বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপাশার প্রচ্ছদে তৌকীরের নাট্যগ্রন্থ

image_1082_162757বিনোদন প্রতিবেদক : দর্শকপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ একই সঙ্গে নাটক, চলচ্চিত্র রচনা ও নির্মাণ করে থাকেন। সম্প্রতি তিনি 'অজ্ঞাতনামা' শিরোনামের একটি মঞ্চনাটক লিখেছেন। এই নাট্যগ্রন্থটির প্রচ্ছদ ও পরিকল্পনা করেছেন তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। আসন্ন একুশে গ্রন্থমেলায় বইটি শব্দশিল্প প্রকাশনা থেকে প্রকাশ হতে যাচ্ছে। ইতোমধ্যে বইটির প্রচ্ছদ এবং অঙ্গসজ্জার সব কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রেসে বইটির ছাপার কাজ চলছে।
এ ব্যাপারে তৌকীর আহমেদ যায়যায়দিনের বিনোদনকে বলেন, 'লেখালেখি আমার দীর্ঘদিনের নেশা। সব সময়ই লিখতে ইচ্ছা করে। কিন্তু অভিনয় এবং নির্মাণের কাজে সম্পৃক্ত থাকায় সময় দিতে পারছি না। এবারকার মঞ্চ নাটকটি একুশের বইমেলায় প্রকাশের উদ্দেশ্য নিয়েই লিখেছি। সবকিছু ঠিক থাকলে মেলার শুরুর দিকেই বইটি পাঠকের হাতে তুলে দিতে পারব। বইটি মানসম্পন্নভাবে প্রকাশের জন্য বিপাশাও অনেক সাহায্য-সহযোগিতা করেছে। সে একটি দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকে দিয়েছে। এজন্য তার কাছে আমি কৃতজ্ঞ। মেলায় গিয়ে বইটি সংগ্রহের জন্য আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং পাঠকদের আমন্ত্রণ জানাচ্ছি।'
এদিকে বিপাশা বলেন, 'আমি নিজের স্বাতন্ত্র্য বজায় রেখেই বইটির প্রচ্ছদ এঁকেছি। এই মঞ্চ নাটকটির পটভূমি চমৎকার। আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি, বইটি পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পাবে।'
তৌকীর আহমেদের 'অজ্ঞাতনামা' নাটকটির এখনো মঞ্চায়ন শুরু হয়নি। তবে শিগগিরই মঞ্চায়ন হবে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে এর মহড়ার কাজ চলছে। এর আগে তৌকীর আহমেদ 'প্রতিসরণ' এবং 'ইচ্ছামৃত' নামের দুটি মঞ্চ নাটক রচনা করে ব্যাপক আলোচনায় আসেন। এই নাটক দুটি মঞ্চায়নের পর ভীষণ দর্শকপ্রিয়তা লাভ করেন। তৌকীর আহমেদের 'প্রতিসরণ' এবং 'ইচ্ছামৃত্যু' নাটক দুটিও একুশের মেলায় প্রকাশিত হয়। বর্তমানে তিনি নতুন ধারাবাহিক নাটক 'দলছুট প্রজাপতি'র শুটিং করছেন। অন্যদিকে, খুব শিগগিরই তিনি তার নতুন ছবির কাজ শুরু করবেন। আসন্ন ভালোবাসা দিবসেও বেশ কয়েকটি খ- নাটকে অভিনয় করবেন তৌকীর।