ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, প্রাণ গেল ২৪ জনের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার একটি ক্যান্ডি উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন। সোমবার দেশটির কর্তৃপক্ষ হতাহতের এ তথ্য জানিয়েছে।
শনিবার সন্ধ্যায় রাজধানী জাকার্তার কাছাকাছি বানতেন প্রদেশের চিকান্দে এলাকায় অবস্থিত পিটি ফনুসা আগুং মুলিয়া কারখানায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শ্রমবিষয়ক প্রেসিডেন্টের উপদেষ্টা সাঈদ ইকবাল জানান, অগ্নিকাণ্ডে ২৪ জনের মৃত্যু হয়েছে। কারখানাটিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও শ্রমিকদের সুরক্ষাসংক্রান্ত নিয়ম যথাযথভাবে মানা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।
কারখানাটির মালিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফ্যামিলি ফুডের প্রধান নির্বাহী স্টিভেন আরউইন উইজায়া জানান, শনিবারের কর্মকালীন সময়ে কারখানা প্রাঙ্গণে প্রায় ৩০০ কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে সোমবারও উদ্ধার অভিযান অব্যাহত ছিল। তবে আগুনের তাপ এবং ক্ষতিগ্রস্ত ভবনের দুর্বল কাঠামোর কারণে উদ্ধারকাজে বাধার সৃষ্টি হচ্ছে। বানতেনের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আল আমরাদ জানান, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে মরদেহের ২৪টি ব্যাগ উদ্ধার করেছেন। আগুনে মরদেহগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় চেহারা দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পুলিশ কর্মকর্তা ওয়াহিউ হিদায়াতি জানান, নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
উল্লেখ্য, ইউনাইটেড ফ্যামিলি ফুড ইন্দোনেশিয়ার অন্যতম বড় ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা প্রায় পাঁচ হাজার। মিলকিটা ক্যান্ডি ও লেমনিলো ইনস্ট্যান্ট নুডলস তাদের পরিচিত পণ্য।

এ জাতীয় আরও খবর