শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সকালে তাঁরা পৃথকভাবে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তাঁরা।
রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণের পর সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দলের অভিবাদন গ্রহণ করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে তিনি দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমানও পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনিও গার্ড অব অনার গ্রহণ এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর তিন বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। তাঁরা হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে যান। পরে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। দিনের শুরুতে দেশের বিভিন্ন সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজের পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।











