নির্ভীক ক্রিকেট খেলার জন্য তরুণ দল : মঈন খান
ক্রীড়া ডেস্ক :পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক মঈন খান বলেছেন সাহসী ক্রিকেট খেলা দেখতে চায় বলেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য তারা তারুণ্য নির্ভর দল গঠনকে অগ্রাধিকার দিয়েছেন।
নির্বাচকরা নিজেদের মধ্যে এবং এরপর প্রধান কোচ ও অধিনায়কের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই বিশ্বকাপ দল ঘোষনা করা হয়েছে জানিয়ে মঈন বলেন, নির্বাচকরা চেয়েছেন দলটি ইতিবাচক ক্রিকেট খেলুক।
ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) সাবেক এ টেস্ট অধিনায়ক বলেন, ‘ক্রিকেট বিশেষ করে সিমিত ওভারের ফর্মেটে গত এক দশকে অনেক পরিবর্তন হয়েছে এবং পাকিস্তানকে বুঝে শুনে খেলতে হবে। তবে বিশ্বকাপে ভাল করতে সাহসী ক্রিকেট খেলতে হবে।’
মঈন উল্লেখ করেন, ‘১৯৯২ সালে আমরা যখন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ খেলেছি তখন ২৫০ কিংবা তার কিছু বেশি রানকেই উইনিং স্কোর হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এখন এ্যাপ্রোচের অনেক পরিবর্তন হয়েছে এবং এমনকি ৩০০’র বেশি রান করেও দলগুলো নিশ্চিত থাকতে পারে না।’
‘নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পিচে এর কোন ব্যত্যয় ঘটবে না এবং কন্ডিশনের কথা বিবেচনা করেই হাফিজ, ইউনিস এবং মিসবাহর মতো সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে উমর আকমল, শোয়েব মাকসুদ, হারিস সোহেল, সরফরাজ আহমেদ সোহেল খান কিংবা ইয়াসির শাহর মত মেধাবী ও আকর্ষণীয় ক্রিকেটারদের সমন্বয়ে একটি দল গঠন করেছি।’
১৯৯২ আসরের কথা স্মরণ করে এ উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন আক্রমনের প্রতি ইমরান খান গুরুত্ব দেয়ার কারনেই খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি হয়েছিল এবং তারা বিশ্বকাপ শিরোপা জয় করতে পেরেছিল।
তিনি বলেন, ‘কিছু ম্যাচ আপনি জিতবেন আবার কিছু হারবেন। কিন্তু আমরা কেবল দেখতে চাই যে আমাদের দল শত ভাগ উজার করে দিয়েছে এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছে।’
ওয়ানডে দলগুলোর মধ্যে শক্তির বিচারে খুব বেশি পার্থক্য না থাকায় কোন দলকেই ফেভারিট হিসেবে বিবেচনা করাটা কঠিন উল্লেখ করে মঈন বলেন, দলগতভাবে খেললে যে কোন দলের বিপইে পাকিস্তান বিস্ময় সৃষ্টি করতে পারে।
মঈন বলেন, ‘এখন কোচ ও অধিনায়ককে খেলোয়াড়দের মধ্য থেকে সেরাটা বের করে আনতে হবে এবং এই দলটির মধ্যে অনেক মেধাবী ও যোগ্য খেলোয়াড় রয়েছে।’
বিশ্বকপ শুরু হওয়ার আগেই অধিনায়ক মিসবাহ উল হক পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন প্রধান নির্বাচক।
তিনি আরো বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে মিসবাহকে সকল প্রকার সমর্থন দিতে হবে এবং আমরা সেটা করছি। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই সে সুস্থ হয়ে উঠবে আমরা আশা করছি।’
সাবেক এ অধিনায়ক জানান, সব সময়ই সকল প্রকার বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করেছেন তিনি।
‘আমি এবং অন্যান্য নির্বাচকরা সততার সঙ্গে আমাদের দায়িত্ব পালনের চেষ্টা করেছি এবং আশা করছি দল বিশ্বকাপে ভালো করবে।’
বিশ্বকাপ দলে যে সকল খেলোয়াড় জায়গা পাওয়ার প্রত্যাশা করছিল, কিন্তু পায়নি। তাদের ভেঙ্গে না পড়তে এবং সেরাটা দিয়ে যাওয়ার পরামর্শও দেন তিনি।
সব শেষে তিনি বলেন, ‘বিশ্বকাপের সঙ্গে আমাদের ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে না। তাদের জন্য আমার বার্তা হচ্ছে এই মেগা ইভেন্টের পরও অনেক ক্রিকেট আছে এবং সে জন্য প্রস্তুত হও।’











