বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আফগানিস্তানে এবার আইএসের সঙ্গে তালেবানের যুদ্ধ

image_1075_161669আন্তর্জাতিক ডেস্ক : (আইএস)-এর জঙ্গিদের সঙ্গে এবার প্রত্যক্ষ সংঘাতে জড়িয়ে পড়েছে আফগানিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী 'তালেবান'। আর এর মধ্য দিয়ে দেশটিতে আইএসের চলমান জঙ্গি কর্মসূচির প্রমাণ মিলল প্রথমবারের মতো। এর কারণ, যতই দিন যাচ্ছে, হতাশ তালেবান সদস্যদের মধ্যে দেখা যাচ্ছে আইএসপ্রীতি। সম্প্রতি হেলমান্দ প্রদেশের তালেবান কমান্ডার মোল্লা আবদুর রউফের আইএসে যোগদানের মধ্য দিয়ে বিষয়টি আলোচনায় উঠে আসে। হেলমান্দের সানগিত জেলা থেকে সাইয়েদুদ্দিন সানগিনওয়াল জানান, সেখানে নতুন এই জঙ্গিগোষ্ঠী কয়েকবার তালেবানের সঙ্গে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। তিনি আরো জানান, সম্প্রতি এই দুই গোষ্ঠীর মধ্যে লড়াইয়ে তাদের ২০ জনের বেশি হতাহত হয়েছে। অন্যদিকে, অনেক হতাশ তালেবান বিদ্রোহ করে আইএসে যোগ দিয়ে এই অঞ্চলে নতুন সঙ্কটের ইঙ্গিত দিচ্ছে।

হেলমান্দে নিয়োজিত আফগান সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার জেনারেল মাহমুদ এই তথ্য স্বীকার করেছেন। তিনি বলেন, গত কয়েকদিনের মধ্যে সেখানে নতুন করে এই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। তার মতে, 'উদীয়মান নতুন এই গোষ্ঠী আইএসের সমর্থন নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।' আফগানিস্তানে আইএসের অনুসারী নতুন এই গোষ্ঠীর নেতৃত্বে আছেন সাবেক তালেবান কমান্ডার মোল্লা আবদুর রউফ নিজেই। ২০০১ সালে দেশটিতে আমেরিকার নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর আগ্রাসনের পর তিনি ছয় বছর গুয়ানতানামো বে কারাগারে আটক ছিলেন। এরপর কয়েক বছর জনসমক্ষে আসেননি। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে রউফকে আইএসের পক্ষে সস্নোগান দিতে দেখা যায়। জানা গেছে, তালেবান নেতা মোল্লা ওমরের সঙ্গেও সম্প্রতি তিনি বিরোধে জড়িয়ে পড়েছেন।
আফগানিস্তানের নিমরুজ প্রদেশের গভর্নর আমির মোহাম্মাদ জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অপর প্রদেশ ফারাহ্য় আইএস আগে থেকেই জঙ্গি নিয়োগের চেষ্টা চালিয়ে আসছিল। তবে সেখানে তারা অপেক্ষাকৃত দুর্বল থাকায় স্থানীয় পুলিশ তাদের হটিয়ে দিতে সক্ষম হয়। তবে তিনি মন্তব্য করেন, 'ওরা সবাই এক। একসময় তারা আল-কায়েদার নামে যুদ্ধ করেছে। এরপর তালেবানের নামে যুদ্ধ চালিয়ে নেয়। আবার এখন তারা আইএসের নাম নিয়েছে। আসলে তাদের কর্মকা- সবই এক।'
সম্প্রতি সাবেক একজন পাকিস্তানি তালেবান মুখপাত্র ভিডিওবার্তায় আইএসকে সমর্থনের কথা ঘোষণা করেন। এতে তিনি জানান, তালেবানের হয়ে কাজ করা অনেক জঙ্গিনেতাই বর্তমানে আইএসের কমান্ডার হিসেবে নিয়োজিত আছেন। ভিডিওতে সেসব সাবেক তালেবান নেতার ছবিও দেখানো হয়েছে। এতে অনেকেই তালেবানপ্রধান মোল্লা ওমরের পরিবর্তে আইএসপ্রধান ও স্বঘোষিত খলিফা আবু বকর আল-বাগদাদির প্রতি আনুগত্য স্বীকার করে নেয়। বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েক বছরের মধ্যে বড় ধরনের নেতৃত্বের সঙ্কটে পড়তে যাচ্ছে আফগান তালেবান গোষ্ঠী। আইএস আফগানিস্তানের যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে পারলে দেশটির যুদ্ধের ধরনই হয়তো পাল্টে যাবে। উল্লেখ্য, ২০০১ সালের পর মোল্লা ওমরকে জনসমক্ষে আর দেখা যায়নি।
২০১৪ সালের শেষে আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনীর প্রস্থানের পরিপ্রেক্ষিতে হেলমান্দে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছে আফগান নিরাপত্তা বাহিনী। বিদেশি বাহিনীর বেশিরভাগ সদস্যের প্রস্থানের ফলে সামরিক ঘাঁটিগুলোর দায়িত্ব এখন তাদের হাতেই।
আফগানিস্তানের আরেক প্রদেশ ওয়ারদাকে 'খোরাসান' নামে একটি গোষ্ঠীর যোদ্ধা নিয়োগের খবর পাওয়া গেছে। উল্লেখ্য, ইরান-আফগানিস্তান সীমান্তবর্তী খোরাসান অঞ্চল নিয়ে মুসলিমদের মধ্যে পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। সেখানে উল্লেখ আছে, পৃথিবীর প্রান্তিককালে খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দলের উত্থান হবে। গত সেপ্টেম্বরে সিরিয়ার আলেপ্পোতে 'খোরাসান' নামের একটি জঙ্গিগোষ্ঠীর ওপর বিমান হামলা চালায় আমেরিকা। ওই খোরাসান আইএসের সহযোগী গোষ্ঠী। তবে আফগান খোরাসানের সঙ্গে তারা সম্পৃক্ত কিনা, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
তবে সার্বিক বিবেচনায় বিশ্লেষকদের অনুমান, বিদেশি বাহিনীর প্রস্থানের পর আফগান সঙ্কটে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। দেশটির লোকালয়েও আত্মঘাতী বোমা হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেখানে নতুন করে এমন অনেক জায়গায় হামলা হচ্ছে, যা আগে কখনো তালেবানি হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল না। সাধারণ আফগানদের আশঙ্কা, মোল্লা ওমরকে টপকে আইএস জঙ্গিবাহিনী আফগানিস্তানে একক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। শেষ পর্যন্ত যদি এটি হয়, তাহলে তা দেশটির নতুন প্রেসিডেন্ট আশরাফ ঘানির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জই বলা চলে।