বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন
বরিশাল ব্যুরো : বরিশাল নগরীর বটতলা এলাকায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসভবনের নিচতলায় থাকা নিরাপত্তাকর্মীর কক্ষ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মূল ভবনে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে একদল বিক্ষুব্ধ ব্যক্তি বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে জানালার কাচ ভেঙে যায়। পরে নিচতলায় থাকা নিরাপত্তাকর্মীর কক্ষে আগুন দেওয়া হয়। একই সঙ্গে বাসার সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও অগ্নিসংযোগ করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, নানকের বাসভবনে আগুন দেওয়ার খবর তিনি শুনেছেন। তবে ঘটনার বিস্তারিত তথ্য তখনো তার কাছে পৌঁছায়নি।
উল্লেখ্য, গোপালগঞ্জে থানা ও বিএনপি নেতাদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলা ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।











