জনসভায় আসছেন নেতাকর্মীরা,বাড়ছে ভীর
আরাফাত আহমেদ : সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আর মাত্র কয়েক ঘন্টা পর বিএনপি চেয়ারপারসন এবং ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া ব্রাহ্মণবাড়িয়া আসছেন।সার্কিট হাউজে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে শহরের স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন বলে দলীয় সূত্র জানায়।
এদিকে সকাল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। জেলার বিভিন্ন উপজেলা থেকে ট্রাক, বাস, মিনিবাস, সিএসজি চালিত অটোরিকশা এবং পায়ে হেটে সমাবেশকে সফল করার জন্য নেতাকর্মীরা আসছেন। আগতদের হাতে রয়েছে বিভিন্ন মাপের এবং বাহারি ডিজাইনের ব্যানার ফেস্টুন। তারা মিছিলের সঙ্গে সমাবেশে প্রবেশ করছেন। জেলার আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, বিজয়নগর, কসবা, আখাউড়া থেকে প্রায় দুই শতাধিক বাসে করে আসছেন নেতাকর্মীরা।
অন্যদিকে নবীনগর ও বাঞ্ছারামপুর নদীপথ হওয়ায় সেখান থেকে নৌকা ও লঞ্চ দিয়ে নেতাকর্মীরা আসছেন।সময়ের সাথে সাথে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাগম ও বাড়ছে।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় দুই লাখ লোকের সমাবেশ হবে এটি। শহরের কুমারশীল মোড় থেকে কাউতলী এলাকা পর্যন্ত সমাবেশের ব্যবস্থা নেয়া হয়েছে।











