ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে গোপন আবেদন আর দরপত্রে ২০ প্লট ভাগাভাগি
আমিরজাদা চৌধুরী : গোপন দরখাস্ত আর দরপত্রের আড়ালে ব্রাহ্মণবাড়িয়া শহরের বানিজ্যিক এলাকা হিসেবে পরিচিত খালপাড়ের ১৬’শ বর্গফুট জায়গার ভাগভাটোয়ারা সম্পন্ন হয়েছে। অভিযোগ মিলেছে জেলা পরিষদ মালিকানাধীন ঐ জায়গাটি একসনা বন্দোবস্তের নামে ভাগিয়ে নিয়েছেন প্রভাবশালীরা। জেলা পরিষদ প্রশাসকের নিকটজন,আওয়ামীলীগের একাধিক নেতা ও পরিষদের কর্মচারীর নাম রয়েছে আলোচনায় । মাত্র ১ লাখ টাকার সেলামীতে ৮০ বর্গফুটের একেকটি প্লট বরাদ্দ দেয়া হয়। যেখানে প্রতি শতক জায়গার মুল্য আনুমানিক ৭০ লাখ টাকা। সে হিসেবে ২০ টি প্লটের দাম দাড়ায় ১০ কোটি টাকার কাছাকাছি। বরাদ্দপ্রাপ্তরা ইতিমধ্যে প্লটগুলো আবার অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন বলেও আলোচনা আছে। জেলা শিল্প ও বনিক সমিতির আপত্তির মুখেই এ বন্দোবস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়। বানিজ্যিক এলাকার ঐ জায়গাটি পন্য লোড-আনলোডে ট্রাক পার্কিংয়ের জন্যে বর্তমানে ব্যবহার হচ্ছে। বনিক সমিতির নেতারা জানান- জায়গাটি ভাগভাটোয়ারা হয়ে যাচ্ছে এখবর পাওয়ার পরই তারা এলজিইডি মন্ত্রীর কাছে আবেদন করেন। স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সরাসরি স্বাক্ষাত করে বন্দোবস্তে আপত্তি জানান। এই অবস্থার মধ্যেই গোপনে জায়গাটির বন্দোবস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে অভিযোগ উঠেছে। জেলা পরিষদ সুত্র জানিয়েছে- জায়গাটি বন্দোবস্ত পেতে প্রথমে ২০ জন আবেদন করেন। তাদের আবেদনের ভিত্তিতে জায়গা বন্দোবস্ত দেয়ার অনুমতি প্রাপ্ত হয়ে দরপত্র আহবান করে জেলা পরিষদ । দরপত্র বিজ্ঞপ্তিটি প্রচার করা হয় নামসর্বস্ব পত্রিকায়। ঢাকার পত্রিকা হিসেবে ‘দৈনিক জনতার সংবাদ’ এবং স্থানীয় পত্রিকা হিসেবে ‘দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া’ পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। কিন্তু এর কোনটিই প্রচারে আসেনি। কেউ এ পত্রিকা এবং বিজ্ঞাপন দেখেনি। প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল মান্নান স্বাক্ষরিত ঐ দরপত্র বিজ্ঞপ্তিটি পত্রিকায় প্রকাশের জন্যে পাঠানো হয় ১৩ ই জানুয়ারী। দরপত্র সিডিউল বিক্রয়ের শেষ তারিখ দেয়া হয় ৪ ঠা ফেব্রুয়ারী। দরপত্র গ্রহনের শেষ সময় ছিলো ৫ ই ফেব্রুয়ারী। জেলা পরিষদের নেজারত শাখার অফিস সহকারী আমির হোসেন জানান, দরপত্র আহবানের পর ২০ টি দোকান বরাদ্দ পেতে ৮০ জন আবেদন করেছেন। কাদের বরাদ্দ দেয়া হবে সেটি এখনো ঠিক হয়নি জানিয়ে তিনি বলেন ‘স্যার ঠিক করবেন’। আমির হোসেন আরো জানান, ২০১৩ সালের ২৩ শে নবেম্বর সিএস দাগ নং ২০৬২ এর ঐ জায়গাটি প্লট আকারে বন্দোবস্ত পেতে আবেদন করেন ২০ জন। তাদের আবেদন মন্ত্রনালয়ে পাঠায় তারা। সেখান থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসে। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তদন্তের পরই জায়গাটি বন্দোবস্ত দেয়ার অনুমতি পায় জেলা পরিষদ। এই আবেদনকারীরা শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম গং বলে জানান আমির। রফিকুলের আবেদনে পৌর মেয়র সুপারিশ করেছেন বলেও জানান তিনি। গং হিসেবে কান্দিপাড়ার মো: বাপ্পারাজ,মো: সালাল মিয়া,খলিলুর রহমান,তাজুল ইসলাম,খায়ের মিয়া,দক্ষিন মোড়াইলের দেলোয়ার হোসেন,পৈরতলার ইকরাম,বড়হরনের আবদুল্লাহ বাকী বিল্লাল,নাটাইয়ের আবু বাশার,কাজীপাড়ার বশির আহমেদ,শাকিল,সায়েদুর রহমান,লাকী বেগম,পাইকপাড়ার উত্তমারানী,উত্তর পৈরতলা ছয়বাড়িয়ার পুতুল,মৌলভীপাড়ার এহসানুর রশিদ,শবনম সুলতানা,ইশতিয়াক এর নাম রয়েছে বলে জানান এই অফিস সহকারী। প্রশাসক বরাবর দেয়া তাদের সবার আবেদন অনুরূপ। মো: বশির আহমেদ নামের একজন আবেদনকারী নিজেকে ক্ষুদ্র ব্যবসায়ী উল্লেখ করে তার আবেদনে বলেন- ‘আমার নিজস্ব কোন দোকান ভিটি নেই। এমন অবস্থায় দেখতে পাইলাম-জেলা পরিষদ মালিকানাধীন ২০৬২ নং দাগের বি.বাড়িয়া খালপাড়ে কান্দিপাড়া ফুটব্রীজের পূর্ব দিকের উত্তরাংশে ১০ বাই ৮ বর্গফুটের মোট ৮০ বর্গফুট পরিত্যক্ত জায়গা রয়েছে। যা জেলা পরিষদ বিধি মোতাবেক বন্দোবস্ত পাওয়ার আবেদন করছি।’ আমীর জানিয়েছেন এই আবেদনকারীরা জায়গা বন্দোবস্ত পায়নি। দরপত্র বাছাইয়ের পর বলা যাবে কারা পেয়েছে। জেলা পরিষদে গিয়ে অফিস সহকারী আমীর হোসেনের কাছে এবিষয়ে তথ্য জানতে চাইলে গড়িমসি শুরু হয় তার। দরখাস্ত কারা করেছে তাদের নাম বলতে গিয়েও তালবাহানা শুরু করেন । দরখাস্ত দেখাতেও আপত্তি করেন। বিজ্ঞপ্তি প্রকাশিত পত্রিকার কপি দেখতে চাইলে বলেন তার কাছে নেই। জায়গা বন্দোবস্তের ফাইল গোপনে পরিচালনা করেন আমীর হোসেন। এমনটাই আলোচনা রয়েছে জেলা পরিষদে। আমীর নিজেও একটি প্লট পেয়েছেন বলে জানা গেছে। তথ্য মিলেছে গোপন দরখাস্ত আর দরপত্র নাটকের এই প্রক্রিয়ার মধ্যেই প্রতিটি প্লট ভাগাভাগি সম্পন্ন হয়ে গেছে। এগুলো যারা পেয়েছেন তারা আবার বিক্রিও করে দিয়েছেন। এমন আলোচনা আছে। এদিকে কয়েক মাস আগে জায়গাটি বন্দোবস্ত দেয়ার খবর ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া শিল্প ও বনিক সমিতি এর বিরুদ্ধে তৎপর হয়। জেলা শিল্প ও বনিক সমিতির সভাপতি আজিজুল হক বলেন, আমরা যখন শুনেছি জায়গাটি ভাগভাটোয়ারা হয়ে যাচ্ছে তখনই আমরা এমপি সাহেবের সঙ্গে সবাই একত্রে স্বাক্ষাত করে জায়গাটি বন্দোবস্ত দিলে কি সমস্য হবে তা বলি। তার কথায় আমরা আশ্বস্থ হই। পাশাপাশি আমরা গত আগষ্ট মাসে এলজিইডি মন্ত্রী,জেলা প্রশাসক,জেলা পরিষদ প্রশাসক ও পৌরসভার মেয়রের কাছে আবেদন করি। জেলা আইনশৃঙ্খলা কমিটির সর্বশেষ বৈঠকেও এনিয়ে আমরা কথা বলেছি। তিনি বলেন-খালপাড়ের ঐ জায়গাটির সামনের রাস্তা এমনিতেই সঙ্কীর্ণ। টানবাজার,জগৎবাজার,সড়কবাজার,হকার্স মাকেট,খালপাড়সহ অন্যান্য মার্কেটে সকল মালামাল বিশেষ করে সার,রড-সিমেন্ট,টিন,কাঠসহ নানারকম ভারী মালামাল ভর্তি গাড়ি আনা নেয়ার একমাত্র সড়ক এটি। এখন এই রাস্তার পাশে দোকান হলে এই সড়ক দিয়ে ট্রাক দূরে থাক সাধারন যানবাহন চলাচলই দূরহ হয়ে পড়বে। তাছাড়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থান থেকে যতো মালামাল আসে তা ঐ জায়গাটিতে আনলোড হয়। জেলার বিভিন্ন স্থান থেকে নৌকায় করে আনা মালামালও এখানে নামে-উঠে। এ ব্যাপারে জেলা পরিষদের প্রধান নির্বাহী আবদুল মান্নান বলেন দরপত্র বিজ্ঞপ্তি বহুল প্রচারিত পত্রিকায় দেয়ার কথা। টেন্ডার কমিটি কি করেছে তা আমার জানা নেই। এবিষয়ে সচিব ভালো বলতে পারবেন। এ বিষয়ে জেলা পরিষদ সচিব আলিম আক্তার খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আজ বন্ধের দিন। এবিষয়ে কথা বলতে পারবোনা। রোববারে যোগাযোগ করেন। জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমদাদুল বারীর নম্বরে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। তবে তার ব্যাক্তিগত সহকারী আল মামুন সাংবাদিকদের বলেন টেন্ডার গোপন হয় কিভাবে। আমি টেন্ডারে অংশ নেইনি। কোন দোকানও পাইনি। কেউ বন্দোবস্ত নিয়ে আপত্তি তুলতেই পারে। তাদের কেউ চাচ্ছে এখানে ট্রাক ষ্ট্যান্ড করতে,কেউ দখল করতে।











