বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তোমরাও তাঁর প্রতি দরুদ পাঠ কর

news-image

নবী মুহাম্মদ সা. এর প্রতি দরুদ পাঠ একটি ফজিলতপূর্ণ আমল। উম্মাহর জন্যও রহমত। জগতের সমস্ত অধিবাসী রহমতের আশায় সর্বদা তাঁর ওপর দরূদ ও সালাম পেশ করে থাকেন। আল্লাহ তায়ালা তাদের মতো আমাদেরও তাঁর রাসূলের ওপর দরুদ-সালাম পাঠ করার নির্দেশ করেছেন।

আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি সালাত (রহমত) প্রেরণ করেন আর তার ফিরিশতাগণও নবীর প্রতি সালাত (দোয়া) পাঠান। হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি সালাত (দরুদ) পাঠ কর এবং সালাম পাঠাও।’ সুরা আহজাব : ৫৬

হজরত আব্দুর রহমান ইবনে আওফ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সা. বের হলেন। আমিও তার সঙ্গে বের হলাম। চলতে চলতে তিনি একটি বাগানে প্রবেশ করলেন। সেখানে তিনি সিজদায় অবনত হয়ে দীর্ঘ সময় পড়ে রইলেন। এমনকি তা দেখে আমি তার মৃত্যুর আশংকা করলাম। 

হজরত আবদুর রহমান ইবনে আওফ রা. বলেন, রাসুল সা. এর সঠিক অবস্থা জানার জন্য আমি তার নিকট গেলাম। আল্লাহর রাসুল সা. আমার উপস্থিতি টের পেয়ে মাথা উঠালেন। আমাকে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, আবদুর রহমান, কি ব্যাপার তুমি এখানে কেন? আমি তখন তাকে পূর্ণ অবস্থা খুলে বললাম। তখন তিনি আমাকে বললেনÑ ‘হজরত জিব্রাইল আ. এসে আমাকে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে কি এই সুসংবাদ দিব না? তিনি বললেন, যে ব্যক্তি আপনার প্রতি দুরুদ পাঠ করে আমিও তার প্রতি অনুগ্রহ বা দয়া করি। আর যে ব্যক্তি আপনাকে সালাম করে আমিও তাকে সালাম করি বা ভালবাসি। তাফসিরে ইবনে কাসির।