টেকনাফে বিপুল বিস্ফোরক উদ্ধার, আটক ২

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা, বিপুল বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) সকালে বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে। আটক দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
বিজিবির প্রাথমিক ধারণা, দেশের চলমান পরিস্থিতিতে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করেছিল। প্রতিবেশী মিয়ানমার থেকে এগুলো সংগ্রহ করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছে বাহিনী।
উদ্ধার করা অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর বিষয়ে আরও তদন্ত চলছে।