শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকে ব্যাপক মার্কিন হামলা

iranআইএসের (ইসলামিক স্টেট) বিরুদ্ধে জোট গঠনের পর ইরাকে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পক্ষে থেকে মঙ্গলবার জানানো হয়েছে, গত দুই দিন ধরে দক্ষিণ-পশ্চিম বাগদাদ ও সিনজার পর্বতে হামলা চালানো হয়েছে। খবর বিবিসি ও আলজাজিরার।
ইরাকি বাহিনীর অনুরোধ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমতির পরিপ্রেক্ষিতেই এ হামলা পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড।
গত আগস্ট থেকে ইরাকে শুধু মার্কিন কর্মকর্তাদের নিরাপত্তা ও শরণার্থীদের উদ্ধারে আক্রমণ পরিচালনা করে আসছিল দেশটি। এই প্রথমবারের মতো আইএস যোদ্ধাদের ওপর ব্যাপক আকারে হামলা শুরু করল যুক্তরাষ্ট্র।
এবারের অভিযানে এ পর্যন্ত ১৬২টি বিমান হামলা চালিয়েছে দেশটি।
এর আগে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বৈঠকে ইরাক ও সিরিয়ায় আইএসকে দমনে ৩০টি দেশ হামলায় সহযোগিতার ব্যাপারে সম্মত হয়েছে। এর মধ্যে সৌদি আরবসহ ১০টি আরব রাষ্ট্র রয়েছে।
বৈঠকে ফ্রান্স প্রথম দেশ হিসেবে অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি অংশগ্রহণের কথা ব্যক্ত করেছে। তাদের গোয়েন্দা বিমান ইতোমধ্যে ইরাকে অভিযান শুরু করেছে। এ ছাড়া যুক্তরাজ্যও আইএসের বিরুদ্ধে কঠোরতার ঘোষণা দিয়েছে।
তবে ওই বৈঠকে ইরানকে আমন্ত্রণ না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছে ইরাক সরকার।
প্রসঙ্গত, ইরাক ও সিরিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে খিলাফতের ঘোষণা দিয়েছে আইএস। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর মতে, সংগঠনটিতে ২১ হাজার থেকে ৩০ হাজার যোদ্ধা রয়েছে।