স্বাধীনতা দিবস দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে: প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জীবনে সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।

আগামীকাল ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে আজ বুধবার দেওয়া এক বাণীতে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশের সর্বস্তরের জনগণসহ প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

তিনি বলেন, ‘২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সূর্যসন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। একই সঙ্গে আমি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা, বোন ও স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি এবং সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমির অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করতে হবে।’

তিনি বলেন, ‘আসুন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করি। একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করি।’

প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

 

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা