শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবারের কর্মসূচিতে যোগ দিচ্ছে হেফাজত

প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বে ১৮ দলীয় জোটের রবিবার ঢাকা অভিমুখে ‘মার্চ ফর ডেমোক্রেসি' কর্মসূচি নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ৷ কি হবে ওই দিন? আবারও কি দেশ বড় ধরনের কোনো সহিংসতার দিকে যাচ্ছে?

hefazat2912এর মধ্যে জানা গেছে, কর্মসূচিতে যোগ দিচ্ছে আলোচিত ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম৷ তবে সংগঠনের কেন্দ্রীয় নেতারা বিষয়টি সরাসরি স্বীকার করেননি৷ তাঁরা বলছেন, বিচ্ছিন্নভাবে নেতাকর্মীরা ঢাকায় আসছেন, কেন্দ্রীয়ভাবে নয়৷

হেফাজতের ঢাকায় আসার তথ্যে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও৷ পুলিশ বলছে, জাতীয় পতাকার আড়ালে কাউকে লাঠিসোঁটা বহন করতে দেয়া হবে না৷ গোয়েন্দাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে, সে অনুযায়ী পদক্ষেপ নেবে পুলিশ৷

হেফাজত নেতার বক্তব্য

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সেলের প্রধান মাওলানা আহলুল ওয়াসেল বলেন, বিএনপির এই কর্মসূচিতে হেফাজতে ইসলাম সরাসরি অংশ নেবে না৷ কেন্দ্র থেকে তেমন নির্দেশনাও দেয়া হয়নি৷ তবে কেউ যদি স্বেচ্ছায় তাতে যোগ দেন, তাহলে দিতে পারেন, তাদের নিষেধ করা হবে না৷ অনেক নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় আসতে শুরু করেছে – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা এসেছেন বা আসছেন তারা সমাবেশে যোগ দিতে চাইলে দিতে পারে৷ কিন্তু কেন্দ্রীয় নেতারা সমাবেশে যাবেন না৷

তবে খোঁজ নিয়ে জানা গেছে, দেশের বিভিন্নস্থান থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে আসছেন৷ কুষ্টিয়া থেকে বিএনপির পাশাপাশি হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা আসতে শুরু করেছেন৷ হেফাজতের কুষ্টিয়া জেলার সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল সাংবাদিকদের বলেছেন, সংগঠনের উচ্চপর্যায়ের নির্দেশে নেতা-কর্মীরা বাস-ট্রেনে ঢাকা যাচ্ছেন৷ শুধু কুষ্টিয়া থেকে তাদের প্রায় তিন হাজার নেতা-কর্মী কর্মসূচিতে যোগ দেবেন৷ বিএনপির কর্মসূচিতে হেফাজত কেন যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘জালেম সরকারের বিরুদ্ধে আলেমরা অভিযাত্রায় যাচ্ছে৷''

পুলিশের বক্তব্য

ঢাকা মেট্টোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (গোয়েন্দা) মনিরুল ইসলাম বলেন, হেফাজতের নেতাকর্মীরা ইতিমধ্যে ঢাকায় আসতে শুরু করেছে এমন তথ্য তাঁরাও পেয়েছেন৷ হেফাজত যেন কোনো ধরনের নাশকতা করতে না পারে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে৷ বিশেষ করে লাঠিসোঁটা বা আগ্নেয়াস্ত্র যাতে কেউ বহন করতে না পারে সেদিকে বিশেষ নজর দিচ্ছে পুলিশ ও গোয়েন্দারা৷ বিরোধী দলের নেতাকর্মীদের গণ গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, এই ধরনের কোনো গ্রেফতার হচ্ছে না৷ নির্বাচন উপলক্ষ্যে যৌথবাহিনী অভিযান চালাচ্ছে৷ বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে দেড়শ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী৷ নির্বাচনকে নির্বিঘ্ন করতে এই অভিযান বলে জানান তিনি৷

এদিকে, বিরোধী দলের কর্মসূচিতে পুলিশ অনুমতি দেবে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, ঢাকা মেট্টোপলিটন পুলিশ সব কিছু বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে৷ তবে কর্মসূচির নামে কাউকে ধ্বংসযজ্ঞ চালাতে দেয়া হবে না, বলে উল্লেখ করেন তিনি৷

বিএনপির অভিযোগ

মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে ঘিরে গণ গ্রেফতার শুরু করেছে পুলিশ – এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব) মাহবুবুর রহমান৷ তিনি দাবি করেন, সরকার প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে৷ শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি৷

মাহবুবুর রহমান বলেন, সরকার যত বাধাই দিক না কেন ২৯ ডিসেম্বর ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রেসি' নামে ঢাকা অভিমুখে অভিযাত্রা অব্যাহত থাকবে৷ হামলা, মামলা দিয়ে শত চেষ্টা করেও অতীতের কোনো সরকার বিরোধী দলের আন্দোলন দমন করতে পারেনি, ভবিষ্যতেও এই সরকার পারবে না৷ তারা বিরোধী দলের আন্দোলন কর্মসূচি দমন করতে গিয়ে সারা দেশটাকে আজ অবরুদ্ধ করে ফেলেছে৷ তাই জনতার বিজয় হবেই৷

মিছিলের চেষ্টা

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর রাজধানীর সেগুনবাগিচা এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের মিছিলের চেষ্টায় পুলিশ বাধা দিলে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও বোমাবাজির ঘটনা ঘটেছে৷ এ সময় পুলিশ তাদের ধাওয়া দিলে শুরু হয় ছোটোছুটি৷ এক পর্যায়ে হিজবুতকর্মীরা বেশ কয়েকটি হাতবোমা ফাটিয়ে আশেপাশের গলিতে ঢুকে পড়ে৷ হিজবুতকর্মীরা প্রধান সড়ক থেকে সরে গেলেও আশেপাশের বিভিন্ন গলিতে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া, পাল্টা-ধাওয়া চলে৷ এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে৷

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা