আনসার রবিউলের সব চেষ্টা ব্যর্থ হলো
ডেস্ক রির্পোট : রাত তখন ৩টা। দুর্বৃত্তরা ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মিরসরাইয়ের আমবাড়িয়া এলাকায় প্যান্ডরোল ক্লিপ খোলার কাজ করছিল। ট্রেনে নাশকতা ঘটাতেই দুর্বৃত্তরা ক্লিপ খুলে নিচ্ছে- এটা টের পান রেললাইনে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য রবিউল হোসেন, দেলোয়ার হোসেন ও মোশাররফ হোসেন। সে সময় অসুস্থতার কারণে ছিলেন না তাঁদের নেতৃত্বে থাকা আনসারের পিসি মহিউদ্দিন।
তাৎক্ষণিক আনসার সদস্য রবিউলসহ অন্যরা নিকটবর্তী থানার ওসি, বিজিবি ক্যাম্পের ইনচার্জ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মুঠোফোনে বিষয়টি জানান। এসব করতে তাঁর প্রায় ২০ মিনিট লেগে যায়। পরে লাল পতাকা হাতে দৌড়ে সামনে গিয়ে ট্রেনের গতি রুখতে চেষ্টা করে শেষতক ব্যর্থ হন রবিউল। ততক্ষণে বিকট শব্দে দুর্ঘটনায় পতিত হয় নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি।
ঘটনার প্রত্যক্ষদর্শী আনসার সদস্য রবিউল হোসেন কালের কণ্ঠকে বলেন, 'রাত ৩টার দিকে লাইনে ঠুকর ঠুকর শব্দ শোনার পর একটু এগিয়ে দেখি বেশ কিছু লোক অন্ধকারের মধ্যেই ক্লিপ খুলছে। ভয়ে আর না এগিয়ে মোবাইলে ওসি, ইউএনও ও বিজিবি ক্যাম্পে ফোন করে ঘটনাটি জানাই। এসব করতে প্রায় ২০ মিনিট লেগে যায়। ততক্ষণে দেখি উত্তর দিক থেকে একটি ট্রেন আসছে। এবার দৌড়ে অনেক দূর এগিয়ে লাল পতাকা তুলে ধরে ট্রেনটি থামানোর চেষ্টা করেও লাভ হয়নি। দ্রুতগতির ট্রেনটি আমবাড়িয়া এলাকায় লাইনচ্যুত হয়।' তিনি জানান, মধ্যরাতে চারপাশ কুয়াশায় ঘেরা থাকায় ট্রেনের চালক হয়তো পতাকা লক্ষ করতে পারেননি।
আনসার সদস্য দেলোয়ার হোসেন ও মোশাররফ হোসেন বলেন, 'রাতে দুর্বৃত্তদের নাশকতা দেখেও আমরা কিছু করতে পারিনি। আমাদের কাছে লাঠি নাই, টর্চলাইট নাই, অস্ত্রও নাই।' পুলিশ ও প্রশাসনের লোকজন কতক্ষণে ঘটনাস্থলে আসে জানতে চাইলে রবিউল বলেন, 'মিরসরাই থানার ওসি ও পুলিশের এক বড় কর্মকর্তা ভোর ৪টায় ঘটনাস্থলে পৌঁছেন। ইউএনও স্যার যান সকাল ৭টায়।'
ঘটনাস্থলে থাকা লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সোমবার ভোর ৪টায় ঘটনাস্থলে পৌঁছেন মিরসরাই থানার ওসি ইমতিয়াজ এম কে ভূঁইয়া ও চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। সকাল ৭টায় ঘটনাস্থলে পৌঁছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন।
ইউএনও মুহম্মদ আশরাফ হোসেন বলেন, 'রাতে রেললাইনের নিরাপত্তায় নিয়োজিত আনসাররা আমাকে ফোনে ট্রেন লাইনচ্যুতির বিষয়টি অবহিত করে। ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই দুর্বৃত্তরা রেললাইনের ক্লিপ খুলে ফেলেছে।'
মিরসরাই থানার ওসি ইমতিয়াজ এম কে ভূঁইয়া আনসার সদস্যের ফোন পাওয়ার বিষয়টি স্বীকার করে কালের কণ্ঠকে বলেন, 'আমি ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের দিকে রওনা হই। গিয়ে দেখি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে।'
সীতাকুণ্ড-ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, 'রাত সাড়ে ৩টার সময় আমি শাটল ট্রেনে করে ঢাকা-চট্টগ্রাম ডাবল রেললাইন চেক করার জন্য এসে দেখতে পাই আমবাড়িয়া এলাকায় চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়ে আছে।'
উল্লেখ্য, সম্প্রতি বিএনপির নেতৃত্বাধীন জোটের হরতাল-অবরোধকে ঘিরে রেলে নাশকতা ঠেকাতে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। আর তারই অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রাম পূর্বাঞ্চল রেলেও নাশকতা এড়াতে সতর্ক পাহারা বসানো হয়। আর এসব পাহারায় নিয়োজিত রয়েছেন আনসার-ভিডিপির সদস্যরা। গতকাল যে স্থানে ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে সেখানেও চারজন আনসার সদস্য নিয়োজিত ছিলেন। তাঁরা দুর্ঘটনা সংঘটিত হওয়ার আগেই নাশকতার আলামত বুঝে ওঠেন। কিন্তু জনবল কম আর অস্ত্র না থাকায় তাঁরা তা প্রতিরোধ করতে পারেননি।











