শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রায় কার্যকর ও জামায়াত নিষিদ্ধের স্লোগানে বিজয় দিবস পালিত

2_190542ডেস্ক রির্পোট :যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর ও জামায়াতে ইসলামী নিষিদ্ধের স্লোগানের মধ্য দিয়ে পালিত হল মহান বিজয় দিবস। দিনটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা-ভালোবাসায় শহীদদের স্মরণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি, সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া, আওয়ামী লীগের বিজয় র‌্যালি, শহীদ মিনারে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগে লাখো মানুষের ঢল, বিএনপির প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং রমনা বটমূল থেকে বাংলা একাডেমি পর্যন্ত ছিল স্বাধীনতাপ্রেমীদের আনন্দমুখর পদচারণা। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দিবসটি উপলক্ষে বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করেন।

মঙ্গলবার দিনটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে ছিল উৎসবের আমেজ। বিজয় দিবসে সাধারণ ছুটির দিনে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উড়েছে। প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো সাজানো ছিল জাতীয় পতাকা ও রং-বেরংয়ের পতাকায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় রাতে আলোকসজ্জা করা হয়। এ দিনের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রগুলো প্রকাশ করে বিশেষ ক্রোড়পত্র। বেতার ও টেলিভিশনেও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হয়।মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে (পুরনো বিমানবন্দর) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয়ের এই দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৬টার পর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানান। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর।আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের নেতাকর্মীদের নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দেন শেখ হাসিনা। এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা একে একে শ্রদ্ধা নিবেদন করেন।ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। পতাকা আর ফুল হাতে জনতার ঢল নামে সৌধ প্রাঙ্গণে। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ মানুষের শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে ওঠে শহীদের স্মৃতির মিনার। তারা দৃপ্তকণ্ঠে অঙ্গীকার করেন, যে কোনো মূল্যে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করায় সর্বাত্মক সমর্থন জানানোর।স্মৃতিসৌধে ফুল দিতে দেখা যায় আবাল-বৃদ্ধা-বনিতাকে। মা-বাবার কোলে করে অনেক শিশুও এসেছিল। সবাই এক কাতারে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে প্রাণ উৎসর্গ করা মুক্তিসেনানীদের শ্রদ্ধা জানান।স্মৃতিসৌধের অনুষ্ঠান চলার মধ্যেই রাজধানীতে জাতীয় প্যারেড স্কয়ারে শুরু হয় কুচকাওয়াজ। এই কুচকাওয়াজের সঙ্গে চলে সশস্ত্র বাহিনীর বিভিন্ন মহড়া। রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রীও এ কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এদিকে পাকবাহিনীর আত্মসমর্পণের জায়গা সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রোসকোর্স ময়দান) তাদের আত্মসমর্পণের সময় ৪টা ৩১ মিনিটের মুহূর্তকে স্থায়ী রূপ দিতে দ্বিতীয়বারের মতো মঙ্গলবার বিশ্বকণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এর আগে সর্বাধিক মানুষের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত গাওয়ার বিশ্ব রেকর্ড হয়েছিল চলতি বছরের ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে। এ বছরই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বিশ্ব গাইল সেই ‘আমার সোনার বাংলা।’’৭১ সালের ১৬ ডিসেম্বর ঐতিহাসিক এ সোহরাওয়ার্দী উদ্যানেই (তৎকালীন রেসকোর্স ময়দান) যৌথ বাহিনীর কাছে আÍসমর্পণ করেছিল পাকবাহিনী। ‘বিজয় দিবস উদ্?যাপন জাতীয় কমিটি’ এর আয়োজন করে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ৪টা ৩১ মিনিটে জাতি-ধর্ম-বর্ণ, শ্রেণী-পেশা-বয়স নির্বিশেষে সবাই একসঙ্গে গাইল জাতীয় সঙ্গীত। এখানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট নাগরিকরা।বিকালেই শহীদ মিনারে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শহীদ মিনারসহ আশপাশের এলাকা হয়ে যায় লোকে-লোকারণ্য। মঙ্গলবার দিনভর সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, টিএসসি, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমিতে ছিল বিজয়ের নানা অনুষ্ঠান। এসব আনন্দমুখর অনুষ্ঠানে নানা শ্রেণীর মানুষ অংশ নেন এবং উপভোগ করেন।এদিকে বিজয় দিবসে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য শুভেচ্ছা উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফুল, মিষ্টি ও ফল পাঠান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এই উপহার পৌঁছে দেন।এছাড়া বিজয় দিবস উপলক্ষে স্মারক খাম ও ডাক টিকিটও অবমুক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে গণভবনে বিশেষ সিল ব্যবহার করে ১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের ৪৩ বছর পূর্তি উপলক্ষে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ডও প্রকাশ করেন শেখ হাসিনা।এছাড়া, বিজয় দিবসের অংশ হিসেবে বরাবরের মতোই এবারও বিজয় র‌্যালি করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটি বিকালে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে একটি সংক্ষিপ্ত সমাবেশ শেষে শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণের পর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের সামনে থেকে মিছিল সহকারে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনকে উদ্দেশ করে র‌্যালি শুরু হয়। নেতাকর্মীরা বাদ্য-বাজনা-ঘোড়ার গাড়ি, ব্যানার-প্লাকার্ডসহ র‌্যালিতে অংশ নেন।এদিকে, বিজয় দিবসে প্রয়াত প্রেসিডেন্ট ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপি।যুগান্তর ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-চট্টগ্রাম : বিজয় দিবসের প্রথম প্রহরে এবং মঙ্গলবার সকাল থেকেই সব বয়সের মানুষের সমাগম ঘটে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের। ফুলে ফুলে ভরে উঠে শহীদ বেদি। বিজয় দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নগর পুলিশের সশস্ত্র অভিবাদন প্রদানের মধ্য দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। শুরুতে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সিটি মেয়র এম মনজুর আলমের নেতৃত্বে কাউন্সিলররা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলে মানুষের বাঁধভাঙা জোয়ার নামে। এদিকে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ প্রদর্শনীর আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়া নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের নেতৃত্বে বিজয় মিছিল বের করা হয়। এর মধ্যে নগরীর নূর আহমদ সড়কে দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিকে, ব্যতিক্রমী প্রতিবাদী শোভাযাত্রা বের করেছে নগর বিএনপি। কারাগারের আদলে বাঁশ দিয়ে ছোট্ট ঘর তৈরি করে সেখানে ২০ থেকে ২৫ জন যুবকের হাতে জাতীয় পতাকা আর ফেস্টুনে লাল কালিতে লেখা গণতন্ত্র, ভোটাধিকার, যুবক, বুদ্ধিজীবী। প্রতীকী কারাগারের চারপাশে কালো কাপড়ে সাদা কালিতে লেখা আওয়ামী কারাগার। পেছনে একটি পিকআপে নেতাকর্মীরা। সামনের ব্যানারে লেখা গণতন্ত্র মুক্তি পাক।আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, মাহবুবুর রহমান শামীম প্রমুখ।এদিকে, সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছে চট্টগ্রামবাসী। মহান বিজয় দিবসে সোমবার বিকাল ৪টা ৩১ মিনিটে নগরীর চেরাগী পাহাড় মোড়ে মুক্তিযুদ্ধের পক্ষের সব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের জনতা সমস্বরে জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গেয়ে ওঠেন।রংপুর : রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ করে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা শরফুদ্দিন আহমেদ ঝন্টু ও কাউন্সিলরা। সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতারা সেখানে পুষ্পমাল্য অর্পণ করেন। জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগ, জাতীয় পার্টির জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য মোফাজ্জ্ল মাস্টারের নেতৃত্বে জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের জেলা-মহানগর কমিটির নেতাদের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।সিলেট : সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পুনর্নির্মাণের মধ্য দিয়ে নতুন জাগরণের সৃষ্টি হয়েছে। ১০ ডিসেম্বর পুনর্নির্মিত শহীদ মিনারের উদ্বোধনের মধ্য দিয়ে সিলেটে শুরু হয় সপ্তাহব্যাপী বিজয় উৎসব। যা গতকাল ১৬ ডিসেম্বর শেষ হয়। শহীদ মিনার মঞ্চে সপ্তাহব্যাপী চলে নাচ-গান, নাটক, কবিতা আবৃত্তিসহ ছড়া পাঠের আসর। মঙ্গলবার দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে নামে জনতার ঢল। পৌষের শীতকে উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সিলেটের মানুষ। ফুলে ফুলে ভরে উঠে শহীদ মিনারের বেদী। শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের নেতাদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, সিলেট সিটি কর্পোরেশন, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ করেন।শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় শোভাযাত্রা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।ওসমানীনগর : বিজয় দিবসে উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী উচ্চ বিদ্যালয় ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।খুলনা : দিবসের প্রথম প্রহরে গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও প্রত্যুষে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে খুলনায় দিবসটি সূচনা করা হয়। মুক্তিযোদ্ধা সংসদ, খুলনা সিটি কর্পোরেশন, খুলনা জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, জাসদ, বাসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সকালে খুলনা জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার আবদুস সামাদ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং আকর্ষণীয় কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীতে বিজয় র‌্যালি বের হয়।বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর বিএনপি উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সচেতন নাগরিক কমিটি, উদীচী, সম্মিলিত সাংস্কৃতিক জোট, খুলনা সিটি কর্পোরেশন, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করে।বগুড়া : যুগান্তর বগুড়া স্বজন সমাবেশ মঙ্গলবার সকালে র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছে। সকালে শহরে বড়গোলা, টিনপট্টির হোটেল পার্কের যুগান্তর বগুড়া ব্যুরো থেকে র‌্যালি বের করা হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খোকন পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে ব্যুরো কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বজন সমাবেশের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপদেষ্টা যুগান্তর বগুড়া ব্যুরো প্রধান মো. নাজমুল হুদা নাসিম, স্বজন সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন, সহ-সভাপতি এনামুল হক বাবু বিশ্বাস, যুগ্ম সম্পাদক শাহান-ই-জেসমিন ডরোথী, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর ডালিয়া খাতুন রিক্তা প্রমুখ বক্তব্য রাখেন।এদিকে বগুড়ায় ঘড়ির কাঁটা সোমবার রাত ১২টা ১ মিনিট স্পর্শ করার সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সূচনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলক মুক্তির ফুলবাড়িতে পুষ্পস্তবক অর্পণ। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, বে-সরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।বরিশাল : বরিশালে সূর্যোদয়ের পর প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পুলিশ সুপার আরআরএফ, এপিবিএন, জোনাল সেটেলমেন্ট অফিস, গণপূর্ত বিভাগ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে কীর্তনখোলার পাড়ে বধ্যভূমি অভিমুখে পদযাত্রা করেন। সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল জেলা কমান্ড। বেলা বাড়ার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসের নেতৃত্ব জেলা আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপি জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এর আগে সিটি মেয়র আহসান হাবিব কামাল পুষ্পস্তবক অর্পণ করেন।