সংবিধান সংশোধন বিল পাস
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিতে বহুল আলোচিত সংবিধানের ষোড়শ সংশোধনের বিল গতকাল বুধবার পাস হয়েছে। বিলটি পাসের ফলে বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনর্বহাল হবে বর্তমান সংবিধানে। তবে কোন বিচারপতিকে অপসারণ করতে হলে তার বিরুদ্ধে অসদাচরণ বা অসামর্থ্যরে অভিযোগ বিশেষ কমিটির তদন্তে প্রমাণিত হতে হবে। তদন্ত কমিটি গঠনের জন্য দ্রুততম সময়ের মধ্যে এ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে। তারপর সংবিধানে পুনর্বহাল হওয়া ৯৬ অনুচ্ছেদ কার্যকর করা সম্ভব হবে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক ‘সংবিধান (ষোড়শ সংশোধন)বিল, ২০১৪ পাসের সুপারিশ করলে প্রথমে তা কণ্ঠ ভোট এবং পরে এমপিদের বিভক্তি ভোটে পাস হয়। এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদসহ অধিকাংশ এমপি উপস্থিত ছিলেন। এ বিলটি পাসের সময় সংসদের দর্শক ও ভিআইপি গ্যালারি কানায় কানায় পূর্ণ ছিল।
স্বতন্ত্র সংসদ সদস্যসহ মোট ১৫ জন জনমত যাচাই-বাছাই এবং ৩০টি সংশোধনী প্রস্তাব দেন। প্রস্তাব নিয়ে দীর্ঘ আলোচনা হলেও পরে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পরে সংসদের লবিতে স্থাপিত বুথে গোপন ব্যালটে বিভক্তি ভোটে বিলটি পাস হয়।
সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশর এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জাসদের মইনউদ্দীন খান বাদল, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী, হাজি মো. সেলিম, পীর ফজলুর রহমান, তাহজীব আলম সিদ্দিকী প্রমুখ এমপি বিলের ওপর কয়েকটি সংশোধনী প্রস্তাবের ওপর বক্তব্য রাখেন।
তবে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিলের পক্ষে বক্তব্য দেয়ার সময় যান্ত্রিক গোলযোগের কারণে এরশাদের মাত্র কয়েক মিনিট বক্তব্য সম্প্রচার হয়। কিন্তু রওশন এরশাদের কোনো বক্তব্য সম্প্রচার করা সম্ভব হয়নি।
বিলে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, একজন বিচারক সাতষট্টি বছর পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যরে কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশে কোনো বিচারককে অপসারণ করা যাবে। বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করবে। এ ছাড়া কোনো বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করতে পারবেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারকে যথাক্রমে অভিশংসন, পদত্যাগ ও অপসারণ সম্পর্কিত ১৯৭২ সালের বিধান অপরিবর্তিত থাকলেও বিচারকের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত, যা সংবিধানের ৯৭ অনুচ্ছেদের চেতনার পরিপন্থী। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত সংসদে রাষ্ট্রের অন্যান্য অঙ্গের মতো উচ্চ আদালতের বিচারকদের জবাবদিহির নীতি বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে বিদ্যমান আছে। বিলটি আইনে পরিণত হলে স্বাধীন বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধির কাছে বিচার বিভাগের জবাবহদিহি থাকা সংক্রান্ত সংবিধানের মৌলিক কাঠামো সমুন্নত থাকবে।
বিল বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব : সংবিধান সংশোধন বিলটি বাছাই কমিটিতে পাঠিয়ে রিপোর্ট প্রদানের জন্য প্রস্তাব করেন মোট ৮ জন সংসদ সদস্য। এর মধ্যে মো. রুস্তম আলী ফরাজী চলতি বছর ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৫ জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত একটি বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন। একই প্রস্তাব করেন স্বতন্ত্র তাহজীব আলম সিদ্দিকী, জাতীয় পার্টির এম এ হান্নান, ইয়াহইয়া চৌধুরী ও মো. আবদুল মতিন এবং বিএনএফ’র এস এম আবুল কালাম আজাদ। এছাড়া ৩ সদস্যের কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন জাতীয় পার্টির বেগম রওশন আরা মান্নান। আর ৬ জন সংসদ সদস্যের সমন্বয়ে গঠিত বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম।
বিলটি জনমত যাচাইয়ের প্রস্তাব : বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব করেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দীন আহমেদ বাবলু, কাজী ফিরোজ রশীদ, মো. আবদুল মতিন, নুরুল ইসলাম মিলন, পীর ফজলুর রহমান, এম এ মান্নান, বেগম রওশন আরা মান্নান ও ইয়াহইয়া চৌধুরী, জাসদের মইনউদ্দীন খান বাদল, বিএনএফ’র এস এম আবদুল কালাম আজাদ এবং স্বতন্ত্র সদস্য মো. রুস্তব আলী ফরাজী, হাজী মো. সেলিম ও তাহজীব আলম সিদ্দিকী।
দফায় সংশোধন প্রস্তাব: সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪ সম্পর্কে স্থায়ী কমিটির রিপোর্টের ১ দফায় সংশোধনী এনেছেন মোট ৩ জন সংসদ সদস্য। এদের মধ্যে রুস্তম আলী ফরাজী বিচারপতিদের বয়স ৭০ বছর করা প্রস্তাব করেছেন। এছাড়া হাজী মো. সেলিম ও এম এ হান্নান দফা ১ এর উপর সংশোধনী আনেন। দফা ২ এর ওপর সংশোধনী এসেছে মোট ২৭টি।
স্বতন্ত্র সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজী দফা ২ এ প্রস্তাব করেন, ‘বিচারকদের বিরুদ্ধে অসদাচরণ ও অসামর্থ্যরে কোন প্রস্তাব সংসদে উত্থাপিত হলে সংসদের ন্যূনতম ১০০ জন সদস্যের উক্ত প্রস্তাবের পক্ষে সমর্থন থাকলে প্রস্তাবটি সরাসরি সংসদ কর্তৃক গঠিত জাজেজ ইনকোয়ারি কমিশনে প্রেরিত হবে এবং সংসদ উক্ত কমিশনের তদন্ত রিপোর্টের মাধ্যমে প্রমাণিত অসদাচরণ ও অসামর্থ্যরে কারণে সংসদের মোট সদস্যের সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে প্রদত্ত রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোন বিচারপতিকে অপসারণ করা যাবে না।’
তিনি দফা (২) এর প্রস্তাবিত উপ-দফা (৪) এর পর নতুন উপ-দফা (৫) সন্নিবেশের প্রস্তাব করেন। রুস্তম আলী ফরাজী তার প্রস্তাবিত ৫ উপ-দফায় বলেন, ‘এই আইনটি কার্যকর হবার পর অনতিবিলম্বে উচ্চ আদালতের বিচারকদের নিয়োগের নীতিমালা তৈরী করা লক্ষ্যে ‘বিচারক নিয়োগ কমিশন’ গঠন করিবেন।’
এছাড়া সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, মুস্তফা লুৎফুল্লাহ, টিপু সুলতান, শেখ হাফিজুর রহমান, ইয়াসিন আলী, নাজমুল হক প্রধান এবং শিরীন আখতার বিলের ২ দফায় প্রস্তাবিত উপ-দফা (৩) এর তৃতীয় পঙক্তিতে অবস্থিত ‘নিয়ন্ত্রণ করিতে পারিবেন’ শব্দাবলীর পরে ‘এবং একই সঙ্গে সংসদ বিচারক নিয়োগের নীতিমালা প্রণয়ন করিতে পারিবেন’ শব্দাবলী সন্নিবেশের প্রস্তাব করেন।
সংসদ সদস্যরা যা বলেন : স্বতন্ত্র সাংসদ হাজী সেলিম সংবিধান সংশোধন বিলটি পাসের আগে বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব করেন। এছাড়া বিএনএফ এর সাংসদ আবুল কালাম আজাদ বিলটির সমর্থন করলেও একই সঙ্গে বিলটি পাসের আগে জনমত যাচাই এর প্র্রস্তাব দেন। জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী তড়িঘড়ি করে বিলটি পাস না করে সংসদের বাছাই কমিটির মাধ্যমে আরো যাচাই বাছাই এর প্রস্তাব দেন। জাসদ এর মাইন উদ্দিন খান বাদল এই বিলটির যারা সমালোচনা করছেণ তাদের সমালোচনা করে বলেন, তারা বিরোধিতা করলেও বলছেন না বিলটি কোথায় অসঙ্গতি রয়েছে। তিনি বলেন জবাবদিহিতার ঊর্ধ্বে একমাত্র আল্লাহ। তাই বিলটি জনমত যাচাই এ পাঠালেও একই উত্তর ফেরত আসবে।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর ‘সংবিধান (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’ সংসদে উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য এক সপ্তাহ সময় দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। সংসদীয় কমিটি দুটি বৈঠকের পর বিল নিয়ে তাদের সুপারিশসহ প্রতিবেদন রোববার সংসদে উপস্থাপন করে।
১৯৭২ সালে সংবিধান প্রণয়নের সময় উচ্চ আদালতের বিচারকদের পদের মেয়াদ নির্ধারণ ও তাদের সরানোর ক্ষমতা সংসদের হাতে ছিল। ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনীর পর এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে যায়। চতুর্থ সংশোধনী বাতিল হলে জিয়াউর রহমানের সামরিক সরকারের আমলে এক সামরিক আদেশে বিচারপতিদের অভিশংসনের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়। এখন আবার সংসদ অর্থাৎ আইন প্রণেতাদের হাতে বিচারকদের সরানোর ক্ষমতা ফিরছে। এই আইন তিন মাসের মধ্যে কার্যকর হবে বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন। ভোরের কাগজ











