শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় প্রতারণার শিকার ৫০টি পরিবারের অর্থ ফেরত পাওয়ার জন্য সংবাদ সম্মেলন

Kasba brahmanbaria news, Autol- 26-12-2014শেখ কামাল উদ্দিন : কসবা উপজেলার কুটি ইউনিয়নের ভৈরবনগর গ্রামের আদম ব্যাপারী খবির আহম্মদ প্রকাশ কবির হোসেনের প্রতারণার শিকার হয়ে কুটি গৌরিপুর, ভৈরবনগর, বিটঘর, এলখাল, শিকারপুর, শরৎনগর, লেশিয়ারাসহ কয়েকটি গ্রামের প্রায় ৫০টি পরিবারের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ভুক্তভোগী পরিবারের সদস্যদের।
গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার কুটি ইয়াকুবনগর আল ফারুক কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষে কৃষ্ণ মোহন দাস, আইয়ুব আলী ভূইয়া, মো. সুরুজ ভূইয়া ও মো. রউফ মেম্বার জানান, ভৈরবনগর গ্রামের মৃত গনি মিয়ার ছেলে আদম ব্যাপারী খবির আহম্মদ প্রকাশ কবির হোসেন ওই এলাকার প্রায় ৬০ জনকে সৌদি আরবে ইয়াহিয়া তাইসান প্রতিষ্ঠানে চাকুরী দেয়ার নামে নিয়ে যায়। সেখানে তাদের কাছ থেকে পাসপোর্ট ও সৌদি রিয়াল নিয়ে যায় এবং তাদের ভিসা আর রিনিউ করেনি। ক্ষতিগ্রস্থরা জানান, তাদেরকে বিভিন্ন সময়ে ওইখানের পুলিশ দিয়ে হেনস্থা করেছেন ও জেল খাটিয়েছেন। তারা আরো জানান, তাদের ১৬ জনের কাছ থেকে  ১ কোটি ১১ লাখ ৩৩ হাজার টাকা নিয়ে যায়।
ভুক্তভোগী উজ্জল মিয়া জানান, তিনি ১৪ মাস সৌদি আরবে জেল খেটে আত্নীয় স্বজনের সহযোগিতায় দেশে ফিরে আসেন। সেখানে তাকে সৌদি পুলিশ দিয়ে তাকে ধরিয়ে নির্যাতন করেছে। সে কবির হোসেনের নিকট ১৫ লাখ টাকা পায়। তাছাড়া ভুক্তভোগী রুবেল মিয়া ১২ লাখ ৭০ হাজার টাকা, মঙ্গল দাস ৭ লাখ ৫০ হাজার টাকা, আল আমিন ২ লাখ ২০ হাজার টাকা, গৌর চান ১ লাখ ২০ হাজার টাকা, ফিরোজ মিয়া ২ লাখ ১৮ হাজার টাকা, জমসিদ মিয়া ১ লাখ ৩০ হাজার টাকা, নোয়াব মিয়া ১ লাখ ১০ হাজার টাকা, মুর্শিদ মিয়া ৫ লাখ টাকা, মো. আবদুর রউফ মেম্বার ৫০ লাখ টাকা, দ্বীন ইসলাম ১ লাখ ২০ হাজার টাকা, রাজিব হোসেন ৬৬ হাজার টাকা, রতন মিয়া ৮০ হাজার টাকা, জাকির হোসেন ১ লাখ টাকা এবং সুমন মিয়া ও বাছির মিয়া ৪ লাখ ১২ হাজার টাকা কবির হোসেনের নিকট পাওনা আছেন বলেন সাংবাদিকদের জানান। তাদের মাঝে অনেকে দীর্ঘ দিন যাবত সৌদি আরবে জেল খেটে নি:স্ব হয়ে দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছেন।
কান্না জড়িত কন্ঠে জুয়েল মিয়ার মা খাদিজা বেগম জানান, তাদের ভিটে বাড়ি বিক্রয় করে তার ছেলে জুয়েল মিয়াকে কবির হোসেনের মাধ্যমে সৌদি আরবে পাঠিয়ে তারা আজ নি:স্ব।
ভুক্তভোগী অসহায় পরিবারগুলো আদম ব্যাপারী কবির হোসেনের নিকট থেকে তাদের পাওনা টাকা পাওয়ার ব্যাপারে তার সাথে বারবার চেষ্টা করেও কার্যত কোন সাড়া পাচ্ছেনা। তারা এ ব্যাপারে স্থানীয় প্রশাসন, আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এর আশু হস্তক্ষেপ কামনা করেন। তারা জানান, আদম ব্যাপারী কবির হোসেন ঢাকা গাজীপুরে মির্জা বাড়ি নামে বিশাল আলিশান প্রাসাদে বসবাস করছেন।
এদিকে সংবাদ সম্মেলনের আহবায়ক মো. সুরুজ ভূইয়া সাংবাদিকদের জানান, কবির হোসেন তার গ্রামের বাড়ির সকল সম্পত্তি তার ছোট ভাই নবীর হোসেনের নামে পাউয়ার দলিল করে দিয়েছেন। এ ব্যাপারে কবির হোসেনের ছোট ভাই মো. নবীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার নামে কবির হোসেন ১৩ শতাংশ জায়গার পাউয়ার দলিল করে দিয়েছে। যা বিক্রি করে কুটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল কাদির এর পাওনা ৪৩ লাখ টাকা পরিশোধ করেছেন।
সংবাদ সম্মেলনে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আইয়ুব আলী ভূইয়া, সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুল কাদির, ইউপি সদস্য মো. আবদুর রউফ, মো. সুরুজ ভূইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিযুক্ত খবির আহম্মদ প্রকাশ কবির হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।