ঘরের টাকা আবার ব্যাংকে ফিরছে

news-image

জিয়াদুল ইসলাম
ঘরের টাকা আবার ব্যাংকে ফিরতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু জুলাই মাসেই মানুষের হাতে থাকা নগদ অর্থের প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যাংকে ফিরেছে। এতে আমানতে বেশ গতি এসেছে। গত এপ্রিল থেকে জুন তিন মাসেই আমানত বেড়েছে প্রায় ৭৩ হাজার কোটি টাকা। এর আগে টানা দুই মাস ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ অর্থ বেড়েছিল। মূলত সুদের হার বৃদ্ধি, সুশাসন ফেরানোসহ বাংলাদেশ ব্যাংকের নানা পদক্ষেপে ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা আবার ফিরতে শুরু করেছে। এতে ব্যাংকের বাইরে নগদ অর্থের স্থিতি কমার সঙ্গে আমানত পরিস্থিতিরও উন্নতি হতে শুরু করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কোরবানির ঈদে গরু কেনাসহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় মে ও জুন মাসে মানুষ নগদ টাকার ওপর বেশি নির্ভর করেছিল। সেই সঙ্গে দুর্বল কয়েকটি ব্যাংক একীভূত করার ঘোষণায়ও অনেকে ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখেন। তবে জুলাই মাসে ব্যাংক খাতে টাকার প্রবাহ বৃদ্ধি বাজারে স্বস্তির বার্তা দিয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির উন্নতি হবে এবং ঋণ দেওয়ার সক্ষমতা বাড়বে।

শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতে নানা অনিয়ম ও লুটপাট হয়েছে, যা নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সামনে আসে। এতে বেশ কয়েকটি ব্যাংকের প্রতি মানুষের আস্থার সংকট তীব্র আকার ধারণ করেছিল। ফলে সেসব ব্যাংক থেকে টাকা তোলার চাপ ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। তবে গত বছর সেপ্টেম্বর মাস থেকে সেই প্রবণতা কমতে থাকে এবং ঘরে রাখা টাকা ব্যাংকে ফিরতে শুরু করে। অবশ্য দুই ঈদের আগে (মার্চ এবং মে) নগদ টাকা তোলার প্রবণতা বেড়ে যায়। সর্বশেষ জুন মাসেও টাকা তুলে ঘরে রাখার প্রবণতা দেখা যায়। তবে জুলাই মাসে সেই প্রবণতা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, গত জুলাই মাস শেষে ব্যাংকিং ব্যবস্থার বাইরে নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৯৪ কোটি টাকা। এক মাস আগে জুনে যার পরিমাণ ছিল ২ লাখ ৯৬ হাজার ৪৫১ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ব্যাংকের বাইরে নগদ টাকা কমেছে ৯ হাজার ১৫৭ কোটি টাকা বা ৩ দশমিক ০৯ শতাংশ। এর আগে মে ও জুন মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ বেড়েছিল। এর মধ্যে মে মাসে ১৬ হাজার ৪১২ কোটি টাকা ও জুন মাসে ২ হাজার ৬৭৩ কোটি টাকা বাড়ে। এ ছাড়া রোজার ঈদের কারণে গত মার্চ মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়েছিল প্রায় ২৫ হাজার কোটি টাকা। তবে এপ্রিলে আবার ব্যাংকের বাইরে নগদ অর্থ কমেছিল প্রায় ১৯ হাজার ৬৫ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, গত মার্চ মাসের আগে টানা ছয় মাস ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ কমেছিল। তবে ওই কমার পরিমাণ ছিল খুবই কম। ওই ছয় মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ কমেছিল ২০ হাজার ৯৩৯ কোটি টাকা। তার আগে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত টানা ১১ মাস ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ বেড়েছিল।

কমেছে ছাপানো টাকার স্থিতি : এ সময় ছাপানো টাকার (রিজার্ভ মানি) স্থিতিও কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত জুনে ব্যাংক খাতে ছাপানো টাকার পরিমাণ ছিল ৫ লাখ ১ হাজার ১৬৭ কোটি টাকা, সেটা জুলাইতে কমে হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৪৬ কোটি টাকা। এক মাসে ছাপানো টাকার স্থিতি কমেছে ৪ দশমিক ৮৭ শতাংশ।

আমানত পরিস্থিতির উন্নতি : বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ২৩ হাজার ৫০৪ কোটি টাকা। সেটা জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে (এপ্রিল-জুন) ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় ৭৩ হাজার ৭৮ কোটি টাকা। আগের তিন মাসে (জানুয়ারি-মার্চ) বেড়েছিল ৩৯ হাজার ৭৯৩ কোটি টাকা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি