বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিহাদ হত্যাকাণ্ড এবং কিছু প্রশ্ন

jehadডেস্ক রির্পোট :যেকোনো ঘটনা-দুর্ঘটনা, মানবসৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগে আমাদের রাষ্ট্রীয় অব্যবস্থাপনা, অদক্ষতা-অযোগ্যতা, প্রযুক্তিগত অসামর্থ্য… প্রসঙ্গগুলো নিয়ে আগে অনেকবার লিখেছি।

এই বিষয়গুলো নিয়ে নতুন করে খুব বেশি কিছু বলার নেই। শিশু জিহাদ জীবন দিয়ে আমাদের সামনে আরও কিছু প্রসঙ্গ দৃশ্যমান করে গেল।

ক. উদ্ধার অভিযান এবং আন্তরিকতা

খ. মিথ্যা বক্তব্য

গ. পুলিশি আচরণ

ঘ. দুর্ঘটনায় মৃত্যু না হত্যাকাণ্ড

ঙ. জনমানুষের ক্ষমতা

চ. গণমাধ্যমের আচরণ

১. ব্যক্তিগতভাবে সবসময় বিশ্বাস করে এসেছি আমাদের ফায়ার ব্রিগেডের প্রযুক্তিগত সীমাবদ্ধতা আছে। আমরা মিগ বা সাবমেরিন কেনার ক্ষেত্রে যতটা উৎসাহী, উদ্ধার প্রক্রিয়ায় ব্যবহৃত যন্ত্রপাতি কেনা বা সংগ্রহে একেবারেই আগ্রহীহীন। বিভিন্ন ভবনে আগুন লাগা থেকে শুরু করে, ভবন ধসে পড়া পর্যন্ত, ফায়ার ব্রিগেডের কর্মীদের আন্তরিকতা নিয়ে কখনো সন্দেহ হয়নি। প্রশ্ন যে কিছু তৈরি হয়নি, তা নয়। প্রযুক্তিগত অসামর্থ্যরে বিষয়টি মাথায় রেখে প্রশ্নগুলোকে গুরুত্ব দিতে চাইনি।

কিন্তু শিশু জিহাদ উদ্ধার অভিযানে ফায়ার ব্রিগেডের প্রযুক্তিগত অসামর্থ্যের পাশাপাশি তাদের আন্তরিকতা নিয়ে বড় রকমের প্রশ্ন তৈরি হলো। প্রশ্ন তৈরি হলো তাদের প্রশিক্ষণ ও দক্ষতা নিয়েও।

২. ফায়ার ব্রিগেডের কর্মীদের অদক্ষতা, আন্তরিকতার অভাবের সঙ্গে যোগ হলো বড় কর্তাদের হৃদয়হীনতা এবং দায়িত্বজ্ঞানহীনতা। শেষ পর্যন্ত তারা বলতে পারল না, আসলে পাইপের গভীরতা কত ফুট ছিল। ৩০০, ৪০০, ৬০০… কত রকমের বক্তব্য যে দিল।

জিহাদের সাড়া দেয়া, কান্নার আওয়াজ শুনতে পারা, এসব বক্তব্য ছিল খুব বেশি রকমের আনাড়ি। জুস-পানি পাঠানো-বিষয়ক গল্প ফায়ার ব্রিগেডের কর্তাদের থেকে শোনা ছিল অবিশ্বাস্য রকমের অযোগ্যতার নমুনা।

৩. মাটির এত গভীরে, সরু-পরিত্যক্ত একটি গর্তের ভেতরের পরিবেশ কেমন থাকতে পারে, বৈজ্ঞানিক ভিত্তিতে কেমন থাকার কথা- এ বিষয়ে কোনো ধারণার প্রমাণ পাওয়া যায়নি ফায়ার ব্রিগেডের কর্তাদের বক্তব্যে। এত নিচে যে অক্সিজেন থাকার কথা নয়, কার্বন ডাই অক্সাইড থাকার কথা, একটি শিশু সেই পরিবেশে কতক্ষণ বেঁচে থাকতে পারে- এ বিষয়ক কোনো ধারণা দিতে পারেনি ফায়ার ব্রিগেডের কর্তারা। গর্তের নিচে যে পানি থাকতে পারে, তা অনুমানও করতে পারেনি ফায়ার ব্রিগেড কর্তারা। প্রথম দু’ঘণ্টার মধ্যেই যে জিহাদ মারা গিয়েছিল বা যাওয়ার কথা, এ বিষয়ে কোনো অনুমাননির্ভর ধারণাও দিল না। একটি প্রশিক্ষিত সংস্থার এটা সীমাহীন ব্যর্থতা এবং আন্তরিকতাহীনতা।

৪. ফায়ার ব্রিগেড কর্তাদের সবচেয়ে বড় অপরাধ তারা কোনো কিছু নিশ্চিত না হয়ে, নিজেদের অযোগ্যতা আড়াল করার জন্য বারবার মিথ্যা বক্তব্য রেখেছে। তেলাপোকা, বস্তা… ছাড়া আর কিছু তারা দেখেনি, ভিকটিম (জিহাদ) গর্তে নেই, তারা নিশ্চিত হয়ে সংবাদ সম্মেলন করার ২৩ মিনিটের মধ্যে জিহাদকে উদ্ধার করা হয়েছে, সেই গর্ত থেকেই।

৫. সংবাদ সম্মেলনে ফায়ার ব্রিগেডের বড় কর্তা স্পষ্ট করে বলেছে উদ্ধার অভিযান বন্ধ বা স্থগিত করার কথা। আর উদ্ধার হওয়ার পরে বলেছে, উদ্ধার অভিযান চলমান ছিল, বন্ধ করা হয়নি।

এত বড় মিথ্যা একজন দায়িত্বশীল মানুষ কী করে বলতে পারে? সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ হলে নিজের, নিজেদের ব্যর্থতা স্বীকার করে জিহাদের পরিবারের কাছে ক্ষমা চাইত, ক্ষমা চাইত পুরো জাতির কাছে। তা না করে সে বারবার মিথ্যা বলে যাচ্ছে? মানুষ হিসেবে কি এই বড় কর্তা সুস্থ নয়?

৬. পুরো ঘটনায় পুলিশি আচরণ ছিল আরও ভয়ঙ্কর। হাজার হাজার মানুষ সেখানে অকারণে জড়ো হয়েছে। উদ্ধারকর্মীদের ওপর হামলে পড়েছে। এই জনগণকে সেখান থেকে সরানোর ক্ষেত্রে কোনো তৎপরতা দেখা যায়নি। পুলিশ ছিল বিস্ময়কর রকমের নীরব। একপর্যায়ে হঠাৎ করে কর্মবীর হয়ে উঠল পুলিশ। ধরে নিয়ে যাওয়া হলো জিহাদের বাবাকে। সন্তান হারিয়ে পাগলপ্রায় বাবাকে ১২ ঘণ্টা আটকে রাখা হলো থানায়। করা হলো আমানবিক জিজ্ঞাসাবাদ।

৭. জিহাদ জীবন দিয়ে লাশ হয়ে ফিরে তার বাবার জেলখাটা থেকে রক্ষা করে গেছে। তা না হলে, আমাদের কর্মবীর পুলিশ, জিহাদ গর্তে পড়ে গেছে- এই মিথ্যা প্রচারণা চালিয়ে সরকারকে বিপদে ফেলার অপরাধে নিশ্চিত তাকে এখন জেলে রাখার ব্যবস্থা করত। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কৌতুককর ‘গুজব তত্ত্বে’র পক্ষে ফায়ার ব্রিগেডের বড় কর্তা পুলিশের পাশে দাঁড়িয়ে সাক্ষী দিত। শিশু জিহাদ জানতেও পারল না যে, তার বাবার কত বড় উপকার করে গেল।

৮. গর্তটি করেছিল ওয়াসার ঠিকাদার। ঠিকাদার কাজ ঠিকমতো করল কি না, তা দেখার লোক আছে ওয়াসায়। যাদের জনগণের অর্থে বেতন দেয়া হয় প্রতিমাসে। তাদের বেতন এখন বেড়ে প্রায় দ্বিগুণ হচ্ছে। তারা কেউ দায়িত্ব পালন করেনি। ঠিকাদার তো দায়িত্ব পালন করেইনি।

তারা দায়িত্ব পালন করলে গর্তটি এভাবে অরক্ষিত থাকার কথা নয়। গর্ত না থাকলে জিহাদের পড়ে যাওয়ারও কথা নয়।

সুতরাং এটা কোনো দুর্ঘটনায় মৃত্যু নয়। এটা দায়িত্বজ্ঞানহীনতা এবং অসততার পরিণতিতে হত্যাকাণ্ড। শিশু জিহাদ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই হত্যার দায়ে তদন্ত করে বিচার-শাস্তি হওয়া উচিত ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদারের। তাদের বিরুদ্ধে অবশ্যই হত্যা মামলা হওয়া উচিত।

৯. হাজার হাজার মানুষ ঘটনাস্থলে জড়ো হলে যেকোনো উদ্ধার তৎপরতায় প্রতিবন্ধকতা তৈরি হয়। এক্ষেত্রেও হয়েছে। মানুষের এই অতিউৎসাহী মানসিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আবার জনমানুষই আমাদের যেকোনো দুর্যোগ মোকাবিলার সবচেয়ে বড় শক্তি। অতীতে তা বহুবার প্রমাণ হয়েছে। সুন্দরবন দুর্ঘটনায় প্রমাণ হচ্ছে। জিহাদকে উদ্ধার করতে পারা অতি সাধারণ তিনজন আরেকবার সেটা বড়ভাবে প্রমাণ করলেন।

প্রশিক্ষিত বাহিনীর লজ্জাজনক অদক্ষতা এবং মিথ্যাচারের বিপরীতে সাধারণ তিনজনের সাফল্যে প্রমাণ হলো, সাধারণ জনমানুষই বাংলাদেশের মূলশক্তি।

দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিদের অধিকাংশই অযোগ্য-অদক্ষ-আন্তরিকতাহীন-অসৎ।

১০. ভারতে প্রথম যখন নিউজ চ্যানেলের অনুমতি দেয়া হয়, নানা অরাজকতা সেখানেও দৃশ্যমান হয়েছিল। একটি গাভীর পাঁচটি বাচ্চা হয়েছিল, গোটা বিশেক চ্যানেল তা একযোগে লাইভ দেখানো শুরু করেছিল।

আমীর খান তার ‘পিপলি লাইফ’ সিনেমায় মিডিয়ার হাস্যকর, দায়িত্বজ্ঞানহীন আচরণ চমৎকারভাবে তুলে ধরেছিলেন।

আমাদের ইলেকট্রনিক মিডিয়ার বয়স খুব বেশি নয়। অনেক সীমাবদ্ধতা নিয়ে এগুচ্ছে চ্যানেলগুলো। যদিও এটা বলে রক্ষা পাওয়া যাবে না। আত্মসমালোচনা এবং সচেতন হওয়ার সময় এসেছে। নদী থেকে লাশ ওঠানোর দৃশ্য লাইভ দেখিয়ে বাহবা নেয়ার মানসিকতা গ্রহণযোগ্য নয়। জিহাদ উদ্ধার অভিযানের মতো স্পর্শকাতর ঘটনায় প্রশিক্ষণপ্রাপ্ত রিপোর্টার খুব জরুরি। প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে থেকে, গুছিয়ে কথা বলতে না পারলে নিউজ আর নিউজ থাকে না, তা ‘পিপলি লাইফ’র সেই বেদনাদায়ক তামাশায় পরিণত হয়ে যায়। কিছু ক্ষেত্রে এবার যা দেখা গেছে।

১১. প্রত্যাশা করি এমন ঘটনা যাতে আর না ঘটে। প্রত্যাশা করি রাষ্ট্রের মানবিকতা। প্রত্যাশা করি অপরাধীদের বিচার-শাস্তি। কিন্তু নিশ্চিত না হয়ে পুলিশের মন্ত্রী যখন ‘গুজব’ তত্ত্বে বিভ্রান্ত হন, তাকে বিভ্রান্ত করা যায় এবং তিনি সেটা বলে অপকর্মে পুলিশকে তাড়িত করেন, তখন জাতি রাষ্ট্র বাংলাদেশের কাছে প্রত্যাশার প্রাপ্তি- দুরাশা বলেই মনে হয়।

মনে হয় এই রাষ্ট্র ধনিক শ্রেণির রাষ্ট্র। লুটেরা-ডাকাতদের রাষ্ট্র। জিহাদরা এই রাষ্ট্রের অতি নিম্নশ্রেণির দরিদ্র প্রজা। এদের জন্যে রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই, কর্তব্য নেই। জিহাদের বাবাদের রক্ত-ঘাম-ত্যাগে প্রতিষ্ঠিত রাষ্ট্র ক্রমশ অমানবিক হয়ে উঠছে।