দলটির কূটনৈতিক দেখভাল করেন এমন এক নেতা বলেন, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে কূটনৈতিক মহলে। দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা সমাধানে সরকারের ওপর নানামুখী চাপ আসছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশগুলো, বিভিন্ন সংগঠনগুলো থেকে। এটিও চলমান আন্দোলনের সাফল্য। আন্দোলন না হলে এ বিষয়ে তারা তো কোনো কথা বলত না।

দলটির সিনিয়র এক নেতা জানান, আন্দোলন কর্মসূচি চাঙ্গা রাখতে অনিচ্ছা সত্ত্বেও এসএসসি পরীক্ষায় ছেদ পড়ছে। সরকার পরীক্ষা পিছিয়ে দিচ্ছে এতে তাদের ওপর চাপ বাড়ছে। দেশের অর্থনীতি ঠিক রাখতে সরকার হিমশিম খাচ্ছে। দেশের ব্যবসায়ীরাও সরকারকে চাপ দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। এ সবই আন্দোলনের প্রাথমিক সাফল্য।

চলমান আন্দোলনের সর্বশেষ পরিণতি কী জানতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে অবস্থান করছেন এমন এক নেতা জানান, ঘটনা যাই ঘটুক আন্দোলন একটি পর্যায়ে পৌঁছে গেছে। এখন আর আমাদের পেছনে ফেরার কোনো সুযোগ নেই। আর সত্যি বলতে আন্দোলনের গন্তব্য কোথায় তা খালেদা জিয়া ও লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্যদের কেউ তেমন কিছু জানেন না। তারা শুধু কেন্দ্রের নির্দেশ পালন করছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন কালের কণ্ঠকে বলেন, পেট্রলবোমা সরকারি এজেন্ডায়ই মারা হচ্ছে। আর দোষ চাপাচ্ছে বিএনপি বা ২০ দলীয় জোটের ওপর। কিন্তু আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি, বারবার তা বলে আসছি। দেশের বিভিন্ন স্থানে সরকারি দলের লোকজন ধরা পড়ছে পেট্রলবোমাসহ। এতে ২০ দলীয় জোটের ওপর দোষ চাপানোর চেষ্টাও বিফলে গেছে।

তিনি বলেন, এক ঘণ্টার জন্যও ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের স্পেস দেওয়া হচ্ছে না। মামলা-হামলার ভয়ে বাড়িছাড়া নেতা-কর্মীরা। ৫৭ দিনে ১২০ জনের বেশি নেতা-কর্মীকে হত্যা করেছে। কিন্তু আন্দোলন কী থেমেছে? সরকার স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দিক, দেখবেন এক ঘণ্টায় এক কোটি মানুষ সরকারের অপকর্মের প্রতিবাদের জন্য রাস্তায় নেমে এসেছে।

বিএনপির মুখপাত্রের দায়িত্ব পালন করা যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ রবিবার এক বিবৃতিতে দাবি করেন, শাসকচক্রের বিরুদ্ধে চলমান আন্দোলন সংগ্রাম কেবলই বিএনপি এবং ২০ দলীয় জোটের ক্ষমতায় যাওয়ার লড়াই নয়। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফেরত দেওয়ার এই আন্দোলনকে সরকার জাতীয় ও আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড হিসেবে উপস্থাপনের সীমাহীন অপচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। কর্মসূচি প্রসঙ্গে গত সোমবার পাঠানো বিবৃতিতে তিনি জানিয়েছেন, গণতন্ত্র মুক্তি আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি চলবে।