শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেমন্তেই প্রমত্তা পদ্মা শুকিয়ে মরা নদী

fileডেস্ক রির্পোট :উৎস থেকে শুরু করে গঙ্গার মাঝপথেই বেশির ভাগ পানি সরিয়ে নিচ্ছে ভারত। ফলে পর্যাপ্ত পানি ফারাক্কা পয়েন্টে পৌঁছতে পারছে না। সে কারণে বাংলাদেশকে দেয়ার মতো যথেষ্ট পানি থাকে না। 
ফারাক্কা ব্যারাজ ও উজানে পানি শুষে নেয়ায় বিরূপ প্রভাবে হেমন্তেই প্রমত্তা পদ্মা শুকিয়ে মরা নদীতে পরিণত হচ্ছে। সেই সাথে পদ্মার শাখা-প্রশাখা মাথাভাঙ্গা, কুমার, ইছামতি, গড়াই, আড়িয়াল খাঁ, মধুমতি, পশুর, কপোতা, মহানন্দাসহ অন্তত ৩৬টি নদী শুকিয়ে যাচ্ছে। পদ্মার বুকে জেগে উঠছে বিশাল বিশাল চর। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও চাষাবাদ। ব্যাহত হচ্ছে নৌযোগাযোগ। জোতদাররা মেতে উঠেছে চর দখল নিয়ে। বালু ব্যবসায়ীরা তৎপর হয়েছেন বালু মহাল দখলে। চরে গড়ে উঠছে স্থায়ী ও অস্থায়ী বসতি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত বছর এ সময়ে পাকশী পয়েন্টে পানিপ্রবাহ ছিল চার লাখ ৪০ হাজার কিউসেক। আর এ বছর তা কমে হয়েছে তিন লাখ ১৪ হাজার কিউসেক। প্রায় প্রতিদিনই এ প্রবাহ কমছে। 
প্রাপ্ত তথ্যে দেখা যায়, শুধু ফারাক্কার প্রভাবে বাংলাদেশের কৃষি, শিল্প-কারখানা সব কিছুতে মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে। মিঠাপানি ছাড়া কৃষি তথা কোনো ধরনের শিল্প-কারখানা চলতে পারে না। ফারাক্কার কারণে যশোর-খুলনা অঞ্চলে মিঠাপানির প্রবাহ কমে গেছে। ফারাক্কার কারণে পদ্মার তলদেশ ওপরে উঠে এসেছে। নদীর জীবনচক্র ধ্বংস হয়ে গেছে। জলজপ্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। এখন পদ্মায় তেমন ইলিশ পাওয়া যায় না। ইলিশের বিচরণত্রে ছিল রাজশাহী থেকে পাবনা পর্যন্ত। মাছ আসার জন্য পানিতে যে পরিমাণ প্রবাহ থাকার কথা সেটি না থাকায় এখন আর পদ্মায় ইলিশ আসে না। গাঙ্গেয় পানি ব্যবস্থায় দুই শতাধিক প্রজাতির মিঠাপানির মাছ ও ১৮ প্রজাতির চিংড়ি ছিল। সেগুলোর বেশির ভাগই এখন বিলুপ্তির পথে। 
গঙ্গা অববাহিকার আয়তনে এত বিশাল সমতল বদ্বীপ পৃথিবীতে আর কোনো নদীর নেই। এ নদীর অববাহিকায় বাস করে প্রায় ৩৩ কোটি মানুষ। গঙ্গার দুই তীরে ২৯টি প্রথম শ্রেণীর শহর রয়েছে। প্রতিটি শহরের জনসংখ্যা এক লাখের বেশি। দ্বিতীয় শ্রেণীর শহর রয়েছে ২৩টি। শহরগুলোর প্রতিটির জনসংখ্যা ৫০ হাজার থেকে এক লাখ। এ ছাড়া ৫০ হাজার কম জনসংখ্যা অধ্যুষিত শহর রয়েছে ৪৮টি। উত্তর প্রদেশের কানপুরে গঙ্গা নদীর ওপর নির্মিত হয়েছে ‘লব-কুশ ব্যারাজ’। এই বাঁধ দিয়ে ভারত প্রতিদিন ১৯ হাজার মিলিয়ন লিটার পানি সরিয়ে নিচ্ছে। এই পানি বিশুদ্ধ করে খাবার পানি হিসেবে ব্যবহার করছে। 
ভারত ২০০৫ সালে উত্তর প্রদেশের তেহারি-গাড়ওয়াল জেলায় ৪৫ কিলোমিটারজুড়ে তেহারি ড্যাম নির্মাণ করেছে। এই ড্যামে বিপুল পানি জমিয়ে রেখে বিদ্যুৎ উৎপাদন ও সেচের জন্য ব্যবহার করা হচ্ছে। তেহারি ড্যামের কার্যক্রম শুরুর পর থেকে ভাটিতে বিশেষ করে ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ অনেক কমে যায়। এ দিকে ভারতের কেন্দ্রীয় সরকার গঙ্গার উজানে আরো ১৬টি বাঁধ দেবে। এ ধরনের বাঁধ নির্মাণের কারণে ভয়াবহ বিপর্যয়ে মুখে পড়বে ভাটির বাংলাদেশ। গঙ্গার উজানে বর্তমানে প্রায় ৪০০ ড্যাম-ব্যারাজসহ বিভিন্ন ধরনের অবকাঠামো রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। 
প্রাপ্ত তথ্যে জানা যায়, সমুদ্র থেকে ৪২ ফুট উঁচুতে অবস্থিত হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্ট থেকে ভারত সীমান্ত ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভারত-বাংলাদেশ সীমান্তের ১৮ কিলোমিটার উজানে ফারাক্কা বাঁধ অবস্থিত। ভারতের গোমুখিতে ভূমিষ্ঠ হয়ে বাংলাদেশের মেঘনা সঙ্গমস্থান পর্যন্ত এক হাজার ৬৮০ মাইলব্যাপী প্রবাহিত। এই নদীতে বাঁধ দেয়া হয়েছে হরিদ্বারে। সবশেষে ফারাক্কায়। মুর্শিদাবাদ জেলা থেকে গঙ্গার মূল অংশ চলে আসে বাংলাদেশে। রাজমহল পবর্তকে অতিক্রম করে বাংলার সমতল ভূমিতে নেমে আসে। রাজমহল থেকে ৩০ কিলোমিটার পূর্বে প্রবাহিত হয়ে গঙ্গা যায় গিরিয়ায়। তারপর বিভক্ত। একটি ধারা দক্ষিণ-পূর্বে। স্থানীয়রা বলেন ভাগীরথী। আর একটি ধারা পদ্মা, যা রাজশাহী, পাবনা ও ফরিদপুর জেলা হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। গঙ্গা পশ্চিম বঙ্গের দক্ষিণে গেছে সোজা। ডাইনে বেঁকে পূর্বগামী হয়ে পৌঁছায় কাটোয়ায়। আবার পশ্চিম দিকে যায় কালনা, ব্যান্ডেল-চন্দননগর, কলকাতা, বজবজ হয়ে ফলতা। তার পর ডায়মন্ড হারবারে গিয়ে মিশেছে।
গঙ্গার নিম্ন স্রোত ধারার নাম পদ্মা। রাজশাহী চারঘাটের প্রায় ১০ কিলোমিটার ভাটিতে আলাইপুর পর্যন্ত ৫০ কিলোমিটার। চাঁপাইনবাবগঞ্জ জেলার বরাঙ্ক মোহনপুর, রানীনগর ও আলাতুলি এলাকায় নদী সম্প্রসারিত ছিল। এখন তা চরে পরিণত হয়েছে। চারঘাট থেকে নাটোরের লালপুর পর্যন্ত ৩৩ কিলোমিটার। এর পরই ঈশ্বরদীর সাহেব বাজারের পাশ দিয়ে এ নদী পাবনায় ঢোকে। পাবনা সদর, সুজানগর থানা সদর অতিক্রম করার পর বেড়া উপজেলার নতিবপুরের কাছে বারকোদালিয়া নামক স্থানে যমুনা নদীর সাথে মিশেছে। পরে মিলিত প্রবাহকে পদ্মা নামে অভিহিত করেন নদী গবেষকেরা। অবশ্য গঙ্গা বাংলাদেশে আসার পর থেকেই পদ্মা নামে পরিচিত। পাবনায় পদ্মা ১৪৫ কিলোমিটার দীর্ঘ। 
মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমায় ছাপঘাটির কাছে গঙ্গা বিভক্ত হয়ে ভাগীরথী ও পদ্মা হয়েছে। পদ্মা জলঙ্গি হয়ে নদীয়ার মধুগাড়ি পর্যন্ত আসে। এই এলাকার দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। এরপর পদ্মা বাংলাদেশে ঢোকে। পশ্চিম বাংলায় পদ্মার কোনো উপনদী নেই। শাখা নদীর মধ্যে ভাগীরথী, ভৈরব ও জলঙ্গি। পদ্মা নদীকে ঘিরে পাকশি ভেড়ামারা-সাড়া আর রায়টার একটা যুগ ছিল। রফতানির যুগ। সাড়াঘাটে নৌকা নিয়ে নেতৃত্ব চলেছে শতাধিক বছর ধরে। সেসব এখন ইতিহাস। এ অঞ্চলে রেলপথ স্থাপিত হওয়ার আগে সাড়া ও রায়টা ঘাট ছিল ভারতবর্ষের যোগসূত্র। 
হার্ডিঞ্জ সেতুর উজানে রয়েছে পদ্মার পানি পরিমাপের মিটার গেজ। এখানে বাংলাদেশ ও ভারতের পানি বিভাগের কর্মকর্তারা পানি মাপেন। ফারাক্কার ক্ষতিকর প্রভাব অনুধাবন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশ ও ভারত সরকার অ্যাডহক-ভিত্তিক চুক্তি সম্পাদন করে। চুক্তির মেয়াদ ১৯৮২ সালে শেষ হয়ে গেলে ভারত সরকার চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়নি। জেনারেল এরশাদের সামরিক সরকার ১৯৮২ সালে একটি সমঝোতা স্মারক সই করেন। তাতে ১৯৭৭ সালের চুক্তির গ্যারান্টি কজ বাদ দেয়া হয়। ১৯৮৫ সালে সমঝোতার মেয়াদ ফুরিয়ে গেলে তা ১৯৮৮ সাল পর্যন্ত বাড়ানো হয়। পরের বছরে ভারত সরকার পানি বণ্টনে আর কোনো চুক্তি করতে রাজি হয়নি। এ কারণে ভারত আট বছর গঙ্গার পানি ভোগ করে ইচ্ছে মতো। এ দিকে মরুকরণ শুরু হয় উত্তরাঞ্চলে। চুক্তিহীন অবস্থায় গড়িয়ে গড়িয়ে গড়ে যেটুকু পানি এসেছে তার পরিমাণ ১০ থেকে ১২ হাজার কিউসেক। 
অভিশপ্ত ফারাক্কা ব্যারাজের কুপ্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের পদ্মা পাড়ের মানুষ বহুমুখী সঙ্কটে নিমজ্জিত। পদ্মার অর্ধশত শাখা নদী মজে যাওয়ায় পরিবেশ হয়ে উঠেছে অস্বাস্থ্যকর। পশ্চিমবাংলার ভাগীরথী আর হুগলি নদীর প্রভাব ছেড়ে গঙ্গার পানি অপর অংশ পূর্ব দিকে পদ্মা নদী দিয়ে বাংলাদেশে চলে আসে। ভারত সরকার গঙ্গার পানি রোধে ১৯৫১ সালে মুর্শিদাবাদ জেলায় ফারাক্কা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নেয়। ১৯৭৫ সালে শুরু হয় ফারাক্কা ব্যারাজের কার্যকারিতা। এর পর থেকেই মজে যেতে থাকে পদ্মা ও শাখা নদীগুলো। 
ফারাক্কা ব্যারাজের ভাটিতে মুর্শিদাবাদের জঙ্গীপুরে আরো একটি ব্যারাজ তৈরি করা হয়েছে। এর সাথে আনুষঙ্গিক যুক্ত হয়েছে নানা লকগেট, বাঁধ প্রভৃতি। ফিডার ক্যানেলও তৈরি করা হয়। লম্বায় ৩৮ দশমিক ৩ কিলোমিটার। ফারাক্কা বাঁধ থেকে গঙ্গার পানি এই ক্যানেল পথেই ভাগীরথীতে পৌঁছে দেয়া হচ্ছে। ফারাক্কা বাঁধ প্রকল্পের মাধ্যমে ভাগীরথী-হুগলি নদীর প্রবাহ স্বাভাবিক রাখতে ফিডার ক্যানেলে দৈনিক ৪০ হাজার কিউসেক পানি ছাড়া হয়। ঠিক এ পরিমাণ পানি বহন করার ক্ষমতার কথা মনে রেখেই ফিডার ক্যানেলটি তৈরি করা হয়েছে। তবে শুষ্ক মওসুমের সময় কিছু কম পানি ছাড়তে হয়। শুষ্ক মওসুম বলতে জানুয়ারি থেকে মে মাস। তখন ফিডার ক্যানেলে পানি ছাড়ার পরিমাণ ৪০ হাজার কিউসেক থেকে কমিয়ে ৩০ থেকে ২৮ হাজার কিউসেকে নামিয়ে আনা হয়। প্রচণ্ড খরা হলে উজান থেকে গঙ্গার পানি কম বয়ে আনলে ফিডার ক্যানেলে কম পানি ছাড়া হয়। এক মজা নদীকে জীবন দিতে গিয়ে পৃথিবীতে এ পর্যন্ত যতগুলো বৃহত্তম বাঁধ তৈরি করা হয়েছে ফারাক্কা বাঁধ তাদের মধ্যে অন্যতম। 
হুগলিতে প্রবাহ আনতে গিয়ে পদ্মাকে রুগ্ণ করা হয়েছে। যশোর-কুষ্টিয়ার নদীগুলো পদ্মার সাথে সংযোগ হারিয়ে ফেলেছে। পাবনার ইছামতি, রতœাই, চন্দ্রাবতী এবং রাজশাহী ও নাটোরের কয়েকটি নদী রয়েছে। পদ্মার প্রধান শাখা নদীগুলোর মধ্যে রয়েছে মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙ্গা, কুমার, কপোতাক্ষ, পশুর ও বড়াল। নদী বিশেষজ্ঞরা বলেন, পানিপ্রবাহের মাত্রা ৪০ হাজার কিউসেক হলে নদীতে আর পলি জমতে পারে না। তলদেশও ভরাট হয় না। প্রবাহ কম বলে পদ্মার বুকে মাইলের পর মাইল চর জেগে উঠছে। 
বাংলাদেশ-ভারত গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তি ১৯৯৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার পর পানি সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে যায়। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবে গৌড়া গঙ্গা নদীর পানি বণ্টনসংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন নতুন দিল্লির হায়দরাবাদ হাউজে। ৩০ বছর দীর্ঘমেয়াদি এই চুক্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে তীব্র শুষ্ক সময়ে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি পাবে। এতে প্রতি ১০ দিনকে একটি ব্লক হিসেবে গণ্য করা হয়েছে। এই ব্লক ১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত অব্যাহত থাকবে। চুক্তিপত্রে এনেক্স ১ এ গ্যারান্টি কজ সংযুক্ত করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতি ১০ দিন পর পর ভারত ও বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি অবশ্যই পাবে। গ্যারান্টির এই বিধানটি ১ মার্চ থেকে ১০ মে সময়কাল পর্যন্ত। 
ফারাক্কা পয়েন্টে পানির প্রবাহ ৫০ হাজার কিউসেকের কম দেখা গেলে দুই দেশের সরকার তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে আলোচনা করে সমন্বয় সাধন করতে পারবে বলা হলেও কার্যত কিছুই হচ্ছে না। ভারত তার দাদাগিরি মনোভাব বজায় রেখেছে। অনুচ্ছেদ-২ এ বলা হয়েছে, উভয় পক্ষ থেকে সমানসংখ্যক সদস্য নিয়ে একটি যৌথ কমিটি গঠন করবে। এই কমিটি ফারাক্কা পয়েন্ট হার্ডিঞ্জ ব্রিজ এলাকা ও ফিডার ক্যানেল এলাকায় পানির প্রবাহ পর্যবেক্ষণের জন্য একটি টিম নিয়োগ করবে। এই টিমের উভয় সরকারের কাছে পানি প্রবাহের সংগৃহীত ডাটা-উপাত্ত পেশ করার কথা ছিল। তা যদি করত তাহলে পদ্মায় পানি প্রবাহ থাকত। 
চুক্তির প্রথম বছরে অর্থাৎ ১৯৯৭ সালে ১ জানুয়ারি সকাল ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির স্তর ছিল সাত দশমিক ২৫৫ মিটার। বিকেল ৪টায় তা কমে গিয়ে দাঁড়ায় সাত দশমিক ২৪০ মিটারে। এ দিন হার্ডিঞ্জ সেতুর ২ নম্বর পিলারে স্থাপন করা হয়েছিল অটো স্টাফ গেজ। এ ছাড়াও পানি পরিমাপের বেশ কয়েকটি যন্ত্র স্থাপন করা হয়েছিল। প্রতি বছরই বাংলাদেশ পানি পেয়েছে চুক্তির অনেক কম।
পদ্মার প্রধান শাখা নদী হলো মাথাভাঙ্গা, কুমার, ইছামতি, গড়াই, আড়িয়াল খাঁ প্রভৃতি। প্রশাখা হলো মধুমতি, পশুর, কপোতা। উপনদী একটি মহানন্দা। মহানন্দা রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় পদ্মায় মিলিত হয়েছে। পদ্মার পানি দিয়ে শুকনো মওসুমে রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর প্রভৃতি জেলায় সেচকাজ চালানো হয়। এ নদীর পানি দিয়ে প্রায় ২০ ভাগ জমির সেচকাজ চলে। বাংলাদেশের কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন েেত্র পদ্মা নদীর ভূমিকা গুরুত্বপূর্ণ।
পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নদী বিশেষজ্ঞ কামরুন নেছা জানান, বাংলাদেশের পদ্মার যে বিপুল আয়তন তাতে স্বাভাবিক প্রবাহ থাকলে প্রাকৃতিক ও পরিবেশগত বিপর্যয় সৃষ্টির কথা উঠত না। কিন্তু ভারত নেপালের কোশি থেকে শুরু করে ফারাক্কা পর্যন্ত সুদীর্ঘ পথে পানি প্রত্যাহারের যে একতরফা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাতে বাংলাদেশের বিপর্যয় অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।