৪ বছর পর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, সংঘর্ষে আহত ১০

news-image

শরীয়তপুর প্রতিনিধি : দীর্ঘ চার বছর পর শরীয়তপুর জেলা ছাত্রদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন করা হয়।

ওই কমিটি ঘোষণার পরপরই দুই পক্ষের মাঝেই শুরু হয় পাল্টাপাল্টি বিরোধ। ঘোষণার পরপরই একটি অংশ আনন্দ মিছিল করে এবং আরেকটি অংশ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। পরে পালং থানার সামনে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। এতে পথচারীসহ অন্তত ১০ জন আহত হন।

শরীয়তপুর জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, ২০২১ সালে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি ভেঙে দেওয়া হয়। চার বছর পর আজ এইচ এম. জাকিরকে আহ্বায়ক এবং মো. সোহেল তালুকদারকে সদস্যসচিব করে শরীয়তপুর জেলা ছাত্রদলের ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদল। কমিটিতে ১৬ যুগ্ম আহ্বায়ক ও ১৭ সদস্যসহ মোট ৩৫ জন স্থান পায়।

কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর বেলা ১১টার দিকে ছাত্রদলের একটি অংশ শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে এবং মাদারীপুর-শরীয়তপুর সড়কের কোর্ট এলাকায় বসে পড়ে সড়ক অবরোধ করে। বিক্ষোভকারীদের হাতে লাঠি, ঝাড়ু ও জুতা দেখা যায়। অপর অংশ বিকেল ৬টার দিকে কমিটির পক্ষে আনন্দ মিছিল বের করে এবং বিপক্ষ গ্রুপ লাঠি-সোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে।

এ সময় পালং থানার সামনে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক পান্থ তালুকদার অভিযোগ করে বলেন, ‘যারা দীর্ঘ দিন মামলা-হামলার মধ্যে থেকেও ছাত্রদলের জন্য কাজ করেছে, তাদের মতামত উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে। একজন বিবাহিত, চাকরিজীবী ও বয়স্ক ব্যক্তিকে আহ্বায়ক করার চেয়ে প্রহসন আর কিছু হতে পারে না।’

নতুন কমিটির আরেক যুগ্ম আহ্বায়ক ইসাহাক সরদার বলেন, ‘কমিটিতে অনেকেই এখন ছাত্রই নন। যাকে আহ্বায়ক করা হয়েছে, তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমন বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে, নতুবা আমরা আরও কঠোর কর্মসূচির দিকে যাব।’

শরীয়তপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি বাবু মাদবরও বিক্ষোভে অংশ নিয়ে একই ধরনের অভিযোগ করেন।

এ বিষয়ে নতুন কমিটির আহ্বায়ক এইচ এম জাকির বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে শরীয়তপুর জেলা ছাত্রদলের কোনো কমিটি ছিল না। সংগঠনের অচলাবস্থা কাটিয়ে মেয়াদোত্তীর্ণ ইউনিট কমিটি গঠন এবং সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করাই আমাদের মূল দায়িত্ব। নতুন কমিটি ঘোষণার পর কেউ কেউ কাঙ্ক্ষিত পদ না পেয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় থানার ভিতর দিয়ে বিভিন্ন স্থানে পালিয়ে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি