ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে ছয়টি বড় বাধা দেখা দিয়েছে। অর্থ ছাড়ে বিলম্ব, চুক্তি সংশোধনে জটিলতা, পরামর্শক নিয়োগে দীর্ঘসূত্রতা, অন্য উন্নয়ন প্রকল্পের সঙ্গে সমন্বয়হীনতা, জমি হস্তান্তরে বিলম্ব এবং ভারী যানবাহন চলাচলে পুলিশের বাধার কারণে থমকে আছে কাজের গতি।
২০১২ সালে নেওয়া এ প্রকল্পের মূল উদ্দেশ্য ঢাকা-টঙ্গী অংশে চারটি এবং টঙ্গী-জয়দেবপুর অংশে দুটি রেললাইন চালু করা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচলের সক্ষমতা বাড়বে এবং যাত্রাবিলম্ব কমবে বলে আশা করছে বাংলাদেশ রেলওয়ে।
তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২৭ সালের জুনে প্রকল্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও কাজ সম্পন্ন করতে আরও ৩০ মাস সময় চেয়েছে রেলওয়ে। নতুন প্রস্তাব অনুযায়ী, প্রকল্পের মেয়াদ ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে টঙ্গী হয়ে জয়দেবপুর পর্যন্ত রেলপথে অতিরিক্ত দুটি লাইন নির্মাণ অত্যন্ত জরুরি। তবে অর্থ ছাড় ও বিভিন্ন শর্তসংক্রান্ত জটিলতায় কাজ পিছিয়ে যাচ্ছে। দ্রুত প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চলছে।
প্রকল্পের ব্যয় ও অগ্রগতি
রেলওয়ের তথ্য অনুযায়ী, প্রকল্পটির দ্বিতীয় সংশোধিত ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৪২ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ৫২১ কোটি ৩৯ লাখ এবং ভারতীয় ঋণ সহায়তা ২ হাজার ৮২১ কোটি ১৬ লাখ টাকা।
প্রকল্পের আর্থিক অগ্রগতি ৪৩ দশমিক ৪৩ শতাংশ এবং বাস্তব কাজের অগ্রগতি ৫৬ দশমিক ২০ শতাংশ। পূর্ত নির্মাণ প্যাকেজে অগ্রগতি ৫০ দশমিক ৮৭ শতাংশ। অন্যদিকে সিগন্যালিং প্যাকেজের কাজ এগিয়েছে মাত্র ৩৭ দশমিক ৯৬ শতাংশ।
অর্থ ছাড় ও অনুমোদনে ভারতীয় ব্যাংকের বিলম্ব
প্রকল্প বাস্তবায়নের অন্যতম বাধা হিসেবে উঠে এসেছে ভারতীয় এক্সিম ব্যাংকের অনুমোদন ও অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা।
প্রকল্পের পূর্ত কাজের তৃতীয় চুক্তি সংশোধনের প্রস্তাব ২০২৩ সালের নভেম্বরেই সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়েছিল। তবে ভারতীয় এক্সিম ব্যাংকের অনাপত্তি প্রয়োজন হওয়ায় পরবর্তী কার্যক্রম আটকে যায়।
২০২৩ সালের সেপ্টেম্বরে অতিরিক্ত ঋণের প্রস্তাব পাঠানোর পর প্রায় দুই বছর অপেক্ষা করতে হয়। শেষ পর্যন্ত ২০২৫ সালের জুলাইয়ে বিদ্যমান ঋণ পুনর্বিন্যাসের মাধ্যমে অনুমোদন দেয় ব্যাংকটি। এতে প্রকল্পের কাজ বাস্তবায়নে উল্লেখযোগ্য সময় নষ্ট হয়েছে।
এ ছাড়া ঠিকাদারের বিল পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুমোদন পেতেও বিলম্ব হয়। এ কারণে পাঁচটি বিল আটকে থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান আর্থিক সংকটে পড়ে এবং মাঠপর্যায়ে কাজের গতি কমে যায়। পরে গত ১ জুলাই বিলগুলো পরিশোধ করা হয়।
পরামর্শক নিয়োগেও জটিলতা
প্রকল্পের নির্মাণকাজ তদারকি ও মান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পরামর্শক নিয়োগেও দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে।
আগের পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ ২০২৩ সালের আগস্টে শেষ হয়। এরপর নতুন করে একই প্রতিষ্ঠানকে নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও ভারতীয় এক্সিম ব্যাংকের অনাপত্তি না পাওয়ায় দরপত্র বাতিল করতে হয়।
পরবর্তী সময়ে নতুন দরপত্র প্রক্রিয়া শুরু হলেও তা চূড়ান্ত হয়নি। বর্তমানে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের কর্মকর্তারাই পরামর্শকের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এতে প্রকল্প পরিচালনা ও তদারকির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে।
অন্য উন্নয়ন প্রকল্পের প্রভাব
ঢাকা ও আশপাশে চলমান একাধিক অবকাঠামো প্রকল্পের কারণেও রেললাইন নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে।
মালিবাগ-খিলগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য রেললাইনের প্রায় ৭৯০ মিটার অংশ খুলে জায়গা ছেড়ে দিতে হয়েছে। অন্যদিকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে কসাইবাড়ী থেকে জয়নাল মার্কেট পর্যন্ত রেললাইনের স্লিপার ও পাথর ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব অংশ পুনর্নির্মাণ অথবা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে রেলওয়ে।
এ ছাড়া ঢাকা বিমানবন্দর এলাকায় সমন্বিত পথচারী আন্ডারপাস নির্মাণের কারণে প্রয়োজনীয় জায়গা পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২০২৭ সালের মে মাসের পর জায়গা দিতে পারবে বলে জানিয়েছে।
ভারী যানবাহন চলাচলে পুলিশের বাধা
নির্মাণকাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি ও যানবাহন ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত দিনের বেলায় চলাচল করতে পারছে না বলে অভিযোগ প্রকল্পসংশ্লিষ্টদের।
ঢাকা মহানগর পুলিশের বাধার কারণে দিনের বেলায় এসব যানবাহন পরিবহনে সমস্যা হচ্ছে। এ পরিস্থিতিতে ভারী যানবাহন চলাচলের অনুমতি চেয়েছে রেলওয়ে।
জমি হস্তান্তর নিয়েও জটিলতা
বিমানবন্দর এলাকায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অধীনে থাকা ১২ দশমিক ১৬৫৭ একর জমি রেলওয়ের ব্যবহারের জন্য হস্তান্তর এখনো সম্পন্ন হয়নি।
এ জমি ব্যবহারের জন্য দুই সংস্থার মধ্যে সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর প্রয়োজন বলে জানিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।
নির্মাণকাজের বর্তমান চিত্র
প্রকল্পের আওতায় মোট ১৩৭ দশমিক ৯৪১ কিলোমিটার রেলপথ নির্মাণ ও পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১০৭ দশমিক ৯৪১ কিলোমিটার মূল লাইন এবং ৩০ কিলোমিটার লুপ ও সাইডিং।
এ ছাড়া দুটি বড় সেতু, ২৫টি ছোট সেতু ও কালভার্ট, স্টেশন ভবন, প্ল্যাটফর্ম এবং আধুনিক সিগন্যালিং ব্যবস্থা নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ পর্যন্ত ৫২ দশমিক ২০ কিলোমিটার রেলপথের বাঁধ নির্মাণ হয়েছে। রেললাইন স্থাপন সম্পন্ন হয়েছে ৫১ দশমিক ২০ কিলোমিটার। দুটি বড় সেতু ও ১৯টি ছোট সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে।
স্টেশনগুলোর মধ্যে ধীরাশ্রম ও টঙ্গী স্টেশনের কাজ সম্পন্ন হয়েছে। বনানী স্টেশনের কাজ ৯০ শতাংশ এবং তেজগাঁও স্টেশনের কাজ ৬৫ শতাংশ এগিয়েছে।
অন্যদিকে সিগন্যালিং ব্যবস্থার আওতায় জয়দেবপুর ও কমলাপুরে সিগন্যালিং ভবন নির্মাণ শেষ হয়েছে। কয়েকটি স্টেশনে কেবল স্থাপনের কাজ চলছে।
সব মিলিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর রেল যোগাযোগে সক্ষমতা বাড়বে। তবে ছয়টি বাধা দূর করে দ্রুত কাজ শেষ করতে না পারলে প্রকল্পের ব্যয় ও সময়—দুটিই আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এ জাতীয় আরও খবর

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

ইরানকে চাপে রাখতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের