মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ
নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কাজ সম্পন্ন করতে পারবেন মোটরসাইকেল মালিকরা। আগে এ জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।
বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা-২০২২ অনুযায়ী মোটরসাইকেলের সামনে ও পেছনে রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নে মালিকদের নিজস্ব উদ্যোগে নির্ধারিত নিয়ম মেনে সামনের নম্বরপ্লেট লাগাতে হবে।
নম্বরপ্লেটের আকারের ক্ষেত্রেও আলাদা নির্দেশনা দিয়েছে বিআরটিএ। স্কুটারের জন্য প্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। অন্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার রাখতে হবে।
উভয় ধরনের নম্বরপ্লেটে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হওয়া বাধ্যতামূলক।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, নম্বরপ্লেট তৈরি করতে হবে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে। সাদা পটভূমিতে কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার করতে হবে। প্লেটে অতিরিক্ত নকশা বা সাজসজ্জা রাখা যাবে না।
এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে রেজিস্ট্রেশন নম্বর এক সারিতে আনুভূমিকভাবে লিখতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব নিয়ম মেনে সামনের নম্বরপ্লেট সংযোজনের জন্য মোটরসাইকেল মালিকদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।











