জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : জুলাই আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানায় মামলাটি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা প্রীতম দাশ।
মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ হামলার ঘটনা ঘটে। স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন হাসিব।
অভিযোগে বলা হয়েছে, হাবিবুর রহমান ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হাসিবের পথরোধ করেন। এ সময় তাঁকে ‘জুলাই জঙ্গি’ বলে আখ্যা দেওয়া হয়। একপর্যায়ে লোহার রড ও চাপাতি দিয়ে হামলা চালানো হলে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ঘটনার পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে এনসিপির একটি প্রতিনিধি দল শ্রীমঙ্গল থানায় গিয়ে লিখিত অভিযোগ জমা দেয়। পরে সেটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
প্রতিনিধি দলে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক প্রীতম দাশ, মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক খালেদ হাসান, শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক দেওয়ান কয়েস আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইয়াসিন তালুকদার।
এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে অটোরিকশায় থাকা হাসিবকে লক্ষ্য করে এক ব্যক্তিকে ‘জুলাই জঙ্গি’ বলে চিৎকার করতে দেখা যায়। পরে তাঁকে লক্ষ্য করে হামলার দৃশ্যও দেখা যায়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন জানান, মামলায় হাবিবুর রহমানের নাম উল্লেখ রয়েছে। তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।











