এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম
নিজস্ব প্রতিবেদক : জ্বালানি সংকট মোকাবিলা ও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া সরকারের ৯টি অগ্রাধিকার প্রকল্প ও কার্যক্রমে প্রত্যাশিত অগ্রগতি নেই। নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট (ইআরএল-২) এবং গ্যাস অনুসন্ধানসহ গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো এগোচ্ছে ধীরগতিতে। এ পরিস্থিতিতে প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
জ্বালানি বিভাগের সাম্প্রতিক সমন্বয় সভায় প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে নিয়মিত তদারকি জোরদার এবং প্রতি সপ্তাহে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কক্সবাজারের মহেশখালীতে চীনা প্রতিষ্ঠানের সঙ্গে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। প্রস্তাবিত চুক্তিতে পরিবেশগত ঝুঁকি ও তা মোকাবিলার বিষয় অন্তর্ভুক্ত করতে পরিবেশ মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে।
অন্যদিকে ইআরএল-২ প্রকল্পের প্রাথমিক কার্যক্রমেও বিলম্ব দেখা দিয়েছে। পরামর্শক নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রকল্পটি ২০২৯ সালের ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
জ্বালানি বিভাগের নির্দেশনায় অগ্রাধিকারপ্রাপ্ত ৯টি উদ্যোগের মধ্যে রয়েছে ঢাকার পেট্রল পাম্পে ডিজিটাল ফুয়েল পাস চালু, দক্ষিণাঞ্চলে ভাসমান এলএনজি টার্মিনালের সম্ভাব্যতা যাচাই, মাতারবাড়ীতে গ্যাস সঞ্চালন লাইন নির্মাণ, মোংলায় এলপিজি প্রকল্প এবং পরিত্যক্ত গ্যাসকূপ পুনঃখনন।
এ ছাড়া বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে তেল-গ্যাস অনুসন্ধান এবং বাপেক্সের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
সভায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রকল্পের অগ্রগতি নিয়মিত পর্যালোচনা এবং প্রতিবন্ধকতা দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়। প্রতি সপ্তাহের প্রথম কর্মদিবসে দুপুর ১২টার মধ্যে অগ্রগতি প্রতিবেদন জ্বালানি বিভাগে পাঠাতে বলা হয়েছে।
মাতারবাড়ীতে ল্যান্ডবেইজ এলএনজি টার্মিনালের সঙ্গে সমন্বয় রেখে গ্যাস সঞ্চালন লাইন নির্মাণের পরিকল্পনা এগিয়ে নিতে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডকে (জিটিসিএল) দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে মোংলায় এলপিজি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
পরিত্যক্ত গ্যাসকূপ পুনঃখননের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রস্তাব কারিগরি ও আর্থিক দিক থেকে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে উৎপাদন অংশীদারত্বের ভিত্তিতে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সম্ভাবনাও বিবেচনা করা হবে।
এদিকে বিপিসি, পেট্রোবাংলা ও তাদের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর নতুন এবং অনিষ্পন্ন বিনিয়োগ প্রস্তাব দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে।
জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি মাসের সমন্বয় সভায় প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। বাস্তবায়নের পথে থাকা সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমাধানের নির্দেশ দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, দেশের গ্যাসের ঘাটতি ও আমদানিনির্ভরতা কমাতে এসব প্রকল্প দ্রুত বাস্তবায়ন জরুরি। বিশেষ করে নতুন এলএনজি অবকাঠামো, দেশীয় গ্যাস অনুসন্ধান এবং তেল পরিশোধন সক্ষমতা বাড়ানোর উদ্যোগে বিলম্ব হলে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হতে পারে।











