বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাম্বুলেন্সেও বোমা হামলা

3_58671ডেস্ক রির্পোট : বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগের ঘটনা অব্যাহত রয়েছে। টানা অবরোধ ও হরতালের প্রথম দিনে গতকাল ১৬টি গাড়িতে আগুন ও ৮টিতে ভাঙচুর চালানো হয়। এর মধ্যে রাজশাহীর চারঘাটে একটি ট্রাক পেট্রলবোমা হামলা, চাঁপাইনবাবগঞ্জ শহরের দ্বারিয়াপুরে অ্যাম্বুলেন্সে ককটেল হামলা, বগুড়ায় একটি বাসে পেট্রলবোমা হামলা ও একটি ট্রাকে অগ্নিসংযোগ, নওগাঁয় যাত্রীবাহী বাসে আগুন, ঝালকাঠিতে বাসে অগ্নিসংযোগ, চুয়াডাঙ্গায় উপজেলা চেয়ারম্যানের তেলপাম্পে বোমা হামলা, নাটোরে পিয়াজ বহনকারী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের ২০তম দিন ও ৩৬ ঘণ্টার হরতালের প্রথম দিন গতকাল রাজধানীসহ সারা দেশে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। তবে রাজধানীতে পরিবহন সংকটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে কর্মব্যস্ত মানুষকে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও অনেকেই যানবাহনে উঠতে পারেননি। অনেককেই দেখা গেছে হেঁটে কর্মস্থলে যেতে। বিচ্ছিন্ন কিছু স্থানে    বোমা বিস্ফোরণ ও যানবাহনে হামলার ঘটনা ঘটে। গতকাল ভোর ৬টা থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় কর্মব্যস্ত মানুষের ভিড় বাড়তে থাকে। তবে দূরপাল্লার বাস ঢাকা ছেড়ে যায়নি। বাংলামোটর, শাহবাগ, প্রেসক্লাব, পুরানা পল্টন, গুলিস্তানসহ রাজধানীর অধিকাংশ এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। বেশির ভাগ বিপণিবিতান ও দোকানপাট বন্ধ ছিল। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থাপনায় পুলিশের শক্ত অবস্থান লক্ষ্য করা গেছে। রাজধানীতে চলন্ত বাসে ককটেল হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে কারওয়ান বাজারের ইত্তেফাক অফিসের সামনে যাত্রীবাহী বিহঙ্গ পরিবহনের বাসে দুর্বৃত্তরা হামলা চালায়। তারা ককটেল ছুড়ে মারে বাসটিতে। ককটেলের আঘাতে বাসের ভাঙা কাচ এবং আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। শওকত নামে আহত এক যাত্রী বলেন, ‘বাস চলছিল, হঠাৎ করে ককটেলের শব্দ পাই। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির কাচ ভেঙে তার হাতে লাগলে কেটে যায়। আরেক যাত্রী কবীর বাস থেকে নামতে গিয়ে পা মচকে পড়ে যান। এরকম আরও কয়েকজন আহত হয়েছেন। আজ সন্ধ্যা ৬টায় ৩৬ ঘণ্টার হরতাল শেষ হচ্ছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- রংপুর : গতকাল ভোরে পীরগঞ্জ উপজেলার শাহজাহান সেতুর কাছে রংপুর-ঢাকা মহাসড়কে দুটি ট্রাক আটক করে পেট্রল ও গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এ ছাড়া শনিবার রাত ১১টায় নগরীর ধাপ শিমুলবাগে ধানবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয় তারা। এ সময় চালক সোলায়মান আলী ও হেলপার আবুল কাশেম লাফিয়ে নামতে গিয়ে আহত হন। রাজশাহী : গতকাল রাত সাড়ে ৮টার দিকে নাশকতাকারীরা চারঘাটে পেট্রলবোমা ছুড়ে কাঠবোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। উপজেলার হেমন্তের মোড়ে এ ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন ট্রাক চালক কার্তিক ও হেলপার শাহাবুল। এছাড়া এদিন সকালে নগরীর ফায়ার ব্রিগেড মোড়ে একটি ট্রাকে ভাঙচুর চালায় হরতাল সমর্থকরা। চাঁপাইনবাবগঞ্জ : শনিবার রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের চামাগ্রামে একটি পণ্যবাহী ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়। প্রায় একই সময় শহরের দ্বারিয়াপুরে অ্যাম্বুলেন্সে ককটেল হামলা চালায় অবরোধকারীরা। রাত ৮টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ও ১০টার দিকে শহরের বড়ইন্দারা মোড়ে দুটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বগুড়া : গতকাল রাত সাড়ে ৮টার দিকে দুপচাঁচিয়ায় বাজারদীঘি বাসস্ট্যান্ডের কাছে লিখি এন্টারপ্রাইজ নামে একটি বাসে নাশকতাকারীরা তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে আগুন ধরে যায় এবং বাসচালক শহীদুল ইসলাম আহত হন। এছাড়াও রাতে শাজাহানপুরের নয়মাইলে অবরোধ ও হরতাল সমর্থকরা ঢাকাগামী একটি ট্রাকে আগুন দেয়। এতে চালক ও হেলপার আহত হন। শহরের কলোনি এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে ৩ থেকে ৪টি ককটেল বিস্ফোরণ ঘটায়।  ঝালকাঠি : নাশকতাকারীরা গতকাল রাত ১০টার দিকে প্রধান বাসস্ট্যান্ডে রংধনু নামে খুলনা-বরিশালগামী বাসে আগুন ধরিয়ে দেয়। কেউ হতাহত না হলেও আগুনে বাসটি পুড়ে গেছে। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে। ব্রাহ্মণবাড়িয়া : গতকাল সকাল ৯টায় দিকে সরাইল প্রাতঃবাজারে ছাত্রদল ও যুবদলের একটি মিছিল ছত্রভঙ্গ করতে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। মিছিলটি সোনালী ব্যাংকের কাছে এলে পুলিশ মিছিলকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ ২৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  এ ঘটনায় আহত হন ৩০ জন। নওগাঁ : শহরের ঢাকা বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে টিআর ট্রাভেলসের একটি বাস পুড়ে যায়। পাশে থাকা ডিপজল ও এসআর ট্রাভেলস নামে আরও দুটি বাসের আংশিক পুড়ে যায়। এছাড়া রাতে মাদ্রাসা মোড় এলাকায় নাশকতাকারীদের ককটেল হামলায় মধু ও সাইদুর রহমান নামে দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। নাটোর : সদর উপজেলার গাজীর বিল এলাকায় পিয়াজ বহনকারী একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ট্রাক চালক, হেলপার ও পিয়াজ ব্যবসায়ী শাহীন আলম আহত হন। আশুলিয়া : সাভার মহাসড়কে পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল সকাল ৯টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের (বিপিএটিসি) সামনে এ গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। অপরদিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে কেটি যালীবাহী বাৃস আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত ৯টার দিকে মহাসড়কটির পলাশবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। গাইবান্ধা : পলাশবাড়ী উপজেলার মহেশপুর-ব্র্যাক মোড় এলাকায় শনিবার রাত ১১টার দিকে পণ্যবাহী চলন্ত ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ত্রিপল আগুনে পুড়ে যায়। মৌলভীবাজার : বড়লেখা উপজেলা সদরের উত্তর বাজারে একটি ট্রাক ভাঙচুর করেছে পিকেটাররা। মুন্সীগঞ্জ : গজারিয়া থানার বাউশিয়া এলাকায় শনিবার গভীর রাতে একটি কাভার্ড ভ্যানে আগুন  দেওয়া হয়। কুমিল্লা : গতকাল বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার সংলগ্ন হায়দারপুল এলাকায় একটি এবং কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লাকসাম রেলওয়ে জংশন এলাকায় ভোরে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।চুয়াডাঙ্গা : গতকাল সন্ধ্যায় আলোকদিয়া বাজারে নাশকতাকারীরা চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুল হক বিশ্বাসের ‘বিশ্বাস ফিলিং স্টেশন’ নামে তেল পাম্পে তিনটি বোমা নিক্ষেপ করে। তবে এতে তেমন কোনো ক্ষতি হয়নি। চট্টগ্রাম : গতকাল রাত ৯টার দিকে নাশকতাকারীরা কাজীর দেউরী এলাকার কর্নফুলি টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ ঘটালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।