বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এতিমের মাথায় হাত বুলাও

news-image

আল্লাহ তায়ালা পবিত্র কোরআনে নবীজিকে সম্বোধন করে বলেন, 'তিনি কি তোমাকে এতিম পাননি? অতঃপর আশ্রয় দিয়েছেন।' (সূরা জোহা : ৬)। প্রিয় নবী (সা.) এতিম ছিলেন। কিন্তু তাঁর জীবন সাফল্যে আলোকিত। ইসলাম ন্যায়পরায়ণতার ধর্ম। সবার প্রতি ইনসাফ করতে শিক্ষা দেয়। এতিম সমাজের অবহেলিত শ্রেণী। খুব কম মানুষই তাদের হক আদায় করে থাকে। onat

অসহায় এতিমের প্রতি দয়া, সহানুভূতি ও ভালোবাসা প্রদর্শন ইসলামের শিক্ষা। আমরা এতিমের মাথায় হাত রেখে জান্নাতে রাসুলের সাথী হতে পারি। আপনি যদি ধন-সম্পদ, প্রাচুর্যের অধিকারী হন তাহলে আপনার কাঁধে তার সঠিক ব্যবহারের দায়িত্বও অর্পিত হয়। এই সম্পদে এতিম-মিসকিনের প্রাপ্য অধিকার আছে।
প্রিয় নবী (সা.) বলেন, 'সর্বোৎকৃষ্ট গৃহ সেটাই, যে গৃহে এতিম আছে এবং তার সঙ্গে উত্তম আচরণ করা হয়। আর সর্বনিকৃষ্ট গৃহ সেটা, যেখানে এতিম আছে; কিন্তু তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।'


তাই আপনি যদি আপনার গৃহ-সংসার বরকতময় করতে চান তাহলে এতিম পালনে আগ্রহী হোন। এতিমের দায়িত্ব গ্রহণের ফলে সংসার বরকতে ভরপুর হয়ে যাওয়ার একটি ঘটনা নিচে উল্লেখ করা হলো। সৌদি আরবের প্রসিদ্ধ আলেম শায়খ ড. মুহাম্মদ বিন আবদুর রহমান আল আরেফি তার লেকচারে এই কাহিনীটি বর্ণনা করেন, তার বন্ধু শায়খ মুহাম্মদ একজন এতিম শিশু বাসায় এনে আপন সন্তানদের সঙ্গে লালন-পালন করতে লাগলেন। তিনি স্ত্রীর সঙ্গে এই শলাপরামর্শ করেছেন, 'আমরা মানুষকে জানাব এটা আমার আরেক স্ত্রীর সন্তান যাকে আমি গোপনে বিয়ে করেছিলাম। কিন্তু সে এখন মারা গেছে। তাই সন্তান নিয়ে এসেছি যেন সে এই স্ত্রীর কাছে পালিত হতে পারে।'
এভাবে শিশুটি তাদের পরিবারে বড় হতে লাগল। লোকেরা এমনকি মুহাম্মদের সন্তানরাও জানে না যে, এটা তাদের ভাই নয়।
মুহাম্মদ বলেন, সব প্রশংসা আল্লাহর জন্য। আমার বেতন খুব কম ছিল। সংসারে অভাব-অনটন লেগে থাকত। কিন্তু এই এতিম শিশুটি আমাদের সংসারে আসার পর পুরো দুনিয়া যেন আমার ঘরে এসে যায়। প্রত্যেক জিনিস সহজ হয়ে গেল। জীবিকা বৃদ্ধি পেল। আর্থিক অবস্থা সুন্দর হয়ে গেল।


তিনি অধিকাংশ সময় হাদিসে বর্ণিত গুহাবাসীর মতো 'আমলে সালেহ' তুলে ধরে আল্লাহর কাছে দোয়া করতেন। তিনি বলেন, যখন কোনো মুসিবতে পড়তাম, তখন আল্লাহকে স্মরণ করতাম আর এভাবে দোয়া করতাম, 'হে আল্লাহ! আপনি তো জানেন একমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এই এতিম শিশুর ভরণ-পোষণ করছি, সুতরাং আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন।' (দা'অ বাছমাতাকা পৃ. ২১৩)।
আমরা তাদের শিক্ষার সুব্যবস্থা করতে পারি। শিক্ষা সবার মৌলিক অধিকার। তাদের মধ্যে যারা মেধাবী, যাদের সৃজনশীল ক্ষমতা আছে, তাদের জন্য আলাদা বিশেষ ব্যবস্থা করতে পারি। আমাদের কর্মতৎপরতা তাদের হৃদয়ে প্রভাব সৃষ্টি করবে। এসব কাজ এমন আন্তরিকতার সঙ্গে করতে হবে, যেন তাদের হৃদয়ে পিতৃহীনতার একটু অনুভূতিও সৃষ্টি না হয়।


এতিমের সঙ্গে কেমন আচার-ব্যবহার করতে হবে, তা হাদিসে বর্ণিত হয়েছে। এক ব্যক্তি প্রিয় নবী (সা.) এর কাছে এসে বলল, ইয়া রাসুলাল্লাহ! আমার কোলে এতিম আছে। তার সঙ্গে আমার কিরূপ ব্যবহার হারাম আর কিরূপ ব্যবহার হালাল হবে? অর্থাৎ আমি কীভাবে তার সঙ্গে ব্যবহার করব? তখন প্রিয় নবী (সা.) বললেন, 'তুমি তোমার আপন ছেলেকে যেভাবে ভদ্রতা শিক্ষা দিতে তাকেও সেভাবে শিক্ষা দাও। যেভাবে তোমার ছেলেকে প্রহার করতে তাকেও তদ্রূপ পিতৃস্নেহপূর্ণ প্রহার করো।'