কুকুরের গলায় জাতীয় পতাকা
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবদলের এক নেতার বিরুদ্ধে কুকুরের গলায় জাতীয় পতাকা লাগিয়ে ঘুরানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার গত বুধবার রাতে অভিযুক্ত যুবদল নেতা মোঃ হুমায়ূন কবীরের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ দায়ের করেন উপজেলার বায়েক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীদুর রহমান ভূঁইয়া। অভিযুক্ত যুবদল নেতা হুমায়ূন কবীর বায়েক ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি।
এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নয়নপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
থানায় দায়ের করা অভিযোগে বায়েক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীদুর রহমান ভূঁইয়া উল্লেখ করেন, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের বেলতলি গ্রামের আবদুল বারেকের ছেলে যুবদল নেতা হুমায়ূন কবির (৩৫) গত ১৬ ডিসেম্বর সকালে বিজয় দিবসের তার পালিত একটি কুকুরের গলায় জাতীয় পতাকা লাগিয়ে বিভিন্ন এলাকা ঘুরান। এতে রাষ্ট্রের প্রতি চরম অসম্মান করা হয়েছে।
এদিকে জাতীয় পতাকা অবমাননার দায়ে দোষী যুবদল নেতা মোঃ হুমায়ূন কবীরকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নয়নপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বায়েক ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বায়েক ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আল আমিন ভূইয়া, ছাত্রলীগ সভাপতি মোঃ সাহিদুর রহমান ভূইয়া (রনি), সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ দিপু সরকার, ছাত্রলীগ নেতা তুষার, মনির, ডালিম প্রমুখ। বক্তাগণ অবিলম্বে জাতীয় পতাকা অবমাননাকারী হুমায়ুন কবিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা মোঃ হুমায়ুন কবির বলেন, এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। কে বা কারা আমার পালিত কুকুরের গলায় জাতীয় পতাকার স্টিকার লাগিয়ে এলাকা ঘুরায়। কুমিল্লায় অবস্থানকালে আমি স্ত্রীর মাধ্যমে এ খবর পাই।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় ডায়রী হয়েছে। এ বিষয়ে আরো খোঁজ নিয়ে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।











