বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মসজিদ আল আকসার মর্যাদা

news-image

মসজিদ আল আকসা ইসলামের প্রথম কেবলা। এ মসজিদের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অনেক। এখানে মিশে আছে ইসলামের অনেক স্মৃতি। নবী-রাসুলদের পদচারণায় ধন্য এই ভূমি। এই পবিত্র ভূমিতে শুয়ে আছেন অনেক আম্বিয়ায়ে কেরাম (আ.)। জায়নবাদীদের হাতে রক্তাক্ত ও অবরুদ্ধ এই মসজিদের শ্রেষ্ঠত্ব নিম্নে উল্লেখ করা হলো।aksha1

ইসলামের প্রথম কেবলা : আকসা মসজিদ ইসলামের প্রথম কেবলা। ১৬ থেকে ১৭ মাস প্রিয় নবী (সা.) এদিকে ফিরে সালাত আদায় করেছেন। (বোখারি : ৩৯)।

পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ : আল আকসা পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ, যা বায়তুল্লাহর পর নির্মাণ করা হয়েছে। হজরত আবুজর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, 'আমি প্রিয় নবী (সা.) কে প্রশ্ন করলাম, ইয়া রাসুলাল্লাহ! পৃথিবীর বুকে নির্মিত প্রথম মসজিদ কোনটি? তিনি উত্তর দিলেন, মসজিদে হারাম। আমি বললাম, তারপর কোনটি? তিনি বললেন, মসজিদে আকসা।' (মুসলিম : ৮০৮)।

চারপাশ বরকতময় : আল আকসা এমন একটি মসজিদ, যার চারপাশ অত্যন্ত বরকতময়। নবী-রাসুলদের পদচারণায় ধন্য হয়েছে। আল্লাহ তায়ালা এরশাদ করেন, 'সেই সত্তা মহান যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় রাত্রিভ্রমণ করিয়েছেন, যার চারপাশ আমি বরকতময় করেছি।' (সূরা ইসরা : ১)। ওলামায়ে কেরাম বলেন, মসজিদে আকসার শ্রেষ্ঠত্ব ও মর্যাদা প্রমাণের জন্য এই একটি আয়াতই যথেষ্ট।

প্রিয় নবী (সা.) এর ভ্রমণপথ : 'মিরাজ রজনীতে তিনি বায়তুল্লাহ থেকে ভ্রমণ করেন। ফলে উভয় মসজিদের মাহাত্ম্য ও বরকত লাভ করেন, যা পৃথিবীতে সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে। সেখান থেকে তিনি ঊর্ধ্বগমন করেন। তাই মাসজিদে আকসা আসমান ও জমিনের মাঝে সংযোগ মাধ্যম। উল্লেখ্য, সেই রজনীতে তিনি সব আম্বিয়াকে নিয়ে সালাতে ইমামতি করেছেন।' (মুসলিম : ২৫১)।

মুসা (আ.) এর দোয়া : হজরত মুসা (আ.) অত্যন্ত মর্যাদা দিতেন। তাই তিনি মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তার কবর আকসার নিকটবর্তী হয়। বোখারিতে বর্ণিত আছে, প্রিয় নবী (সা.) বলেন, 'মুসা (আ.) আল্লাহর কাছে পবিত্র ভূমির কাছে দাফন হওয়ার জন্য দোয়া করেছেন। যদি আমি সেখানে থাকতাম তাহলে তোমাদের তার কবর রাস্তার পাশে কাসিবে আহমারের নিচে দেখাতে পারতাম।'

ইমাম নববি (রহ.) বলেন, মুসা (আ.) আকসা মসজিদের মাহাত্ম্য ও মর্যাদার কারণে আল্লাহর কাছে এই প্রার্থনা করেছিলেন। যেহেতু তাতে অনেক নবী-রাসুল শায়িত আছেন।al aksha

বিজয়ের সুসংবাদ : 'প্রিয় নবী (সা.) মোজেজাস্বরূপ এই পবিত্র ভূমি বিজয়ের আগাম সুসংবাদ দিয়েছিলেন।' (বোখারি)।

জিয়ারতের মসজিদ : সব ওলামায়ে কেরাম ঐকমত্য পোষণ করেছেন যে, এই মসজিদের জিয়ারতের উদ্দেশে ভ্রমণ করা মুস্তাহাব। কেননা, হাদিসে এসেছে প্রিয় নবী (সা.) বলেন, 'তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের জন্য উটে দড়ি বাঁধা (সফর করার জন্য) বৈধ নয়। সেই তিনটি হচ্ছে মসজিদে হারাম, মসজিদে আকসা ও আমার মসজিদ।' (বোখারি : ১১১৫)।

দাজ্জাল তাতে প্রবেশ করতে পারবে না : কেয়ামতের আগে আবির্ভূত দাজ্জাল সর্বত্র যেতে পারলেও তাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় নবী (সা.) বলেন, 'দাজ্জাল পৃথিবীর সর্বত্র বিচরণ করবে; কিন্তু মসজিদে হারাম ও আকসায় প্রবেশ করতে পারবে না।' (মুসনাদে আহমদ)।

মসজিদের নিকটবর্তী স্থানে দাজ্জালকে হত্যা করা হবে : "হজরত ঈসা মসিহ (আ.) দাজ্জালকে 'বাবে লুদ্দ' নামক স্থানে হত্যা করবেন, যা আকসা মসজিদের নিকটবর্তী স্থান।" (মুসলিম : ৫২২৮)।

তাতে সালাত আদায়ে অনেক সওয়াব : হজরত আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, প্রিয় নবী (সা.) বলেন, যখন সুলায়মান বিন দাউদ (আ.) বায়তুল মাকদিস নির্মাণ কাজ সমাপ্ত করেন তখন আল্লাহর কাছে তিনটি প্রার্থনা করেন। এক. তাকে যেন এমন ক্ষমতা প্রদান করা হয়, যা তার ক্ষমতার মতো হয়। দুই. এমন সাম্রাজ্যে রাজত্ব প্রদান, যা আর কেউ পাবে না। তিন. কেউ যদি সালাত আদায়ের নিয়তে এই মসজিদে আসে, সে যেন গোনাহ থেকে এমন নিষ্পাপ হয়ে বের হয় যেমন সে মাতৃগর্ভ থেকে জন্মকালে ছিল। প্রিয় নবী (সা.) বলেন, প্রথম দুইটি সুলায়মান (আ.) কে দেয়া হয়েছে। আর আমি আশা করি যে, আমাকে তৃতীয়টি দেয়া হবে।

পুনরুত্থান ভূমি : আকসা মসজিদেই কবর থেকে বান্দাকে পুনরুত্থিত করা হবে। প্রিয়নবী (সা.) বলেন, বায়তুল মাকদিস 'আরদে মাহশার ও মানশার' (একত্র ও পুনরুত্থান ভূমি)। ইমাম ইবনে তাইমিয়া (রহ.) বলেন, বায়তুল্লাহ থেকে মানব সৃষ্টির সূচনা করা হয়েছে। আর আকসা মসজিদে সব মানুষের পুনরুত্থান হবে। তাই হাদিসে একে আরদে মাহশার ও মানশার (একত্র ও পুনরুত্থান ভূমি) বলা হয়েছে।