বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আটক বাণিজ্যের ভয়ে’ ঘরছাড়া আড়াইহাজারে নিরাপরাধীরাও

news-image

নিউজ ডেস্ক : আড়াইহাজারে ‘আটক বাণিজ্যের ভয়ে’ নিরাপরাধীরাও ঘরছাড়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে চালের আড়তে ডাকাতি চেষ্টায় আটজনকে পিটিয়ে হত্যার সময় পুলিশের ভূমিকা ছিল যথারীতি প্রশ্নবিদ্ধ। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে আইন হাতে তুলে নিতে পারত না ক্ষুব্ধ জনতা। তারপরও অতিষ্ঠ জনতাকে প্রতিরোধে পুলিশের এক ধরনের ‘নির্লিপ্ততা’ ছিল। তা না হলে বিশ্ব মানবাধিকার দিবসে এত বড় নৃশংস হত্যাকাণ্ড হয়ত ঘটত না বলে ধারণা ওই বাজারের ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের। তাছাড়া অতীতে ডাকাতির বিভিন্ন ঘটনার পর পুলিশের নির্লিপ্ততায় জমে থাকা পুঞ্জীভূত ক্ষোভ থেকেই বৃহস্পতিবার ভোরে আট ‘ডাকাতকে’ পিটিয়ে হত্যার ঘটনা ঘটে বলে ধারণা এলাকাবাসীর।
এদিকে আড়াইহাজারের পুরিন্দা বাজারে গণপিটুনিতে ডাকাত নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা হত্যা মামলা নিয়ে বিপাকে পড়েছেন আশপাশের গ্রামের নিরীহ জনতা। ওই মামলায় পুলিশের ‘আটক বাণিজ্যের’ ভয়ে নিরপরাধ যুবকরাও গ্রামছাড়া বলে জানা গেছে। তাছাড়া বিরোধী দলের নেতাকর্মীদের এ মামলায় ফাঁসানো হতে পারে বলে তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানা গেছে।
এ প্রসঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেন, আইনের শাসনের অভাবেই গণপিটুনির মতো বর্বর ঘটনাগুলো ঘটছে। এ অপরাধ প্রবণতা মানুষের মধ্যে একদিনে গড়ে ওঠেনি। আমরা এখনো আইনের শাসন ঠিকভাবে প্রতিষ্ঠা করতে পারিনি। তিনি বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক সঙ্গে আট ডাকাতকে পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। ওই ঘটনায় কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হবে দুঃখজনক ঘটনা। তবে পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) ড. খন্দকার মহিদ উদ্দিন। এসপি দাবি করেন, আড়াইহাজার থানা থেকে পুরিন্দা বাজার অনেক দূর হওয়া সত্ত্বেও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত হাজারো গ্রামবাসীর নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালিয়েছে পুলিশ। তিনি আরো দাবি করেন, পুলিশের কোনো গাফিলতি ছিল না। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে। আর নিরীহ গ্রামবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই।  
স্থানীয় ব্যবসায়ী ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে ভোর চারটার দিকে হানা দেয় ডাকাত দল। কয়েক মিনিটের মধ্যে বিষয়টি মাইকের মাধ্যমে গ্রামে প্রচার করা হয়। কিছুক্ষণ পরই বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকেও জানানো হয়। আধা ঘণ্টার মধ্যে হাজারো গ্রামবাসী ছুটে এসে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে শুরু হয় ডাকাতদের খুঁজে বের করে গণপিটুনি দেয়া।
স্থানীয় সূত্র মতে, ভোর সাড়ে ছয়টার দিকে আড়াইহাজার থানার এসআই মো. আজাদের নেতৃত্বে পুলিশের টহল দলটি প্রথমে ঘটনাস্থলে আসে। আর আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনা শুরুর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর সকাল পৌনে আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। অথচ থানা থেকে ঘটনাস্থল দূরে হলেও এক ঘণ্টার মধ্যে পুলিশের আসা সম্ভব ছিল বলে জানান কয়েকজন ব্যবসায়ী। সরকার স্টোরের মালিক আমিনুল ইসলাম সরকারসহ পুরিন্দা বাজারের একাধিক ব্যবসায়ী মনে করেন, বৃহস্পতিবার পুলিশ সময়মতো ঘটনাস্থলে উপস্থিত হলে এতগুলো মৃত্যুর ঘটনা ঘটত না। তাছাড়া ঘটনাস্থলে আসার পরও পুলিশ কঠোর অবস্থান নিলে হয়তো অতিষ্ঠ জনগণ ওভাবে আইন হাতে তুলে নিতে পারত না। কারণ সর্বশেষ পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পরও অন্তত তিন ডাকাতকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। মরে যাওয়ার পরও অনেককে এলোপাতাড়ি পেটানোর ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ জনতাকে কঠোর হাতে নিবারণ করতে ব্যর্থ হয়েছে। স্থানীয় কয়েক গণ্যমান্য ব্যক্তি বলেন, কয়েক বছর আগে পবিত্র শবেবরাতের রাতে সাভারের আমিনবাজারে অনেকটা পুলিশের সামনেই ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা ও চাঁদপুরে পুলিশ ভ্যান থেকে নামিয়ে দেয়ার পর এক যুবককে জনতার পিটিয়ে হত্যার নৃশংস ঘটনাও দেশবাসীর অজানা নয়।
তবে পুলিশের দেরি করে যাওয়া ও নির্লিপ্ততার অভিযোগ অস্বীকার করেন আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান। তিনি দাবি করেন, খবর পাওয়ার পর দ্রুতই ঘটনাস্থলে যায় এসআই আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল। থানা অনেক দূরে হওয়া সত্ত্বেও দ্রুততম সময়ের মধ্যে আমিসহ অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু লোকবল কম থাকায় পুলিশ হাজার হাজার মানুষকে থামাতে পারেনি। এই পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই জনতার গণপিটুনি শুরু হয়। তবু আমাদের তৎপরতার কারণেই আমরা চারজনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। পুলিশের বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।
ওই বাজারের ব্যবসায়ী হানিফ অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. শামসুদ্দিন বলেন, এর আগে গত ১৯ নভেম্বর পুরিন্দা বাজার থেকে এক কিলোমিটার দূরে বাগবাড়ি বাজারে তার আরেকটি চালের আড়তে একই কায়দায় ডাকাতি হয়। ওই ঘটনায় পুলিশ ডাকাতি মামলা না নিয়ে চুরি মামলা গ্রহণ করে। কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি, উদ্ধার করতে পারেনি ৩০০ বস্তা লুণ্ঠিত চাল। তিনি বলেন, এছাড়া আরো কয়েকটি ঘটনায় পুলিশের নির্লিপ্ততার কারণে অতিষ্ঠ জনতার মধ্যে পুঞ্জীভূত ক্ষোভ ছিল। বৃহস্পতিবারের ঘটনা সেটার বিস্ফোরণ বলেই মনে করেন অনেকে।
এদিকে বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের পুরিন্দা বাজারে আট ডাকাতকে পিটিয়ে হত্যার ঘটনায় আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা হয়। ওই মামলায় অজ্ঞাত কয়েক হাজার গ্রামবাসীকে আসামি করা হয়েছে। স্থানীয় সূত্র মতে, ওই ঘটনার পর গোটা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে অধিকাংশ যুবক। ঘটনায় জড়িত নয়, এমন নিরীহ গ্রামবাসীও পুলিশের ‘আটক বাণিজ্য’ থেকে রেহাই পেতে এলাকা ছেড়েছেন বলে ওই সূত্র জানায়। তবে আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান জানিয়েছেন, কোনো আটক বাণিজ্যের প্রশ্নই আসে না। তদন্তসাপেক্ষে যাচাই-বাছাই করে কেবল জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেয়া হবে।