এসএমই খাতে ২৫ লাখ চাকরির লক্ষ্য সরকারের

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী পাঁচ বছরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উৎপাদন ও বিপণন ব্যবস্থার সম্প্রসারণের মাধ্যমে এ খাত দেশের অর্থনীতিতে আরও বড় অবদান রাখতে পারে।
এসএমই খাতের বিকাশে মূলধন সংকট, আধুনিক প্রযুক্তির অভাব, ঋণ পাওয়ার জটিলতা এবং দক্ষ জনবলের ঘাটতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। এসব সমস্যা সমাধানে সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং সরকারি-বেসরকারি উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন সরকারপ্রধান।
তিনি জানান, জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। দেশের শিল্প খাতকে উৎপাদন ও রপ্তানির আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত করাই এ নীতিমালার অন্যতম লক্ষ্য।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ই-কমার্স ও আধুনিক ব্যবসা পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হবে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যের কথাও তুলে ধরেন তিনি। এ লক্ষ্য অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু দেশীয় বাজারে সীমাবদ্ধ না রেখে রপ্তানিমুখী করার ওপর জোর দেন।
তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন চাকরির অপেক্ষায় না থেকে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে অন্যদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা উচিত।
নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে ‘এসএমই সৃষ্টি’ নামে বিশেষ কর্মসূচির কথাও জানান তিনি। এ উদ্যোগের আওতায় আগামী চার বছরে দেশের প্রতিটি জেলায় ১০০ জন করে উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে নতুন করে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬ রোববার থেকে শুরু হয়েছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলা এ মেলা আগামী ২৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এ জাতীয় আরও খবর

জাতীয় এসএমই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছে সরকার

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

৯ দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা

টেকনাফে বিপুল বিস্ফোরক উদ্ধার, আটক ২

নবীনগর প্রবাসী ফোরাম জাতীয়তাবাদী দলের উদ্যোগে তারেক রহমানের জন্মদিনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার খবর দিলেন রোজিনা

ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় হচ্ছে বিএনপি

১২ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস