নবীনগরে এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়
নিজস্ব প্রতিবেদক : ব্রহ্মণবাড়িয়ার নবীনগরে এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে শিক্ষকরা বোর্ডের নির্ধারিত ফি’এর চেয়ে অতিরিক্তি ফি আদায় করছেন বলে অভিযোগ মিলেছে। উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৪টি মাদ্রাসার শিক্ষার্থীদের কাছ থেকে ফি’ ও বাধ্যতামূলক কোচিংয়ের নামে চাপ প্রয়োগ করে অতিরিক্ত টাকা আদায় করা হচেছ। গত ৫ নভেম্বর থেকে এই ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে।
জানা গেছে, এসএসপি ও দাখিল পরীক্ষার এবার ফরম পূরণের জন্য বোর্ড ও কেন্দ্র খরচ বাবদ নিয়মিত পরীক্ষার্থীদের জন্য মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে এক হাজার ৩৫৫ টাকা, বিজ্ঞান বিভাগে এক হাজার ৩৮৫ টাকা নির্ধারন করা হয়েছে। অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে আরো ১০০ টকা যোগ করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ, উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ফরম পূরণবাবদ দুই হাজার ২৫০ টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান বোর্ডের ফি, কোচিং ফি, ফরম পূরণ সংক্রান্ত কাজে শিক্ষকদের শিক্ষা বোর্ডে যাতায়াত, প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ, মডেল টেস্ট, অনলাইনে ফরম পূরণের খরচসহ বিবিধ খাতে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। অথচ স্কুলে বাধ্যতামূলকভাবে কোচিং করার কোনো বিধান সরকারিভাবে নেই এবং নির্ধারিত ফি’র বাইরে টাকা নেওয়ার সুযোগ নেই। অতিরিক্ত টাকা যোগার করতে অভিভাবকরা হিমসিম খাচ্ছেন। এ ব্যাপারে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য দুলাল মিয়া বলেন,‘স্কুলে কোচিং করা হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, বিষয়টি আমরা জানিনা। আমাদেরকে অবগত করানো হয় না।’ প্রধান শিক্ষক মোসাম্মৎ কাউছার বেগমের সাথে যোগাযোগ করা হলে পরে কথা বলবেন বলে বিষয়টি এড়িয়ে যান তিনি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বশির আহম্মেদ সরকার পলাশ বলেন,‘সরকারি বিধান না থাকলেও দীর্ঘদিন ধরেই কোচিং পদ্বতি চালু হয়ে আসছে বিধায় সেই অনুযায়ীই চলছে। তাছাড়া ছাত্রছাত্রীদের প্রস্তুতি ভাল হওয়ার জন্যই কোচিং প্রয়োজন আছে। জোর করে কোচিং ফি আদায় করা হচ্ছে না। যাদের সামর্থ আছে তারা দিচ্ছেন। বোর্ডের ফি বাদেও স্কুলের আনুসাংগিক কিছু খরচের জন্য সামান্য অতিরিক্ত নেয়া হচ্ছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ বলেন, ‘বোর্ডের নির্ধারিত ফি’র বেশি টাকা আদায় করার কোন সুযোগ নেই। বিদ্যালয়ে কোচিং করার বিষয়ে সরকারি নিদের্শনা নেই। এরকম অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।’











