বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিকিরের অফুরন্ত ফজিলত

news-image

নামাজ শেষে রাসুলুল্লাহ (সা.) থেকে বিভিন্ন জিকির ও দোয়া বর্ণিত রয়েছে। হজরত মোয়াজ (রা.) বলেন, একদিন প্রিয়নবী (সা.) আমাকে বললেন, 'হে মোয়াজ! প্রত্যেক নামাজের পর তুমি এ দোয়া পড়বে- আল্লাহুম্মা আ-ইনি্ন আলা জিকরিকা ওয়া শুকরিকা ও হুসনি ইবাদাতিকা। যার অর্থ হলো- হে আল্লাহ! তোমার নামের জিকির, কৃতজ্ঞতা এবং উত্তম ইবাদত পালনে আমাকে সহায়তা করো।' (আবু দাউদ ও নাসাঈ)। আবু হুরায়রা (রা.) বলেন, 'প্রত্যেক নামাজের পর রাসুল (সা.) বিশেষভাবে চারটি বিষয় থেকে পানাহ চাইতেন। তা হলো- জাহান্নামের শাস্তি, কবরের আজাব, জীবন-মরণের ফেতনা এবং দাজ্জালের ফেতনা থেকে।' (বোখারি ও মুসলিম)। রাসুল (সা.) বলেন, 'যে ব্যক্তি ফরজ নামাজ শেষে ৩৩ বার 'সুবহানআল্লাহ', ৩৩ বার 'আলহামদুলিল্লাহ', ৩৩ বার 'আল্লাহু আকবার' এবং একবার 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুলি্ল শাইয়িন কাদির' পাঠ করবে, তার পাপরাশি সমুদ্রের ফেনা সমতুল্য হলেও মাফ হয়ে যাবে।' (মুসলিম)।

আবু ওমামা (রা.) বলেন, রাসুল (সা.) এরশাদ করেছেন, 'যে ব্যক্তি সর্বদা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যেতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা নেই।'

ফরজ নামাজের পর রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণিত দোয়া ও জিকিরের সংখ্যা অগণিত। এসব জিকির দ্বারা নামাজের ঘাটতি পূরণ হয় এবং নামাজ ত্রুটিমুক্ত হয়। নামাজ ছাড়া অন্য যে কোনো সময়ে জিকির পাঠের নির্দেশ রয়েছে। আল্লাহ তায়ালা বলেন, 'হে মোমিনরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো এবং সকাল-সন্ধ্যা তাঁর পবিত্রতা বর্ণনা করো।' (সূরা আহজাব : ৪১-৪২)। শ্রেষ্ঠ তাফসিরকারক ইবনে আব্বাস (রা.) বলেন, আল্লাহ তায়ালা জিকির ছাড়া অন্যান্য ইবাদতের সময় ও পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু জিকিরের কোনো সীমা, সংখ্যা বা সময়কাল নির্ধারিত নেই। এমনকি এর জন্য অজুর শর্তও আরোপ করা হয়নি। বাড়িতে, সফরে, সুস্থ, অসুস্থ, দাঁড়ানো, বসা সর্বাবস্থায় জিকিরের হুকুম রয়েছে। অধিকন্তু এর ফজিলত ও সওয়াব অফুরন্ত।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, 'অধিক পরিমাণে জিকিরকারী পুরুষ ও নারীর জন্য তিনি ক্ষমা ও মহা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন।' (সূরা আহজাব : ৩৫)। জিকিরের দ্বারা অন্তর আলোকিত হয় এবং ঈমানি শক্তি বৃদ্ধি পায়।

পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, 'প্রকৃত ঈমানদারের পরিচয় হলো, যখন তাদের কাছে আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আর যখন তাদের সামনে তাঁর আয়াত পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায়।' (সূরা আনফাল : ২)। হাদিসে এরশাদ হয়েছে, 'যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবত। আর যে জিকির করে না সে মৃতের সমতুল্য। জিকিরের মাধ্যমে শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। রাসুল (সা.) বলেন, 'আমার উম্মতের এক ব্যক্তিকে দেখলাম, শয়তান তাকে কাবু করে ফেলেছে। কিন্তু সে যখন আল্লাহর নাম জপতে শুরু করেছে তখন শয়তান পলায়ন করেছে।' জিকিরের দ্বারা পাপ মোচন হয় এবং নেকি বৃদ্ধি পায়। রাসুল (সা.) বলেন, 'যে ব্যক্তি সকাল-সন্ধ্যায় ১০০ বার 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' পড়বে, কেয়ামত দিবসে তার থেকে অধিক আমল নিয়ে অন্য কেউ উপস্থিত হবে না, ওই ব্যক্তি ব্যতীত যে তার সমপরিমাণ বা বেশি পাঠ করেছে। (মুসলিম)। বোখারির বর্ণনায় রয়েছে, "যে ব্যক্তি দিনে ১০০ বার 'লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুলি্ল শাইয়িন কাদির' পাঠ করবে, সে ১০টি গোলাম মুক্ত করার সওয়াব পাবে। তার আমলনামা থেকে ১০টি পাপ মোচন করা হবে এবং ১০টি নেকি লেখা হবে। আর সে ওই সন্ধ্যা পর্যন্ত শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাবে।" সকাল-সন্ধ্যায় জিকিরে মগ্ন হওয়ার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। পবিত্র কোরআনে এ মর্মে বহু আয়াত রয়েছে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেন, 'তুমি ফজর ও আসরের নামাজের পর কিছুক্ষণ আমার জিকির করো, আমি মধ্যবর্তী সময়ের জন্য তোমার যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেব।' (মুসনাদে আহমদ)। ফজরের পর জিকির সারা দিনের জন্য পাথেয়স্বরূপ এবং সন্ধ্যাকালীন জিকির রাতের পুঁজি।

জিকির দ্বারা বিপদাপদ দূর হয়। আল্লাহ বলেন, 'যদি সে আল্লাহর তসবিহ পাঠ না করত, তবে তাকে কেয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতে হতো।' (সূরা সাফফাত : ১৪২-১৪৩)। ইউনুস (আ.) মাছের পেটে যে তসবিহ পাঠ করেছিলেন তা হলো, 'লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইনি্ন কুনতো মিনাজ জালিমিন'।

রাসুল (সা.) বলেন, 'মাছের পেটে ইউনুস (আ.) যে দোয়া পাঠ করেছিলেন, তা যে কোনো মুসলমান যে কোনো উদ্দেশ্যে পাঠ করলে সফল হবে। (আবু দাউদ)। হাদিসে বর্ণিত হয়েছে, 'লা হাওলা ওয়ালা কুউওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম, লা মালজায়া ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি' তসবিহটি ৭০টি বিপদের পথ রুদ্ধ করে দেয়। যার সর্বনিম্নটি হচ্ছে চিন্তা ও পেরেশানি।

জিকিরের উপকারিতা ও কল্যাণ অসংখ্য, অগণিত। জনৈক সাহাবি রাসুল (সা.) এর কাছে এসে আরজ করলেন, হে আল্লাহর রাসুল! ইসলামের বিধান তো অসংখ্য। আপনি আমাকে সংক্ষিপ্ত অথচ সবকিছু অন্তর্ভুক্তকারী একটি আমল বলে দিন। রাসুলুল্লাহ (সা.) বললেন, 'তোমার জবান যেন সর্বদা আল্লাহর জিকিরে তরতাজা থাকে।' (তিরমিজি)। জিকির আস্তে ও নিম্ন আওয়াজে পাঠ করা উত্তম। এরশাদ হয়েছে, 'সকাল-সন্ধ্যায় নিম্নস্বরে ভয় ও বিনয়ের সঙ্গে তোমার প্রভুকে স্বরণ করো। উদাসীনদের অন্তর্ভুক্ত হয়ো না।' (সূরা আরাফ : ২০৬)।

মদিনার মসজিদে নববিতে প্রদত্ত জুমার খুতবার ভাষান্তর করেছেন মাহবুবুর রহমান নোমানি