সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসিন আরাফাত। তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৈঠকের মৌখিক আমন্ত্রণ পাওয়ার পর তাতে সম্মতি দিয়েছে দলটি। সোমবার এনসিপির একটি প্রতিনিধিদল আলোচনায় অংশ নেবে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও এনসিপি সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ জুলাই আন্দোলনে সক্রিয় অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পৃথক বৈঠক হতে পারে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী সর্বদলীয় আলোচনার আয়োজনের সম্ভাবনাও রয়েছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলের প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠার উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারের মতো বিষয়গুলো জাতীয় ঐক্যের ভিত্তিতে এগিয়ে নেওয়া প্রয়োজন বলে মনে করে তার দল।
এনসিপি সূত্র আরও জানায়, বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরির বিভিন্ন কারণ প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে। বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও আলোচনায় আসতে পারে।
এ ছাড়া গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নসহ দলের পাঁচ দফা দাবিও বৈঠকে উপস্থাপন করবেন এনসিপির নেতারা।