বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

news-image

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল বিকৃতির ঘটনায় এত দিন অসম্পূর্ণ সত্য প্রকাশ করা হয়েছিল বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট। তার দাবি, শুধু তিনি, স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার নন, বল বিকৃতির বিষয়ে জানত অস্ট্রেলিয়ার পুরো দল। এমনকি দলের কোচিং স্টাফ ও খেলোয়াড়দের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলেও জানিয়েছেন তিনি।

বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিজ্ঞতা তুলে ধরার জন্য একটি স্বাধীন মঞ্চ গঠনের ঘোষণা দেন। সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যানক্রফট। তবে ওই মঞ্চে কথা বলার পাশাপাশি জনসমক্ষে নিজের অভিজ্ঞতার বিস্তারিত তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ব্যানক্রফট বলেন, ‘খেলোয়াড় ও কর্মকর্তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য টডের বক্তব্যকে আমি স্বাগত জানাই।’

তিনি আরও বলেন, ‘স্বচ্ছতা আমাদের প্রিয় ক্রিকেটের প্রতি সম্মান জানানোর একটি উপায়। এই খেলাটি আমাদের সবার চেয়ে বড়। এ কারণেই আমি ওই আলোচনায় অংশ নেব। তবে একই কারণে আজই জনসমক্ষে আমার নিজের গল্প তুলে ধরা প্রয়োজন বলে মনে করছি।’

ব্যানক্রফটের দাবি, গত আট বছর ধরে পুরো দলের হয়ে এই ঘটনার দায়ের বোঝা তিনি একাই বহন করেছেন। অন্যদের রক্ষা করতে গিয়ে নিজের সামর্থ্যের চেয়েও বেশি দায়িত্ব কাঁধে নিয়েছিলেন তিনি।

তার ভাষায়, ‘আট বছর ধরে আমি পুরো দলের এই ঘটনার বোঝা নিজের কাঁধে নিয়েছি। এই বোঝা আমার সামর্থ্যের চেয়ে অনেক বেশি ভারী ছিল। আমি সবার হয়ে দায় নিজের ওপর নিয়েছিলাম, আর সেটি ছিল আমারই সিদ্ধান্ত।’

এত দিন তিনি দায়বদ্ধতা, সততা ও অস্ট্রেলীয় ক্রিকেটের অন্যতম অন্ধকার অধ্যায় থেকে পাওয়া শিক্ষা নিয়ে কথা বলেছেন। কিন্তু ২০১৮ সালে পুরো সত্য প্রকাশ করা হয়নি বলে স্বীকার করেছেন তিনি।

ব্যানক্রফট বলেন, ‘২০১৮ সালে পুরো সত্য বলা হয়নি। কী ঘটেছিল, সে বিষয়ে আমি কখনোই সম্পূর্ণ সৎ ছিলাম না।’

তার দাবি, দক্ষিণ আফ্রিকায় বলের ওপর শিরিষ কাগজ ব্যবহারের বিষয়টি শুধু স্মিথ, ওয়ার্নার ও তিনি জানতেন না; দলের সবাই এ বিষয়ে অবগত ছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের সময়ও তিনি পুরোপুরি সত্য বলেননি। বল বিকৃতি কখন শুরু হয়েছিল, কত দিন ধরে চলেছিল এবং অন্যদের সম্পৃক্ততা ও বিষয়টি সম্পর্কে তাদের জানাশোনার মতো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন।

নিজের এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে ব্যানক্রফট বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তকে সুরক্ষা দিতে এবং আমার আশপাশের অন্যদের জড়িয়ে না ফেলতেই আমি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলাম।’

 

সম্প্রতি উসমান খাজার আত্মজীবনী ‘সবর’ প্রকাশের পর দক্ষিণ আফ্রিকা সফরের স্মৃতিগুলো আবার সামনে এসেছে বলে জানিয়েছেন ব্যানক্রফট। তবে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের সংবাদ সম্মেলনই তাকে নিজের অভিজ্ঞতা প্রকাশে চূড়ান্তভাবে উদ্বুদ্ধ করেছে।

তিনি বলেন, ‘ওই সংবাদ সম্মেলন আমাকে ক্ষুব্ধ, বিশ্বাসভঙ্গের শিকার এবং একাকী বোধ করিয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরে আমি যা দেখেছি, অভিজ্ঞতা অর্জন করেছি এবং যার মধ্য দিয়ে গিয়েছি, তা সংবাদ সম্মেলনে কামিন্সের দেওয়া বক্তব্য কিংবা পরবর্তী বছরগুলোতে তার বলা কথার সঙ্গে মেলে না।’

উসমান খাজা ইতিমধ্যে যা বলেছেন, তার সমর্থনে নিজের কিছু গুরুত্বপূর্ণ স্মৃতির কথাও তুলে ধরেছেন ব্যানক্রফট। তার দাবি, এমন কিছু কথোপকথন ও ঘটনার বিবরণ এখনো প্রকাশ্যে আসেনি, যেগুলো এবার সামনে আনা প্রয়োজন।

আন্তর্জাতিক ক্রিকেটে তার ক্যারিয়ার কার্যত ধ্বংস হয়ে গেছে বলেও আক্ষেপ করেছেন ব্যানক্রফট। ২০১৯ সালে জাস্টিন ল্যাঙ্গার কোচ থাকার সময়ের পর থেকে আর অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ পাননি তিনি।

তার ভাষায়, ‘অসম্পূর্ণ একটি বিবরণকে রক্ষা করে চলার চেয়ে সত্য প্রকাশ করাই এখন আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

দক্ষিণ আফ্রিকা সফরের শুরু: বলের অবস্থা পরিবর্তনের চর্চা

২০১৮ সালের পোর্ট এলিজাবেথ ও কেপটাউন টেস্টে কী ঘটেছিল, তা বোঝার জন্য অস্ট্রেলিয়ার টেস্ট দলে নিজের শুরুর দিনগুলোর পরিবেশ তুলে ধরেছেন ব্যানক্রফট। এ জন্য তিনি ফিরে গেছেন ২০১৭-১৮ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে নিজের অভিষেক টেস্টের সময়ে।

ব্যানক্রফটের দাবি, দলের বলের অবস্থা ঠিক রাখার দায়িত্ব দীর্ঘদিন ধরে ডেভিড ওয়ার্নারের ওপর ছিল। রিভার্স সুইং সম্পর্কে তার ভালো ধারণা ছিল। বলের যত্ন নেওয়ার কৌশলেও দক্ষ ছিলেন তিনি। এ কারণে সতীর্থদের কাছে এ বিষয়ে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিল।

ব্যানক্রফট জানান, দলের মধ্যে বলের অবস্থা ঠিক রাখা নিয়ে নিয়মিত আলোচনা হতো। ওয়ার্নার নিঃস্বার্থভাবে দলের স্বার্থে এই কাজ করতেন।

অভিষেক টেস্টের স্মৃতি তুলে ধরে ব্যানক্রফট বলেন, ‘আমার প্রথম টেস্টেই একটি উইকেট পড়ার পর দলের অন্য সদস্যদের সঙ্গে আমাকে বলের সেলাইয়ের অংশটি আঙুল দিয়ে ঘষে ঠিক করতে বলা হয়েছিল।’

তার ব্যাখ্যা, বলের ওই অংশে ঘষাঘষি করলে এক পাশের পৃষ্ঠ আরও খসখসে হতে পারে, যা রিভার্স সুইং পেতে সহায়তা করে। দলের নির্দেশনা অনুযায়ী কাজটি করতেন তারা। নতুন খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়া দলে যোগ দেওয়ার পর এটিকে দলের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবেই মেনে নিয়েছিলেন তিনি।

ব্যানক্রফট বলেন, ‘বৈধভাবে বলের যত্ন নেওয়া এবং ইচ্ছাকৃতভাবে বলের অবস্থা পরিবর্তন করার মধ্যে পার্থক্য নিয়ে আমি কখনো প্রশ্ন তুলিনি। তখন এসব চর্চা এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে বিষয়টি নিয়ে খুব একটা ভাবতামও না।’

 

তার মতে, অস্ট্রেলিয়া দলে তার পথচলার শুরু থেকেই দলটি ছিল নির্মম মানসিকতার। জয়ের জন্য সুবিধা আদায় করতে তারা বিভিন্ন সীমা অতিক্রম করতেও প্রস্তুত ছিল।

ডারবানে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে অবশ্য শিরিষ কাগজ ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন ব্যানক্রফট। তখন লালা ব্যবহারসহ প্রচলিত পদ্ধতিতে বলের যত্ন নেওয়া হতো। বলের সেলাইয়ের অংশ খোঁচানোর চর্চাও চলছিল। তবে মিন্ট বা লজেন্স ব্যবহৃত হয়েছিল কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি। ওই ম্যাচে বলের দায়িত্বেও ছিলেন না ব্যানক্রফট।

কিন্তু পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে পরিস্থিতি বদলে যায়। তার ভাষায়, সেটি ছিল আগের চেয়ে অনেক বড় পদক্ষেপ। আর সেখানেই সরাসরি বল বিকৃতির কাজে যুক্ত হন তিনি।

প্রথম টেস্টে ডারবানে জয়ের পর অস্ট্রেলিয়া দল আত্মবিশ্বাসে ভরপুর ছিল। দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর কিছুটা অহংকারীও হয়ে উঠেছিলেন তারা। প্রতিপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করতে পেরেছেন বলে মনে করছিলেন অস্ট্রেলীয়রা। সেই ধারাবাহিকতা দ্বিতীয় টেস্টেও ধরে রাখতে চেয়েছিলেন তারা।

ব্যানক্রফটের ভাষ্য অনুযায়ী, পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২৪৩ রানে অলআউট হয়। সবুজ ঘাসে ঢাকা উইকেটে ব্যাটিং করা কঠিন ছিল। দ্বিতীয় দিন চা-বিরতির সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২ উইকেটে ১৫৩ রান। ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে স্বাগতিকদের হাতে চলে যাচ্ছিল। বল সুইং করাতে না পারায় অস্ট্রেলিয়া চাপে পড়ে।

দ্বিতীয় দিনের চা-বিরতির সময় দলের মধ্যে পরিস্থিতি বদলানোর তাগিদ তৈরি হয়। বিরতি ছিল মাত্র ২০ মিনিটের। টেস্ট ম্যাচের বিরতির মতো তখন কোচরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলছিলেন। কীভাবে উইকেট নেওয়া যায় এবং প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করা যায়, তা নিয়ে আলোচনা চলছিল।

ব্যানক্রফটের দাবি, ড্রেসিংরুমের আলোচনায় খেলোয়াড় ও কোচিং স্টাফ সবাই যুক্ত ছিলেন। কেউ কেউ বেশি মতামত দিচ্ছিলেন, তবে সবার লক্ষ্য ছিল অস্ট্রেলিয়াকে টেস্টে জেতানো।

সেই সময় তাকে একটি কাজ করতে বলা হয়। ব্যানক্রফট জানান, বিষয়টি নিয়ে তিনি অস্বস্তিতে ছিলেন এবং নিজেকে কঠিন পরিস্থিতিতে দেখতে পান। তিনি জানতেন, কাজটি ভুল। শিরিষ কাগজ দিয়ে বলের অবস্থা পরিবর্তন করা শুধু ক্রিকেটের নিয়মের সীমা অতিক্রম করা নয়, এটি ছিল সরাসরি প্রতারণা।

তার দাবি, চা-বিরতির শেষ দিকে বল রিভার্স সুইং করানো নিয়ে ড্রেসিংরুমে আলোচনা হয়। সেই আলোচনায় বোলিং কোচ ডেভিড সাকার ও প্রধান কোচ ড্যারেন লেম্যান উপস্থিত ছিলেন। অন্য খেলোয়াড়েরাও আসা-যাওয়া করছিলেন।

বল চকচকে করা কিংবা লালা ব্যবহারের মতো প্রচলিত পদ্ধতিতে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছিল না। তখন ডেভিড ওয়ার্নার বলের এক পাশ খসখসে করতে শিরিষ কাগজ ব্যবহারের প্রস্তাব দেন।

ব্যানক্রফটের দাবি, টেলিভিশন ক্যামেরার নজর সব সময় ওয়ার্নারের ওপর থাকায় তিনি নিজে কাজটি করতে পারবেন না বলে জানিয়েছিলেন। পুরো সফরেই বিষয়টি নিয়ে দলের মধ্যে আলোচনা ছিল। এ কারণে ওয়ার্নার নিজের আঙুলে বাঁধা ফিতায় মজার কথা লিখতেন এবং সতীর্থদের সঙ্গে এ নিয়ে হাসিঠাট্টাও করতেন।

ব্যানক্রফটের ধারণা, ওয়ার্নার শুধু নিজের স্বার্থে কাজটি করতে বলেননি। বরং ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পেতে দলের হয়ে কিছু করার চেষ্টা থেকেই এমন প্রস্তাব দিয়েছিলেন।

তিনি বলেন, ‘এতে ওয়ার্নারের কিংবা আমার সম্পৃক্ততা কোনোভাবেই বৈধ হয়ে যায় না। তবে আলোচনাটি এমন একটি দলীয় পরিবেশে হয়েছিল, যেখানে সবাই মরিয়া হয়ে ম্যাচের পরিস্থিতি নিজেদের পক্ষে নিতে চাইছিল।’

ব্যানক্রফটের দাবি, দলের বোলারদের জন্যই মূলত কাজটি করা হয়েছিল। তবে বৃহত্তর অর্থে পুরো দলের জয়ই ছিল তাদের লক্ষ্য। ড্রেসিংরুমে উপস্থিত কয়েকজন প্রস্তাবটির সঙ্গে একমত হয়েছিলেন।

তার ভাষ্য অনুযায়ী, সাকার ও লেম্যান সেখানে উপস্থিত ছিলেন। তবে কে কী বলেছিলেন, তা নিয়ে সবার হয়ে নিশ্চিত করে কিছু বলতে চাননি তিনি। অধিনায়ক স্টিভ স্মিথ আলোচনায় যোগ দিয়ে বিষয়টি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলেন এবং এতে জড়াতে চান না বলে জানিয়েছিলেন।

আবার কয়েকজন তাকে সতর্কও করেছিলেন। কেউ তাকে সাবধানে থাকতে বলেছিলেন, কেউ জানিয়েছিলেন, তার জায়গায় থাকলে তারা কাজটি করতেন না।

ব্যানক্রফট বলেন, ‘আমি জানতাম কাজটি ভুল। শিরিষ কাগজ ব্যবহার করা শুধু ক্রিকেটের নিয়মের সীমা অতিক্রম করা নয়, এটি প্রতারণা।’

তারপরও কাজটি করতে রাজি হন তিনি। তখন মাত্র নিজের সপ্তম টেস্ট খেলছিলেন ব্যানক্রফট। অস্ট্রেলিয়া দলে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য মরিয়া ছিলেন। সতীর্থদের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার আকাঙ্ক্ষাও ছিল তার।

তিনি বলেন, ‘আমি তখন খুবই তরুণ এবং সহজে প্রভাবিত হওয়ার মতো অবস্থায় ছিলাম। সতীর্থদের কাছে গ্রহণযোগ্য হতে চাইতাম। শুধু রান করা কিংবা ক্যাচ নেওয়ার জন্য নয়, এমন একজন হতে চাইতাম, যার ওপর সতীর্থরা নির্ভর করতে পারে। সেই আকাঙ্ক্ষাই আমার বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলেছিল।’

অবশেষে কাজটি করতে সম্মত হন তিনি।

 

ক্যামেরার আড়ালে শিরিষ কাগজের ব্যবহার

উসমান খাজার বইয়েও বলের অবস্থা পরিবর্তনের উপযুক্ত সময় সম্পর্কে দলের ধারণার কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন ব্যানক্রফট।

তার দাবি, চা-বিরতির পর মাঠে ফেরার সময় আম্পায়াররা বলটি সীমানার কাছাকাছি মাঠের ওপর রেখে দিতেন। সম্প্রচারমাধ্যমের ক্যামেরা তখন খেলোয়াড়দের দিকে সরাসরি নজর দিত না। সেশন শুরুর সময় পর্দায় দুই দলের দেশের পরিচিতিচিহ্ন দেখানো হতো। দলগতভাবে মাঠে যাওয়ার কিছুটা সময় পর ক্যামেরা তাদের দেখাতে শুরু করত।

ব্যানক্রফটের ভাষ্য, ওয়ার্নার তাকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলেন। অন্যরাও এ বিষয়ে নিজেদের মতামত জানিয়েছিলেন।

দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে শিরিষ কাগজ সঙ্গে নিয়ে মাঠে যান ব্যানক্রফট। বল হাতে পাওয়ার পর সেটি দিয়ে বলের এক পাশ ঘষতে শুরু করেন।

তবে প্রথমবার কাজটি করে বলের ওপর কতটা প্রভাব পড়েছে, তা বুঝতে পারেননি তিনি। কারণ এর আগে কখনো এমন কাজ করেননি।

এরপর নিয়মিত বোলারদের সঙ্গে কথা বলতে থাকেন ব্যানক্রফট। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের কাছে বল যথেষ্ট রিভার্স সুইং করছে কি না, তা জানতে চাইতেন। উইকেটের পেছনে থাকা টিম পেইনের কাছ থেকেও প্রতিক্রিয়া নিতেন।

তার যুক্তি, কাজটি কার্যকর হচ্ছে কি না, তা বোঝার জন্য বোলার ও উইকেটরক্ষকের কাছ থেকে মতামত নেওয়া প্রয়োজন ছিল।

ব্যানক্রফটের দাবি, বোলাররা বলের অবস্থা নিয়ে তাকে নিয়মিত মতামত দিতেন। বল সুইং না করলে আরও কাজ করার পরামর্শও দেওয়া হতো।

তিনি বলেন, ‘বল সুইং করছে কি না, হচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তর পেতাম। বলা হতো, এখনো হচ্ছে না, আরও কাজ করতে হবে। তখন আমি আবার শিরিষ কাগজ ব্যবহার করতাম।’

কখনো কখনো তার কাজ অতিরিক্ত স্পষ্ট হয়ে যাচ্ছে আশঙ্কায় তাকে থামতেও বলা হয়েছিল বলে দাবি করেন ব্যানক্রফট।

তার মতে, বলের ওপর শিরিষ কাগজের প্রভাব নিয়ে মাঠে নিয়মিত আলোচনা হতো। বিষয়টি ছিল স্বাভাবিক কথোপকথনের মতো। সতীর্থদের কাছে নিজের কাজ নিয়ে অবিশ্বাসও প্রকাশ করেছিলেন তিনি।

ব্যানক্রফট বলেন, ‘আট বছর ধরে আমি নীরবে কষ্ট সহ্য করেছি। অতীত বদলাতে পারব না। তবে এখন আমি কী করছি, তা পরিবর্তন করতে পারি।’

তার দাবি, সবাই জানতেন তার কাজটি ঝুঁকিপূর্ণ এবং নিয়মবহির্ভূত। তবু বলের সুইং বাড়তে শুরু করলে দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এমনকি ওই দিন শেষ সেশনে মাত্র ২৮ রানে চার উইকেট তুলে নেয় অস্ট্রেলিয়া।

ব্যানক্রফটের ভাষায়, ‘এটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা ছিল।’

তিনি আরও দাবি করেন, মাঠে ফেরার পর একবারই শুধু শিরিষ কাগজ ব্যবহার করেননি। ওই দিনের শেষ সেশনে প্রায় প্রতিটি ওভারেই বলের ওপর কাজ করেছেন। এরপর কেপটাউন টেস্টে ধরা পড়ার আগপর্যন্ত দ্বিতীয় টেস্টের বাকি সময়ও একই কাজ চালিয়ে গেছেন।

ব্যানক্রফট স্বীকার করেন, দলের জন্য এই দায়িত্ব পালনের সিদ্ধান্ত তিনি নিজেই নিয়েছিলেন।

তার স্মৃতিচারণ অনুযায়ী, মিচেল মার্শ উইকেট নেওয়ার পর বল এত বেশি সুইং করায় মজা করে বলেছিলেন, আগে কখনো তিনি এমন সুইং করাতে পারেননি। উইকেট পড়লে দলের মধ্যে হাসি ও উদ্‌যাপন চলত।

ব্যানক্রফটের দাবি, বলের ওপর শিরিষ কাগজের এমন প্রভাব দেখে তিনি নিজেও বিস্মিত হয়েছিলেন। দলের ভালো পারফরম্যান্সে নিজের অবদান রাখতে পেরে খুশি ছিলেন। সতীর্থরাও তাকে প্রশংসা করতেন।

তিনি বলেন, ‘দারুণ কাজ, ব্যানক্রফট। চালিয়ে যাও। আবার একই সঙ্গে সতর্কও থাকতে বলা হতো। স্টিভ যেমন বলেছিল, আমি যেন এ বিষয়ে কিছু না জানি।’

ব্যানক্রফটের মতে, তত দিনে তারা এমন এক পরিস্থিতিতে ঢুকে পড়েছিলেন, যেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে গিয়েছিল।

তার দাবি, তিনি শিরিষ কাগজ দিয়ে বলের অবস্থা পরিবর্তন করছিলেন এবং সতীর্থদের সঙ্গে বলের কার্যকারিতা নিয়ে আলোচনা করছিলেন। তারা জানতেন, তিনি শুধু বলের সেলাইয়ের অংশ খোঁচাচ্ছেন না, বরং শিরিষ কাগজ ব্যবহার করছেন।

পোর্ট এলিজাবেথে কোচ ও খেলোয়াড়দের প্রতিক্রিয়া

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের সকালে অনুশীলনের আগে দলের নিয়মিত আলোচনায় বসেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরা। আগের দিনের ঘটনা নিয়ে আলোচনা হয়। পরবর্তী দিনের পরিকল্পনা এবং সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো নিয়েও কথা হয়।

ব্যানক্রফটের দাবি, আগের দিন সন্ধ্যায় শিরিষ কাগজ দিয়ে বল বিকৃতির বিষয়টি আলোচনায় আসে। দলের সামনে তার ভূমিকার স্বীকৃতিও দেওয়া হয়।

তিনি জানান, আগের দিন শেষ সেশনে চার উইকেট নেওয়ার পর যেমন প্রশংসা পেয়েছিলেন, তেমনি খেলোয়াড় ও কোচিং স্টাফদের কাছ থেকেও উৎসাহ পেয়েছিলেন। বিশেষ করে ডেভিড সাকার তাকে প্রশংসা করেছিলেন।

এতে তার মনে হয়েছিল, দলের সম্মিলিত প্রচেষ্টার অংশ হিসেবেই তার কাজটি গ্রহণ করা হয়েছে।

তবে সবার প্রতিক্রিয়া এক রকম ছিল না। অস্ট্রেলিয়ার সংবাদ ব্যবস্থাপক কেট হাচিসন এ কাজের বিরোধিতা করেছিলেন বলে দাবি করেছেন ব্যানক্রফট।

তার ভাষ্য অনুযায়ী, কেট স্পষ্ট করে জানিয়েছিলেন, তিনি বিষয়টিকে ভুল মনে করেন এবং এর সঙ্গে কোনোভাবেই যুক্ত হতে চান না। এ কথা বলেই তিনি আলোচনা থেকে সরে যান।

ব্যানক্রফট বলেন, ‘আমি কখনো সেই ঘটনাটি ভুলব না। কেউ একজন প্রতিবাদ করেছিলেন। তিনি দেখিয়েছিলেন, দলের অংশ হওয়ার অর্থ এই নয় যে দল যা করছে, তার সবকিছুই মেনে নিতে হবে। অথচ আমি সেই প্রতিবাদ উপেক্ষা করেছিলাম।’

তিনি আরও বলেন, কেটের বক্তব্য ও আচরণের বাইরে তার চিন্তাভাবনা সম্পর্কে তিনি কিছু বলতে চান না। নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ কেটেরও প্রাপ্য।

ব্যানক্রফটের মতে, কেটের প্রতিবাদ একটি বিষয় স্পষ্ট করে দেয়—কেউই এ ঘটনা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন না। তারা পারতেন, তিনিও পারতেন। কিন্তু তিনি কাজটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

শেষ পর্যন্ত এবি ডি ভিলিয়ার্সের অসাধারণ ইনিংসের সুবাদে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা জয় পায়। ফলে বল বিকৃতির মাধ্যমে যে সুবিধা পাওয়ার চেষ্টা করেছিল অস্ট্রেলিয়া, তা যথেষ্ট হয়নি। নিজেদের সততা বিসর্জন দিয়েও ম্যাচটি হেরে যায় তারা।

কেপটাউন টেস্টের আগে উদ্বেগ

দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মধ্যে বেশ কিছুদিন বিরতি ছিল। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছিলেন ব্যানক্রফট। হাঙরের সঙ্গে সাঁতার কেটেছিলেন, ক্যাম্পস বে ঘুরেছিলেন, একা টেবিল মাউন্টেনের চূড়ায় উঠেছিলেন এবং সতীর্থদের সঙ্গে স্টেলেনবশের আঙুরবাগানও পরিদর্শন করেছিলেন।

তার মতে, দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সফরের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর মধ্যে এসব থাকার কথা ছিল।

কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে ফিল্যান্ডার, রাবাদা, মরকেল ও মহারাজের বিপক্ষে ১০৩ বলে ৭৬ রানের ইনিংসটিও ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা। কিন্তু মাঠে নিজের করা কাজের কথা মনে পড়লে এখন সেই সময়ের স্মৃতিগুলো আর ভালো লাগে না।

ব্যানক্রফটের দাবি, তত দিনে বল বিকৃতির কাজটি দলের মধ্যে নিজের দায়িত্বের অংশ বলে মনে করতে শুরু করেছিলেন তিনি। বিষয়টি নিয়ে উদ্বিগ্নও ছিলেন।

কেপটাউন টেস্টের আগে অনুশীলনের সময় সংবাদ ব্যবস্থাপক কেট হাচিসনের সঙ্গে এ নিয়ে কথা বলেন তিনি। বল বিকৃতির সময় ধরা পড়লে কী হতে পারে, তা জানতে চেয়েছিলেন। কেট বিষয়টির গুরুত্ব বিবেচনায় আলোচনায় যেতে চাননি। শুধু বলেছিলেন, ‘ভালো কিছু হবে না।’

কেপটাউনের নিউল্যান্ডসের ড্রেসিংরুমের বিন্যাস ছিল কিছুটা অস্বাভাবিক। উসমান খাজা তার বইয়ে এ বিষয়ে লিখেছেন বলেও উল্লেখ করেন ব্যানক্রফট। ছোট ড্রেসিংরুমে উসমান ও টিম পেইনের পাশে বসেছিলেন তিনি।

ব্যানক্রফটের দাবি, মাঠে বল বিকৃতির কাজ আরও বাড়ানোর জন্য একজন কোচ তাকে নির্দেশ দিয়েছিলেন। সেই কোচ ছিলেন ডেভিড সাকার। এ বিষয়ে আগে যে আলোচনা হয়েছিল, তা সত্য বলেও নিশ্চিত করেছেন তিনি।

পোর্ট এলিজাবেথের মতো কেপটাউনেও বলের সুইং নিয়ে বোলারদের সঙ্গে নিয়মিত কথা বলতেন ব্যানক্রফট। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল মার্শের কাছ থেকে মতামত নিতেন। উইকেটের পেছনে টিম পেইন এবং স্লিপে থাকা অন্যদের কাছ থেকেও প্রতিক্রিয়া চাইতেন।

তার দাবি, সবাই বলতেন, তিনি যথেষ্ট কাজ করছেন না।

তবে কেপটাউনের আবহাওয়া ও মাঠের পরিস্থিতির কারণে শিরিষ কাগজ ব্যবহার করেও আগের মতো ফল পাওয়া যাচ্ছিল না। আর্দ্রতা ও উইকেটের সবুজ ঘাসের কারণে রিভার্স সুইং করানো কঠিন হয়ে পড়েছিল। তারপরও বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে যান তিনি।

ব্যানক্রফট জানান, পরবর্তী বছরগুলোতে বোলারদের সঙ্গে বলের গতিপ্রকৃতি নিয়ে হওয়া কথোপকথনগুলো তাকে ভীষণভাবে ভাবিয়েছে। পরে যখন প্রকাশ্যে কেউ কেউ শিরিষ কাগজ ব্যবহারের বিষয়টি অস্বীকার করেন, তখন নিজের স্মৃতির সঙ্গে সেই বক্তব্যগুলো মেলাতে পারেননি।

তবে তিনি স্বীকার করেছেন, বল রিভার্স সুইং করছে জানা, বলের অবস্থা পরিবর্তন করা হয়েছে বলে সন্দেহ করা এবং নির্দিষ্টভাবে শিরিষ কাগজ ব্যবহার করা হয়েছে জানা—এই তিনটির মধ্যে পার্থক্য রয়েছে।

এরপরই আসে সেই মুহূর্ত, যখন টেলিভিশন ক্যামেরায় ধরা পড়ে তার শিরিষ কাগজ ব্যবহারের ঘটনা। সবকিছু বদলে যায়।

কেপটাউনে ধরা পড়ার পরও পুরো সত্য প্রকাশ করা হয়নি

কেপটাউন টেস্টে টেলিভিশন ক্যামেরায় ব্যানক্রফটের শিরিষ কাগজ ব্যবহারের দৃশ্য ধরা পড়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। বিরতির সময় পিটার হ্যান্ডসকম মাঠে এসে তার কাছ থেকে শিরিষ কাগজটি নিয়ে নেন এবং নিজের ট্রাউজারের ভেতরে লুকিয়ে ফেলেন।

ব্যানক্রফটের দাবি, হ্যান্ডসকম তাকে বলেছিলেন, ‘আমার মনে হয়, এবার এটি তোমার কাছ থেকে নিয়ে নেওয়ার সময় হয়েছে।’

তার ভাষ্য অনুযায়ী, কোচ ড্যারেন লেম্যান ওয়াকিটকিতে হ্যান্ডসকমকে নির্দেশ দিয়েছিলেন, ‘ব্যানক্রফটের কাছ থেকে এখনই শিরিষ কাগজটি সরিয়ে নাও।’

ব্যানক্রফটের ধারণা, হ্যান্ডসকম যদি বিষয়টি সম্পর্কে কিছুই না জানতেন, তাহলে এমন কথা বলতেন না। তার মতে, তখন আর কারও অজানা থাকার সুযোগ ছিল না।

তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা সবাই জানতাম।’

ঘটনাটি প্রকাশ্যে আসার পর কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হবে, তা নিয়ে দলের মধ্যে জরুরি আলোচনা শুরু হয়। ব্যানক্রফটের স্মৃতিচারণ অনুযায়ী, কেউ কেউ পরদিন পর্যন্ত অপেক্ষা করে ঠান্ডা মাথায় সংবাদমাধ্যমের সামনে বক্তব্য দেওয়ার পক্ষে ছিলেন।

তবে অধিনায়ক স্টিভ স্মিথ তাৎক্ষণিকভাবে বিষয়টি স্বীকার করার পক্ষে ছিলেন। তার ধারণা ছিল, দায় স্বীকার করলে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং দল আবার খেলায় মনোযোগ দিতে পারবে।

ব্যানক্রফট জানান, তিনি স্মিথের সঙ্গে সংবাদ সম্মেলনে যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ নিজের কাজের দায় স্বীকার করা প্রয়োজন বলে মনে করেছিলেন।

কিন্তু তখনো পুরো সত্য প্রকাশ করা হয়নি।

ব্যানক্রফটের দাবি, সংবাদ সম্মেলনের আগে ডেভিড সাকার বিশেষভাবে সতর্ক করেছিলেন, যেন বল বিকৃতিতে শিরিষ কাগজ ব্যবহারের কথা বলা না হয়। অন্য কোচ, কর্মকর্তা ও খেলোয়াড়দের মধ্যেও এ বিষয়ে আলোচনা হয়েছিল। কেউ কেউ একমত ছিলেন, আবার কেউ কেউ দ্বিমত করেছিলেন।

তার ভাষায়, ‘আমরা শিরিষ কাগজ ব্যবহারের কথা বলতে পারব না।’

শেষ পর্যন্ত সেই পরামর্শ মেনে নেওয়া হয়। শিরিষ কাগজের কথা স্বীকার না করে বল বিকৃতির কথা বলা হয়। বলা হয়েছিল, বলের ওপর আঠাযুক্ত ফিতা ও মাঠ থেকে সংগ্রহ করা কোনো বস্তু ব্যবহার করা হয়েছে।

ব্যানক্রফট বলেন, ‘সেটি ছিল আরেকটি মিথ্যা। অথচ তখন আমরা নিজেদের দায় স্বীকার করছি বলে দাবি করছিলাম।’

সেই সংবাদ সম্মেলনের কথা মনে করে এখনো অনুতপ্ত তিনি। তার মতে, তখন তারা ভীত ছিলেন, প্রচণ্ড চাপের মধ্যে ছিলেন এবং দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন।

কেপটাউন টেস্টের বাকি সময়টাও ছিল উত্তেজনাপূর্ণ। ব্যক্তিগত আলোচনা, অনিশ্চয়তা এবং সবকিছু ভেঙে পড়ার আশঙ্কায় অস্থির ছিলেন দলের সদস্যরা। এমনকি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও এ ঘটনায় মন্তব্য করেছিলেন।

ম্যাচ শেষে সফরে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ বৈঠক হয়। কীভাবে কেলেঙ্কারির প্রতিক্রিয়া জানানো হবে এবং জনসমক্ষে কোন তথ্যগুলো স্বীকার করা প্রয়োজন, তা নিয়ে আলোচনা চলে।

তত দিনে শিরিষ কাগজ ব্যবহারের বিষয়টি আর গোপন রাখা সম্ভব ছিল না।

ব্যানক্রফটের দাবি, সেই বৈঠকে কেউ উঠে দাঁড়িয়ে বলেননি যে তিনি শিরিষ কাগজ ব্যবহারের বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত ছিলেন। বরং সবাই তাকে কী বলা উচিত এবং কী বলা উচিত নয়, সে বিষয়ে পরামর্শ দিচ্ছিলেন। দলের ক্ষতি যতটা সম্ভব কমিয়ে আনার চেষ্টা ছিল সবার।

তিনি বলেন, ‘আমি নিজেকে বোঝাতে শুরু করেছিলাম যে দলের উপকারের জন্যই দায়িত্বটি পালন করেছি। কিন্তু তখন আমার সামনে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।’

শেষ পর্যন্ত পুরো দলের দায় নিজের কাঁধে নেওয়ায় তিনি বলির পাঁঠা হয়ে গেছেন বলে মনে করেন ব্যানক্রফট।

 

২০২১ সালে আবারও বিতর্কের সূত্রপাত

২০২১ সালে কাউন্টি ক্রিকেটে ডারহামের হয়ে খেলার সময় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ব্যানক্রফট। সেখানে অস্ট্রেলিয়ার বোলাররা বল বিকৃতির বিষয়ে জানতেন কি না, সে প্রশ্ন করা হয়েছিল তাকে।

প্রশ্নটি শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার ঘটনার পর অনেক বছর ধরে সেখান থেকে বেরিয়ে এসে ক্রিকেটে মনোযোগ দেওয়ার চেষ্টা করছিলেন।

একপর্যায়ে বোলারদের জানাশোনা নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, বিষয়টি ‘স্বয়ংস্পষ্ট’।

ব্যানক্রফটের দাবি, বড় কোনো তথ্য প্রকাশ করার উদ্দেশ্যে কথাটি বলেননি তিনি। কিন্তু ওই কয়েকটি শব্দেই আবার নতুন করে বিতর্ক শুরু হয়।

এরপর প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন যৌথ বিবৃতি দেন। সেখানে তারা জানান, নিউল্যান্ডসে টেলিভিশন ক্যামেরায় ঘটনা ধরা পড়ার আগে বল বিকৃতির জন্য শিরিষ কাগজ মাঠে নেওয়ার বিষয়ে তারা জানতেন না।

ব্যানক্রফট বলেন, ‘বিবৃতিটি পড়ে আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। পোর্ট এলিজাবেথ ও নিউল্যান্ডসে মাঠের মধ্যে হওয়া কথোপকথন, বলের অবস্থা নিয়ে পাওয়া মতামত এবং উইকেট নেওয়ার পর সতীর্থদের সম্মিলিত উদ্‌যাপনের স্মৃতিগুলোর সঙ্গে ওই বক্তব্য মেলানো আমার জন্য কঠিন ছিল।’

তবে তিনি এটিও স্বীকার করেন, এত দিন পর্যন্ত ওই কথোপকথনগুলোর পূর্ণ বিবরণ জনসমক্ষে প্রকাশ করেননি।

তার মতে, উসমান খাজা, ডেভিড ওয়ার্নার কিংবা মিচেল মার্শও বিভিন্ন সময়ে এ বিষয়ে প্রকাশ্যে পুরোপুরি কথা বলেননি। কারণ, সবাই অস্ট্রেলিয়ার হয়ে খেলার সুযোগ ধরে রাখতে চেয়েছিলেন।

ব্যানক্রফটের ভাষায়, ‘অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার আকাঙ্ক্ষাই আমাদের চুপ থাকতে বাধ্য করেছে। পুরো ঘটনা প্রকাশ করলে ক্রিকেট অস্ট্রেলিয়া চাপে পড়ত এবং আগে বলা মিথ্যাগুলোও সামনে চলে আসত। বছরের পর বছর ধরে এই দ্বন্দ্বের সঙ্গে আমাকে লড়তে হয়েছে।’

তিনি জানান, প্রকাশ্যে বোলারদের অস্বীকারের প্রতিক্রিয়া তাকে কষ্ট দিয়েছিল। ঘটনার পর নিজের জীবনের অর্থ ও ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন।

শাস্তি ভোগ করেও জাতীয় দলে ফিরতে পারেননি

২০১৮ সালে শাস্তি মেনে নেওয়ার সময় ব্যানক্রফটের বিশ্বাস ছিল, ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথের সঙ্গে পুরো ঘটনার দায় নিজেদের কাঁধে নিলে, নিষেধাজ্ঞা ভোগ করলে এবং নিজেদের পরিবর্তনের প্রমাণ দিতে পারলে একসময় আবার জাতীয় দলে ফেরার সুযোগ পাবেন।

যে সতীর্থদের সঙ্গে তিনি ড্রেসিংরুম ভাগাভাগি করেছিলেন, তারাও তার নেওয়া দায়িত্বের বিষয়টি বুঝবেন বলে আশা করেছিলেন। সময়ের সঙ্গে নিজের পারফরম্যান্স ও আচরণের মাধ্যমে আবার অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করতে চেয়েছিলেন তিনি।

তবে শেফিল্ড শিল্ডে কিছু সময় খারাপ ফর্মের কারণে টেস্ট দলে নির্বাচনের দৌড়ে পিছিয়ে ছিলেন বলে স্বীকার করেছেন ব্যানক্রফট। আবার এমন সময়ও গেছে, যখন নিজের পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলে সুযোগ পাওয়ার যথেষ্ট যোগ্যতা অর্জন করেছেন বলে মনে করেছিলেন।

নিয়মিত অনুশীলন করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন, রান করেছেন এবং অস্ট্রেলিয়ার টেস্ট দলের সবুজ টুপি পরার স্বপ্ন ধরে রেখেছেন। কিন্তু প্রত্যাশিত সুযোগ আর আসেনি।

ব্যানক্রফট বলেন, ‘দল নির্বাচন অনেক জটিল বিষয়। ক্রিকেটীয় কারণ, অন্য খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা, ভিন্ন ভিন্ন পরিবেশ এবং এমন অনেক সিদ্ধান্ত থাকে, যেগুলোর সঙ্গে আমি যুক্ত নই। অনেক বছর ধরে নির্বাচকদের প্রক্রিয়ার ওপর আস্থা রেখে অপেক্ষা করেছি।’

তবে দক্ষিণ আফ্রিকার ঘটনার অমীমাংসিত বিষয়গুলো তার দলে সুযোগ না পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে কি না, সেই প্রশ্নও মনে এসেছে বলে স্বীকার করেছেন তিনি।

তার দাবি, গত ছয় বছরে প্রতিযোগিতায় যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি শতরান করেছেন তিনি। এর মধ্যে অর্ধেকের বেশি সময় সর্বোচ্চ রান সংগ্রাহকদের প্রথম তিনজনের মধ্যেও ছিলেন। তারপরও জাতীয় দলে ফেরার সুযোগ পাননি।

২০২১ সালে ‘স্বয়ংস্পষ্ট’ মন্তব্যের পর অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে নিজেকে ক্রমেই অস্বস্তিকর অবস্থায় আবিষ্কার করেন ব্যানক্রফট।

তার মনে প্রশ্ন জেগেছিল, অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে তার উপস্থিতি কি এমন কিছু পুরোনো প্রশ্ন আবার সামনে নিয়ে আসবে, যেগুলো অন্যরা ভুলে যেতে চান? তাকে দলে না নেওয়াই কি সংশ্লিষ্টদের কাছে সবচেয়ে সহজ সমাধান হয়ে দাঁড়িয়েছে?

তিনি বলেন, ‘আমার মনে হয়, এটি অন্যায্য।’

ব্যানক্রফটের মতে, সবচেয়ে কষ্টের বিষয় ছিল কেউ তার দৃষ্টিভঙ্গি এবং দক্ষিণ আফ্রিকায় আসলে কী ঘটেছিল, তার পুরো সত্যটি বুঝতে চাননি। অস্ট্রেলিয়ার নির্বাচক ও কোচিং স্টাফদের সিদ্ধান্তের ক্ষেত্রেও বিষয়টি প্রভাব ফেলেছে বলে তার ধারণা।

নিজের ভুল স্বীকার করে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া দলে সবার আপনজন হতে চেয়েছিলাম বলেই ভয়াবহ একটি সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি ভুল করেছি, নিজের ভুলের দায় নিয়েছি, কঠিন শাস্তি ভোগ করেছি। এরপর ফিরে এসে রান করেছি। আশা করেছিলাম, আবার অস্ট্রেলিয়া দলে সুযোগ পাব। কিন্তু সেটি এখনো হয়নি।’

তার অভিযোগ, গত আট বছরে এই ঘটনা তাকে স্থায়ীভাবে দলের বাইরের একজন মানুষে পরিণত করেছে।

ব্যানক্রফট বলেন, ‘আট বছর ধরে আমি নীরবে কষ্ট সহ্য করেছি। অতীত বদলাতে পারব না। তবে এখন আমি কী করছি, তা পরিবর্তন করতে পারি।’

সত্য প্রকাশের সিদ্ধান্ত

উসমান খাজার আত্মজীবনী প্রকাশের পর ব্যানক্রফটের মনে হয়েছে, দক্ষিণ আফ্রিকার সেই ঘটনা আসলে কখনোই পুরোপুরি মীমাংসা হয়নি। এখনো অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। বিভিন্ন ব্যক্তির স্মৃতিচারণেও রয়েছে অসংগতি। ঘটনার পরিণতি প্রত্যেকে ভিন্নভাবে বহন করে চলেছেন।

তবে নিজের বক্তব্যই সব প্রশ্নের চূড়ান্ত উত্তর, এমন দাবি করেননি ব্যানক্রফট। তিনি বলেন, ‘এখন আমি যে সত্য জানাতে প্রস্তুত, সেটি প্রকাশ্যে এবং সম্পূর্ণভাবে তুলে ধরছি।’

তার মতে, পুরো ঘটনার কেন্দ্রে থাকা একজন হিসেবে আর সবার হয়ে এই বোঝা বহন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

ব্যানক্রফট বলেন, ‘কেউ আমাকে এই বক্তব্য লিখতে চাপ দেয়নি। আর্থিক সুবিধা পাওয়ার জন্যও আমি এটি প্রকাশ করছি না। দক্ষিণ আফ্রিকায় যা ঘটেছিল, তার সব দায় একা বহন করতে করতে আমি আর পারছি না।’

সম্প্রতি অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্কও এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন। ক্লার্কের বক্তব্য উদ্ধৃত করে ব্যানক্রফট বলেন, ‘এখন আমাদের সামনে একটি সুযোগ এসেছে। আমি চাই, প্রকৃত সত্য যা-ই হোক, তা পুরোপুরি প্রকাশিত হোক। সবাই যেন অবশেষে সত্য বলতে পারেন এবং এরপর সামনে এগিয়ে যেতে পারেন। সমর্থকেরা এখনো বিষয়টি ভুলে যাননি।’

ক্লার্কের এই বক্তব্যে অনুপ্রাণিত হয়েছেন বলেও জানিয়েছেন ব্যানক্রফট। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাবিত স্বাধীন আলোচনামঞ্চে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। সেখানে সাধারণভাবে নয়, বরং নির্দিষ্ট ঘটনা ও বিস্তারিত তথ্য তুলে ধরতে চান।

ব্যানক্রফটের শেষ কথা, ‘সমর্থকেরা এই সত্য জানার অধিকার রাখেন। এটি আমার দায়িত্ব। আর সেই দায়িত্ব থেকেই আমি আজ সবকিছু প্রকাশ করলাম।’

 

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ