অবরোধ-হরতালে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির শীর্ষ নেতারা আত্মগোপনে ॥ ককটেলই ভরসা
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে মাঠে নেই বিএনপির নেতারা। জেলা বিএনপিও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের প্রায় সকলেই আত্মগোপনে চলে গেছেন। দিনের বেলা ব্যাপক পুলিশী তৎপরতার কারনে অবরোধকারীরা রাস্তায় নামতে না পারলেও রাতের বেলা তারা শহরের বিভিন্ন স্থানে ককটেল বিষ্ফোরন ঘটিয়ে শহরে আতংক সৃষ্টি করছে।
গত ৪ জানুয়ারির পর থেকে প্রায় প্রতি রাতেই শহরের বিভিন্ন স্থানে উপর্যপুরি ককটেল বিষ্ফোরন করে শহরে আতংক সৃষ্টি করে আসছে অবরোধকারীরা। রাতের বেলা তারা চোরাগুপ্তা হামলা করছে। সর্বশেষ গত শুক্রবার রাতেও সন্ত্রাসীরা সদর মডেল থানার সামান্য দূরে খালপাড়ে পর পর ১১টি ককটেলের বিষ্ফোরন ঘটিয়ে পালিয়ে যায়। রাতের বেলা ককটেলের বিকট আওয়াজে শহর প্রকম্পিত হয়।
৪ জানুয়ারির পর থেকে প্রতিরাতেই রাতেই শহরের প্রধান রাস্তা টি.এ.রোডে ককটেল বিষ্ফোরণ করে শহরবাসীর মধ্যে আতংকের সৃষ্টি করে তারা। গত বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে শহরের কয়েকটি স্পটে প্রায় অর্ধশতাধিক ককটেলের বিষ্ফোরন ঘটায় সন্ত্রাসীরা। এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন মহল্লার চিপাগলি দিয়ে কিশোর বয়সী কিছু ছেলে শহরের কালীবাড়ি মোড়, মাদ্রাসা রোড, রেলগেইট, জেল রোডসহ প্রধান রাস্তা টি.এ. রোডে পর পর ৮/১০টি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
এদিকে পুলিশী সাড়াশী অভিযানে আত্মগোপনে চলে গেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। গত ৪ জানুয়ারী পর থেকে গত শুক্রবার রাত পর্যন্ত পুলিশ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও জেলা জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার ভূইয়া খোকন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নবীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জুসহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় দেড় শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পুলিশী গ্রেপ্তারের ভয়ে দলের নেতারা আত্মগোপনে চলে গেলেও প্রতিদিন রাতে তাদের সহযোগীরা শহরে উপর্যপুরি ককটেল বিষ্ফোরন ঘটিয়ে শহরবাসীর মধ্যে আতংকের সৃষ্টি করছে। সন্ধ্যার পর লোকজন শহরে চলাফেরা করতে ভয় পায়।
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের টি.এ. রোডের একজন ব্যবসায়ী বলেন, গত ৪ জানুয়ারির পর থেকে প্রতিদিন সন্ধ্যায় আতংকে থাকি। তিনি বলেন, বোমাতংকের কারনে ব্যবসা মন্দা। তিনি দাবি করেন গত ৪ জানুয়ারির পর থেকে শহরের বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা প্রায় ৫ শতাধিক ককটেল বিষ্ফোরন হয়েছে। তবে ককটেল হামলায় কোন হতাহত হয়নি। তিনি বলেন, শহরের আতংক সৃষ্টি করার জন্যই প্রতিদিন রাতে ককটেল হামলা হচ্ছে।
এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, সন্ত্রাসীরা চোরাগুপ্তা ককটেল হামলা করছে। আমরা শীর্ষ বোমাবাজ পাপেলসহ বেশ কয়েকজন বোমাবাজকে গ্রেপ্তার করেছি। তিনি বলেন, সন্ত্রাসী কার্যকলাপের দায়ে এ পর্যন্ত বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের প্রায় দেড়শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।













