বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জনগণের কাছে জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনীর মধ্যে দেশপ্রেমের চেতনা অটুট থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের অধিকার রক্ষার বিভিন্ন আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা সবার প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের সংকটময় সময়ে বাহিনীগুলোর ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন প্রসঙ্গে সরকারপ্রধান জানান, তিন বাহিনীর সক্ষমতা সমন্বয়ের মাধ্যমে শক্তিশালী জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার নতুন পরিকল্পনা নির্দেশনা তৈরি করেছে।
তিনি বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা ব্যবস্থা প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। তাই সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির মতো ক্ষেত্রেও সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আধুনিক প্রশিক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন ও সদস্যদের কল্যাণ নিশ্চিত করে একটি দক্ষ, শৃঙ্খলাবদ্ধ এবং পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় সরকার। এ ক্ষেত্রে চেইন অব কমান্ড, সততা, দক্ষতা ও জনগণের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সশস্ত্র বাহিনীর সদস্যদের পাশাপাশি তাঁদের পরিবারের জীবনমান উন্নয়নেও সরকার কাজ করছে বলে জানান তিনি। এ লক্ষ্যে যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।
তারেক রহমান জানান, ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
দেশের দুর্যোগ মোকাবিলা ও আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমেও সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্যরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন এবং বিদেশের শান্তিরক্ষা মিশনে শহীদ ও আহত সেনাসদস্যদের স্মরণ করেন সরকারপ্রধান। তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।