রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত ৯

news-image

অনলাইন ডেস্ক : টানা ভারী বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও শহরের পৃথক চারটি পাহাড়ধসের ঘটনায় নারী ও শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৮ জন রোহিঙ্গা এবং একজন স্থানীয় বাসিন্দা। এছাড়া অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আরও ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ি এলাকাগুলোতে নতুন করে পাহাড়ধসের ঝুঁকি তৈরি হয়েছে। প্রশাসন, ফায়ার সার্ভিস ও রোহিঙ্গা স্বেচ্ছাসেবকেরা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছেন।

সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। গভীর রাতে পাহাড়ধসে একই পরিবারের পাঁচ সদস্য মাটিচাপা পড়েন। উদ্ধারকাজ শেষে চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এর আগে উখিয়ার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে একরাম নামে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়। একই রাতে ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পে আরেকটি পাহাড়ধসে মোহাম্মদ কামাল হোসাইন, তার স্ত্রী হুমায়রা বেগম এবং তাদের চার বছরের ছেলে আনাস নিহত হন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ভোরে কক্সবাজার শহরের ছাত্তারঘোনা এলাকায় পাহাড়ধসে একটি বসতঘর বিধ্বস্ত হলে স্থানীয় বাসিন্দা আলী আকবর নিহত হন। তার স্ত্রী ও ছেলে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, রাতভর অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ক্যাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বর্ষণের কারণে বিভিন্ন পাহাড়ি ঢাল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

টানা বৃষ্টির কারণে কক্সবাজারজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে আরও দুর্ঘটনার আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি

মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে সংঘর্ষ, তিন মামলায় ২৬ জন কারাগারে