শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাফুফে মিথ্যাবাদী’ ফিফার দ্বারস্থ ক্রুইফ!

45834_s2ক্রীড়া ডেস্ক :দু’টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আগামী ২২শে অক্টোবর ঢাকায় আসছে শ্রীলঙ্কা জাতীয় দল। যশোর  ও রাজশাহীতে অনুষ্ঠিতব্য ম্যাচ দু’টির জন্য স্থানীয় কোচ সাইফুল বারী টিটুর অধীনে বিকেএসপিতে অনুশীলনও শুরু করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দু’দিন আগে জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল হেড কোচ লোডইউক ডি. ক্রুইফ ও তার সহকারী রেনে কোস্টারের। ঠিক এই মুহূর্তেই বকেয়া বেতনের দাবিতে ঢাকায় না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দুই ডাচ্‌ কোচ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’কে মিথ্যা দাবি, বিশ্বাসঘাকত আখ্যা দিয়ে দ্বারস্থ হয়েছেন ফিফার। ফিফার কাছে নালিশ করেছেন বকেয়া বেতন আদায়ে সাহায্য চেয়ে।
এশিয়ান গেমসের আগেও তিন মাস নেদারল্যান্ডস ছিলেন ক্রুইফ- কোস্টার। বকেয়া বেতন পরিশোধে বাফুফে’র গড়িমসির কারণেই ফিরতে বিলম্ব করছিলেন দুই কোচ। চারমাসের বকেয়া বেতনের মধ্যে একমাসের বেতন পরিশোধ করলে দলের সঙ্গে যোগ দেন ক্রুইফ। ঢাকায় ফিরেই বাকি তিন মাসের বেতনের প্রতিশ্রুতিও আদায় করে নেন তারা। এশিয়ান গেমস চলাকালেই পরিশোধ করার কথা ছিল তাদের বকেয়া বেতন। আর্থিক সঙ্কটে থাকা বাফুফে তা করতে পারেনি। এরপরও দায়িত্ব চালিয়ে যান ক্রুইফ, তার অধীনে এশিয়ান গেমসে স্মরণকালের সেরা সাফল্য পায় বাংলাদেশ।
প্রতিশ্রুতির অর্থ না পেয়ে ইনচন  থেকে ঢাকা হয়ে দেশে ফিরে যান ক্রুইফ-কোস্টার। এরমধ্যে আরও একমাস অতিবাহিত হয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ এসে গেছে দোরগোড়ায়। এ সুযোগটাই কাজে লাগাতে চাইছেন ক্রুইফ। বাফুফেকে স্রেফ জানিয়ে দিয়েছেন বকেয়া বেতন পরিশোধ না করলে ফিরবেন না তিনি।
গতকাল সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ক্রুইফ জানান, বাফুফে তাদের কথা রাখেনি। আমি আর ওদের সঙ্গে কাজ করতে চাই না’। বাফুফেকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে ক্রুইফ বলেন, আমার চার মাসের বেতন বকেয়া রয়েছে। ঢাকায় আমাদের বাড়ি-গাড়ি, গাড়ির ড্রাইভার দেয়ার কথা। তাও আমরা পাইনি। এসব কারণেই আমি মনস্থির করেছি বাফুফের সঙ্গে আর নয়। এজন্য বকেয়া বেতন আদায়ে মঙ্গলবার ফিফার দ্বারস্থ হয়েছি। এখন দেখা যাক কি হয়? বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের সঙ্গে কথা হয়েছে জানিয়ে ক্রুইফ বলেন, আমি সোহাগের সঙ্গে ফোনে কথা বলেছি, ও আমকে পজিটিভ কিছুই জানাতে পারেনি। শুধু বলেছে, প্রেসিডেন্ট (কাজী সালাউদ্দিন) সিঙ্গাপুরে রয়েছেন। তিনি দেশে ফিরলেই তার সঙ্গে কথা বলে জানাতে পারবেন। তাছাড়া আমি সোহাগের কথার উপর ভরসা রাখতে পারছি না। এর আগেও সোহাগ বেশ কয়েকবার তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।’
এ ব্যাপারে সোহাগ বলেন, ঢাকায় ফেরার জন্য গতকালও (বুধবার) কোচের সঙ্গে কথা হয়েছে। কিন্তু বকেয়া বেতন পরিশোধ না করলে ক্রুইফ এই মুহূর্তে ঢাকায় ফিরবেন না বলে আমাকে জানিয়েছেন।’ শ্রীলঙ্কা সিরিজের আগে ক্রুইফের এমন বেঁকে বসা মোটেও ভাল চোখে দেখছে না বাফুফে।