মাদার তেরেসা কি বিতর্কের ঊর্ধ্বে ?
মানবতাবাদী মাদার তেরেসা ‘সেইন্ট’ উপাধি পেতে গেলেও তার সাধুতা নিয়ে প্রশ্ন উঠেছে। মানবতার জন্য জীবন উৎসর্গকৃত এ মানবীর বিরুদ্ধে নীতিবর্জিতভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ সাহায্য গ্রহণের অভিযোগ তুলেছেন বিশ্বের বিভিন্ন মহল।
রোববার ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। মাদার তেরেসা বিশ্বের বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সাহায্য ও পুরস্কার গ্রহণ করতেন। ডুভালিয়ার কাছ থেকে পদক গ্রহণ করেন তিনি। যিনি হাইতির অত্যাচারী শাসক ছিলেন। যুক্তরাষ্ট্রের প্রতারক চালর্স কিটিংয়ের কাছ থেকে ১.২৫ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য গ্রহণ করেছিলেন তেরেসা।
এর বিনিময়ে আদালতে কিটিংয়ের পক্ষে ২৫২ মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ প্রত্যাহার করার প্রচারণা চালাতে বলে তেরেসাকে একটি চিঠিও লেখেন তিনি।
এর উত্তরে মাদার তেরেসা তাকে সহযোগিতা করার আশ্বাস দিয়ে ‘প্রতারণাপূর্ণ’ একটি হাসি দিয়েছিলেন।
এদিকে, ক্রিসটোপর হিচেন তার বই ‘মিশনারি পজিশনে’ মাদার তেরেসার জীবনী নিয়ে একটি প্রতিবেদন লেখেন। এই প্রতিবেদনে কুষ্ঠ রোগী, পিতৃমাতৃহীন ছেলেমেয়ে এবং মৃত্যু পথযাত্রী রোগীদের নিয়ে তেরেসার জীবন প্রবাহ বর্ণনা করা হয়েছে। সেখানে তিনি লেখেন, শুধু তার মমতার ছোয়ায় অনেক মৃত্যু পথযাত্রী শান্তিতে মৃত্যুবরণ করতে পেরেছিলেন।
সম্প্রতি মাদার তেরেসাকে ‘সেইন্টহুড’ উপাধিতে ভূষিত করতে প্রস্তুত হয়েছেন ভ্যাটিক্যান। ‘সেইন্টহুড’ পেতে গেলে অন্তত দুটি আশ্চর্যজনক ঘটনার প্রমাণ পাওয়ার অংশ হিসেবে দু’দিন আগে ব্রাজিলের এক ব্যক্তির মাথায় একাধিক টিউমার আশ্চর্যজনকভাবে সেরে যাওয়ার ঘটনা প্রকাশ পায়। আর তার এ সেরে ওঠাকে মাদার তেরেসার আশীর্বাদ বলেই নিশ্চিত হয়েছে ভ্যাটিকান। এর আগে মাদার তেরেসার অলৌকিক ক্ষমতার প্রথম প্রমাণ পায় ভ্যাটিকান। মাদার তেরেসার আশীর্বাদের ফলে ১৯৯৮ সালে মনিকা বেসরা নামের এক নারীর পেটের ক্যান্সার সেরে যায়।











