মৃত্যু কামনার অপরাধ
আমিরজাদা চৌধুরী:সুচ ঢুকানো হয় ডান হাতের আঙ্গুলের নখের মাথায়। পেটানো হয় লাঠি দিয়ে। ব্লেড দিয়ে পোচানোর ভয় দেখানো হয়। ঘটনার শিকার নাজমুল হোসেন নোয়েল(৪৫) বলেছেন এই নির্যাতন থেকে বাচতে আমি ‘মৃত্যু কামনার অপরাধ’ স্বীকার করে নেই। নির্যাতনকারী আনসার সদস্য সহিদুল হোসেন বলেছেন-‘স্যাররা বলেছে এরো মারো,এরপর আমি তারে লাঠি দিয়ে ২/৩ টি বাড়ি দিছি। সুচ ঢুকানোর কথা মিথ্যা,হে কি চোর না ডাকাইত তারে আমি সুচ ঢুকামো। ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনের এক স্যারের সন্তানদের মুত্যু কামনার অপরাধে নির্মম এই নির্যাতনের অভিযোগ তোলপাড় সৃষ্টি করেছে। তবে সাংবাদিকদের কাছে এই অভিযোগ অস্বীকার করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সদ্য বদলী হয়ে যাওয়া জেলা প্রশাসনের এনডিসি। জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার একটি কক্ষে নোয়েলকে ২/৩ টি বাড়ি মারার কথা জানান আনসার সদস্য সহিদুল। তখন সেখানে এনডিসি ছাড়াও জেলা তথ্য অফিসার ছিলেন জানিয়ে সহিদুল বলেন এই স্যাররাই আমাকে মারতে বলেছেন। তথ্য অফিসার পুরোপুরি এ বিষয়টি অস্বীকার করেন। নোয়েলের বিষয়টি নিয়ে একজন সচিবসহ উচ্চ পদস্ত আরো কয়েকজন কর্মকর্তা জেলা প্রশাসককে ফোন করেন। জেলা প্রশাসক ড: মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন-এভাবে নির্যাতন করার কোন সুয়োগ নেই। তবে তাকে নির্যাতন করা হয়েছে আমি এই প্রথম শুনলাম। নোয়েলের পরিবারের সদস্যরা আমার সঙ্গে একাধিকবার দেখা করেছেন। কিন্তু তারাতো কিছু বলেননি। তাছাড়া আমাকে যারা ফোন করেছেন তাদের কাছ থেকেও এই অভিযোগ পাইনি। নোয়েল শহরের দাতিয়ারার মৃত দেলোয়ার হোসেনের পুত্র। ঐ এলাকাস্থ অবকাস এবং সরকারী প্রথম শ্রেনীর কর্মকর্তাদের ডরমেটরী থেকে কয়েক’শ গজ দূরত্বে তার দোকান জান্নাত জেনারেল ষ্টোর। নোয়েলের পরিবারের সদস্যরা জানান, ২০০৮ সালে আশুগঞ্জে ট্রেন দূর্ঘটনায় গুরুতর আহত হন নোয়েল। মৃত্যুপথযাত্রী ছিলেন তিনি। চোয়াল ভেঙ্গে যায়। কিছুটা সুস্থ হওয়ার পর নিজের বাসার সামনে দোকান খুলে বসেন। শারিরীক অক্ষমতায় এটিই ছিলো তার একমাত্র আয় রোজগারের পথ। স্ত্রীর সহায়তায় দোকান চলতো তার। ঐ এলাকায় বসবাসকারী সরকারী কর্মকর্তাদের অধিকাংশই সদাই কিনতে তার দোকানে যেতেন। চা খেতে যেতেন কেউ কেউ। গত ১২ ই আগষ্ট থেকে বন্ধ রয়েছে তার এই দোকান। এর নেপথ্যের বর্ননায় নোয়েল জানান, এনডিসি স্যার নিয়মিত আমার দোকান থেকে সদাই নিতেন। মাস শেষে বাকী মিটিয়ে দিতেন। মার্চের দিকে ৫ টি করে মোট ১০টি বেনসন সিগারেট নেন। এই টাকাটা বাকী ছিলো। তিনি এখান থেকে বদলী হয়ে যাচ্ছেন শুনে আমি তাকে একশ টাকা বাকী আছে বলে ফোন দেই। ঐদিন শুক্রবার ছিলো। এতে তিনি আমার ওপর বিরক্ত হন। রেগে বলেন তুমি এর আগেও ডবল ডবল টাকা নিছ। আমি সন্ধ্যায় দোকানে আসছি। পরে দোকানে এলে আমি বাকীর খাতা দেখাই। তিনি টাকা পরিশোধ করে চলে যান। এরপর আমার দোকান থেকে মালামাল নেয়া বন্ধ করে দেন। গত ১১ ই আগষ্ট বিকেলের দিকে তথ্য অফিসার আমার দোকানে আসেন। তিনি এসে স্যারের বাচ্চাদের পানিতে পড়ার বিষয়ে কথা শুরু করেন। উল্লেখ্য,এনডিসি’র ৫/৬ বছর বয়সী দু-সন্তান অবকাশ এলাকার পুকুরের পানিতে পড়ে যায় জুলাইয়ে রোজার মাসের শেষ দিকে। দ্রুত উদ্ধারে জীবন রক্ষা পায় তাদের। এ বিষয়টি আমি জানি কিনা জানতে চান তথ্য অফিসার। আমি তখন বলি শুনেছি। এজন্যে তার কাছে অনুসূচনাও করি। বলি আনসার সদস্যরা থাকায় স্যারের বাচ্চারা বাইচ্চা গেছেগা। কিন্তু তিনি স্যারের কাছে গিয়ে বলেছেন আমি নাকি তার কাছে স্যারের ছেলেদের মরন কামনা করছি। বলছি স্যারের ছেলেরা মরলো না কেন। তারা মরলে আমি মিলাদ দিতাম। এরপরই আমার ওপর বিপদ নেমে আসে। পরদিন ১২ ই আগষ্ট বেলা সাড়ে ১১ টার দিকে স্যার আমার দোকানে আসেন। সাথে ৫ জন আনসার। আনসার ছাড়াও আরো ২/৩ জন ছিলেন। দোকানের সামনের সাটার ফেলানো ছিলো। সাটার উঠিয়ে দোকানে ঢুকেন তারা। আমাকে ফ্রিজ খুলতে বলেন। ফ্রিজে মাংস দেখে তিনি জানতে চান এগুলো কেন রেখেছি। তখন আমি বলি এগুলো সিভিল সার্জন নারায়ন স্যারের। এরপর তিনি দোকানে বাসার বিদুৎত কেন ব্যবহার করছি জানতে চান। ঘন্টাখানেক পর আমাকে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। গাড়িতে স্যার আনসার সদস্য সহিদুল হোসেনকে উদ্দেশ্যে করে বলেন আমার বিষটা মজাইতে পারলামনা। অফিসে নিয়ে গিয়ে তাকে ভালো কইরা শায়েস্তা করবা। আমিতো পিটাতে পারবোনা। দোকানে থাকার সময় আনসার সদস্য সহিদুল লাঠি দিয়ে আমাকে একটি বাড়ি মারেন। গাড়িতে আরেকজন আমার দাড়ি লক্ষ্য করে স্যারকে বলেন স্যার হে মনে হয় জেএমবি। না ্অইলে এমন দাড়ি রাখছে কেন। পরে শুনেছি তিনি স্যানিটারী ইন্সপেক্টর। জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলার ঐ কক্ষটিতে নিয়ে যাওয়ার পর দেখি তথ্য অফিসার বসে আছেন। তাদের সামনেই আনসার সদস্য সহিদুল আমার ওপর চড়াও হন। তার হাতে একটি সুই ও রেজারের ব্লেড। সে আমার একটি করে আঙ্গুলে সুই ঢুকায় আর বলতে থাকে বল স্যারের ছেলের মৃত্যু কামনা করেছিস তুই। শেষ পর্যন্ত আমি স্বীকার করতে বাধ্য হই। মারধোরের পর তথ্য অফিসার বলেন-তুই আজ এখানে হওয়াতে রক্ষা পেয়েছিস। যদি ঢাকার মিরপুরে থাকতি তাইলে তোরে লেংটা কইরা বাইরাইতাম। এদিকে ঐদিনই ভ্রাম্যমান আদালত ৩ মাসের সাজা দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় নোয়েলকে। ১৯ দিন জেল হাজতে থেকে গত ৩১ শে আগষ্ট জামিনে বেড়িয়ে আসেন তিনি। তবে দোকান খোলার অনুমতি পাননি এখনো। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ছফিউর রহমান ভূইয়ার অভিযোগের ভিত্তিতেই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযোগে বলা হয় আসামী তার দোকানে রক্ষিত ফ্রিজে আইসক্রিম/পানীয়ের সাথে পচা মুরগীর মাংশ ও কাচা মাছ মোড়ক বিহীন অবস্থায় সংরক্ষন করেছেন। যা ক্রেতা সাধারনের জন্যে মারাত্বক হুমকী স্বরূপ। এতে ঐ আইসক্রিম,পানীয় ও কেক খেয়ে ক্রেতার জীবন বিপন্ন হবার কারন ঘটতে পারে। ফ্রিজের ভেতর গাড় রংয়ের আইসক্রিম পাওয়া যায়। যা বিএসটিআই’র সীল ছাড়া ও সঠিক মান নিয়ন্ত্রিত নয়। বাসগৃহে ব্যবহার্য বিদুৎত সংযোগ তার ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করে রাজস্ব ফাকি দিচ্ছেন। দোকানের লাইসেন্স ২০১০ সালের জুন পর্যন্ত নবায়ন করেছেন। আসামীর দোষ স্বীকারের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারামতে সেবা গ্রহিতার /ভোক্তার জীবন বিপন্ন করবার জন্যে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। মান ও বিএসটিআই এর সীল বিহীন পন্যসমূহ ধ্বংস করা হয়। বিদুৎত আইন ১৯১০ এর ৪২ ধারার সুস্পষ্ট লঙ্গনের জন্যে বিদুৎত বিতরণকারী কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করা হয়। তাছাড়া ব্যবসা প্রতিষ্ঠান সীলগালা করার আদেশ দেয়া হয়।
এ ঘটনার বিষয়ে সাংবাদিকরা জেলা তথ্য অফিসার মো. তারেক হাসানের কাছে জানতে চাইলে তিনি পুরো বিষয়টি এড়িয়ে যান। বলেন, তিনি (এনডিসি)এক ক্যাডারের লোক,আমি আরেক ক্যাডারের। আমি তার সঙ্গে সবসময় দূরত্ব বজায় রেখে চলি। ব্যবসায়ী নোয়েলকে নিয়ে আমি ওনার সঙ্গে কোনো কথা বলিনি। তবে শুনেছি ভ্রাম্যমাণ আদালতে নোয়েলের সাজা হয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া থেকে বদলী হয়ে যাওয়া এনডিসি নাজমুল আহসান সাংবাদিকদের বলেন- এতদিন আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম, কোন অভিযোগ ছিলনা। কিন্তু আমি ঢাকায় আসার পর এ অভিযোগ কোত্থেকে আসলো। তিনি বলেন, ওইদিন তাকে সবার সামনে এরেস্ট করা হয়েছে এবং কোর্টে এনে কাস্টরিতে দিয়ে দেওয়া হয়েছে। বাইরে নির্যাতনের কোন স্কোপ নেই উল্লেখ করে তিনি বলেন, গাড়ি থেকে আদালতে নামানোর সময় সে নামতে ছিলনা বলে এক আনসার তাকে লাঠি দিয়ে একটা বাড়ি দিয়েছে। এর বাইরে আর তাকে পেটানো হয়নি। আনসার সদস্য সহিদুল হোসেন বলেন- শুনেছি তথ্য স্যার তার দোকানের সামনে দিয়ে গাড়ি নিয়ে চলে যাচ্ছে তাকে থামিয়ে বলে টাকা দিয়ে যান। তখন তিনি টাকা দেয়ার পর টাকা চাও-বললে বলে আপনার মতো অফিসার কতো দেখছি। আবার এনডিসি স্যারের বাইচ্চারা পানিতে পড়লে সে বলেছে শালার বাচ্চারা পানিতে পড়লো,মরলো না কেন। পরে তারে কোর্টে নিয়ে যাওয়ার পর ‘স্যারেরা বলছে এরে মারো’। এরপর তারে আমি লাডি দিয়া ২/৩ টা বাড়ি দিছি। আমারে অর্ডার দিছে আমি মারছি। সুই ঢুকাইতে যামু কেন। হেতো চোর-ডাকাত-কেউ না। এইটা মিথ্যা কথা। সহিদুল একথা বললেও নোয়েলের ডান হাতের ৪ টি আঙ্গুলের ক্ষত নির্যাতনেরই স্বাক্ষ্য দিচ্ছে। ৪ টি নখই মরে গেছে। সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ছফিউর রহমান ভূইয়া বলেন- আমি ফোন পেয়ে সেখানে যাই। গিয়ে দেখি স্যার দোকানে রয়েছেন। ঐদিন দাতিয়ারা এলাকার আর কোন দোকানে তারা যাননি বলে জানান। তিনি নোয়েলকে জেএমবি বলে মন্তব্য করেননি বলেও জানান। ঘটনাটি পরিবারের সদস্যরা তাদের আত্বীয় স্বজন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাদের জানানোর পর তারা জেলা প্রশাসককে ফোন করেন এবং বিষয়টি দেখতে বলেন। যাদের মধ্যে একজন সচিব এবং বিভাগীয় কমিশনার রয়েছেন। এরপর নোয়েলের বড় ভাই মোশাররফ হোসেন টিটো এবং ভাবী নারগিস বেগম একাধিকবার জেলা প্রশাসকের সঙ্গে স্বাক্ষাত করেন। এবিষয়ে জেলা প্রশাসক ড: মুহাম্মদ মোশারফ হোসেন বলেন আমাকে সচিব সহ উচ্চ পদস্থ অনেক সরকারী কর্মকর্তা ফোন করেছেন। এরপর আমি গভীরে গিয়ে খোজখবর নেই। কিন্তু তাকে নির্যাতন করা হয়েছে এমন তথ্য কারো কাছ থেকে পাইনি। পরিবারের সদস্যরা আমার কাছে একাধিকবার এসেছেন। তারাও আমাকে কিছু বলেননি। আর এভাবে মারধোর করার কোন সুযোগ নেই। আমার কাছে তাদের অভিযোগ দেয়ার সুযোগ ছিলো। কিন্তু তারা কেন দিলোনা। আপনাদের কাছ থেকেই এধরনের অভিযোগ প্রথম শুনলাম। জেলা প্রশাসকের সঙ্গে ঘটনার পর স্বাক্ষাত করতে যাওয়া নোয়েলের ভাবী স্কুল শিক্ষিকা নারগিস বেগম বলেন- তাকে নিয়ে যাওয়ার পর আমরা সেখানে গিয়ে প্রথমে তাকে খোজে পাচ্ছিলামনা। এরপর নকল পাচ্ছিলামনা। শুনেছি কোন অফিসার তার ড্রয়ারে সবকিছু তালা দিয়ে রেখেছেন। এই অবস্থায় আমরা জেলা প্রশাসকের কাছে নোয়েলকে নির্যাতন করা হয়েছে এই কথা বলে বিপদ বাড়াতে চাইনি। কারন উনি তার অফিসারের পক্ষেই থাকবেন-এটাই স্বাভাবিক। অবশ্য নকল পাচ্ছিনা এটি আমরা জেলা প্রশাসককে জানিয়েছি। এরপর উনি নকল পাওয়ার ব্যবস্থা করে দেন। নোয়েলকে ১২ ই আগষ্ট জেল হাজতে পাঠানো হলেও নকল হাতে পান তারা ২১ শে আগষ্ট। এরপর ৩১ শে আগষ্ট তার জামিন হয়। এই ঘটনায় এখনো ভয়ে-ভীত নোয়েলের পরিবার।












