শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ গুন বেশী উন্নয়ন না হলে রাজনীতি ছেড়ে দেব : শাহজাহান খান

86055_sahjahan khanডেস্ক রির্পোট:খালেদা জিয়ার চোখে ছাঁনি পড়ে গেছে। এজন্যই আমাদের উন্নয়ন তার চোখে পড়ে না। জিয়াউর রহমান, আব্দুর সাত্তার, খালেদা জিয়া মিলে ১৬ বছর ক্ষমতায় ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তাদের সময়ের চেয়ে আমরা বিগত ৬ বছরে যদি ১৬ গুন বেশী উন্নয়ন না করে থাকি তাহলে রাজনীতি ছেড়ে দিব। শনিবার সকালে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রীজ সংলগ্ন বিআইডব্লিউটিএ’র ল্যান্ডিং স্টেশন এলাকায় শীতলক্ষ্যা নদীর ৪.৪৮ কিলোমিটার তীর রক্ষায় বাধ এবং ওয়াকওয়ের উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান এসকল কথা বলেন।
 
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি জামায়াত শিবিরকে সঙ্গে নিয়ে গাড়িতে বোমা মেরে মানুষ হত্যা করে, কোরআন হাদিস পুড়িয়ে, ৬০ হাজার গাছ কেটে, রেললাইন উপড়ে ফেলে মানুষ হত্যা করে শেখ হাসিনাকে উৎখাত করতে চেয়েছিল। এটা তাদের পুরনো খাসলত (স্বভাব)। ধর্মের নামে যারা আন্দোলন করে তাদের নেতা হলেন খালেদা জিয়া।
 
তিনি জামায়াত শিবিরকে সঙ্গে নিয়ে আবারো ৭১ এর ন্যায় পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করছেন। তারা নতুন করে ঢাল তলোয়ার নিয়ে মাঠে নেমে বাংলাদেশের মানুষকে সন্ত্রাসী বানানোর চেষ্টা করছে। তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ঢাল তলোয়ারের ভয় আমাদের দেখাবেন না। জনগনকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার ক্ষমতা আমাদের আছে। তিনি জনগনকে প্রস্তুত থাকার আহবান জানান।
 
যুদ্ধাপরাধীদের বিচার সম্পর্কে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার স্বচ্ছ হচ্ছে বিধায় তারা কোন সুষ্পষ্ট প্রতিক্রিয়া দেয়নি। যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশকে পাপমুক্ত করা হবে। 
 
দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে তিনি বলেন, যদি দশম জাতীয় সংসদ নির্বাচন অবৈধ হতো তাহলে সিপিএ, আইপিইউ এই দু’টি সংস্থার সভাপতি পদে কি করে একজন স্পিকার ও একজন সংসদ সদস্য নির্বাচিত হলেন।
 
তিনি আরো বলেন, যারা নদী দখল ও দূষণ করে তারা হল এই যুগের রাজাকার। কাঁচপুর ব্রীজ সংলগ্ন এলাকায় পাউবোর জায়গা নিয়ে একটি আধুনিক ইকো পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। ঢাকার চারপাশে ২১ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করা হবে যাতে করে কেউ নদী দখল না করতে পারে। ঢাকায় বিনোদনের জায়গার অনেক অভাব রয়েছে। সবাইকে আশুলিয়া নয়তো হাতিরঝিলে ছুটতে হয়। শ্যামপুরের মতো আরো বেশ কিছু ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া শহরের ৫নং খেয়াঘাটটি ইজারাদার মুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।  
 
বিআইডব্লিউটিএ’র সদস্য (প্রকৌশল) মফিজুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান, নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ সোহরাব হোসেন শেখ, বিআইডব্লিউটিএ’র সদস্য (অর্থ) মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রমুখ।