কসবায় ধাওয়া-পাল্টা ধাওয়া আহত-২০
শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সোমবার (৫ জানুয়ারি) দুপুরে আওয়ামীলীগ-বিএনপি সমর্থিত লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কসবা থানার ওসিসহ কমপক্ষে ২০জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ১৯ রাউন্ড টিয়ার শেল ও দেড় শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে।
জানা যায়, গণতন্ত্রের বিজয় ও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে সুপার মার্কেট থেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক রাসেদুল কাউসার ভূইয়া, এম.জি হাক্কানী ও কাজী আজহারুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি সামলাতে কসবা থানা পুলিশ এগিয়ে এলে কসবা থানা অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান, পুলিশ কনস্টেবল সহিদুল ইসলামসহ ২০ জন আহত হয়েছে। তাদেরকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রসহ বিভিন্ন সরকারি ও বে-সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।এদিকে কসবা উপজেলায় বিএনপি কালো পতাকা মিছিল বের করলে পুলিশের বাধা দেয়াকে কেন্দ্র করে পুলিশ বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা যুবদলের সভাপতি ওসমান হারুনুর রশীদের বাস ভবন ভাংচুর করে। পুলিশের গুলি বর্ষণে কসবা টিআলী কলেজ ছাত্র দলের সভাপতি মামুনের চোখে গুলি লাগে। গুরুত্বর আহত মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
কসবা থানার উপ-পরিদর্শক মো. মোরশেদ আলম বলেন, পুলিশ ১৯ রাউন্ড টিয়ার শেল ও দেড় শতাধিক রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।











