ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাণীনগরে আমনক্ষেতে হাহাকার
মোঃ সোহাগ খন্দকার, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার ৮টি ইউনিয়নে বিস্তীর্ণ মাঠজুড়ে এখন পাকা রোপা-আমন ধান কাটা শুরু হয়েছে। কিন্তু অসময়ের গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে গত দুই দিনে বেশ কিছু জমির পাকা ধান নুয়ে পড়েছে। যেসব কৃষক ধান কেটে রোদে শুকানোর জন্য জমিতে রেখেছিলেন, জমে থাকা পানির কারণে সেসব ধান ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৈরি আবহাওয়ায় পাকা ধান ও শীতকালীন সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা।
এ পর্যন্ত রাণীনগরে প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মাঠে মাঠে সোনালি ধান পেকে থাকলেও এই বৃষ্টির কারণে ধান কাটা-মাড়াই এবং রবি মৌসুমের আগাম জাতের ফসল রোপণেও প্রভাব পড়তে পারে। বৃষ্টি আর হিমেল বাতাসে এই জনপদে শীতের আমেজ দেখা দিয়েছে। শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি শনিবার বিকেল পর্যন্ত অবিরাম চলছে, ফলে কাজকর্ম করতে না পেরে সাধারণ মানুষের জনজীবনও ব্যাহত হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আকভানের প্রভাবে আরও এক-দুদিন বৃষ্টি থাকতে পারে।
চলতি বছরে উপজেলার ৮টি ইউনিয়নে ১৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা-আমন চাষের লক্ষ্যমাত্রা থাকলেও শেষ পর্যন্ত প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টরে ধান লাগানো হয়েছে। মিরাট, গোনা ও সদর ইউনিয়নের কিছু জমিতে বন্যার পানি থাকায় রোপণ করা যায়নি, ফলে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তবে এবার আমনের ফলন ভালো ও আশানুরূপ হয়েছে। বাদ সেধেছে কেবল অসময়ের এই বৃষ্টি।
সদর ইউনিয়নের লোহাচূড়া গ্রামের কৃষক আব্দুল রাজ্জাক বলেন, “আমি প্রতি বছরই রোপা-আমন চাষ করি। এ মৌসুমে প্রায় ১০ বিঘা জমিতে ধান লাগিয়েছি। ইতিমধ্যে কিছু ধান কেটেছি। বৈরি আবহাওয়ায় পাকা কিছু ধান জমিতে পড়ে গেছে । রোদ না থাকায় ধানগুলো কাটতে পারছি না।”
উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, এ মৌসুমে বন্যার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে কিছু কম জমিতে ধান চাষ হয়েছে। বৈরি আবহাওয়ায় মাঠে কিছু পাকা ধান নুয়ে পড়েছে। তবে বৃষ্টি থেমে রোদ উঠলে ধানের তেমন ক্ষতি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।











