রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায়, বাংলাদেশ সময় বিকেল ৩টায় রায় পাঠ শুরু হওয়ার কথা রয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, রায় ঘোষণা করতে প্রায় ৯০ মিনিট সময় লাগতে পারে। কোনো রাষ্ট্র সরাসরি গণহত্যার জন্য দায়ী কি না, সে বিষয়ে আইসিজের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে যাচ্ছে।
২০১৯ সালের নভেম্বরে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। অভিযোগে বলা হয়, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিকল্পিত গণহত্যার অংশ ছিল।
ওই অভিযানের পর প্রাণ বাঁচাতে প্রায় ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। তাদের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে। জাতিসংঘের অনুসন্ধানী দলও ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল।
তবে মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করেছিল। রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার কোনো উদ্দেশ্য ছিল না বলেও যুক্তি দিয়েছে দেশটি।
১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ কিংবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে নির্দিষ্ট অপরাধ সংঘটিত হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হয়।
এর আগে আইসিজে কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যা সংঘটনের জন্য দায়ী ঘোষণা করেনি। ২০০৭ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ার জন্য সার্বিয়াকে দায়ী করেছিল আদালত। তবে সার্বিয়া নিজে ওই গণহত্যা সংঘটন করেছে বলে রায় দেয়নি।
মিয়ানমারের বিরুদ্ধে এই মামলার সিদ্ধান্ত ভবিষ্যতে আন্তর্জাতিক গণহত্যা মামলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলার ক্ষেত্রেও এ রায়ের গুরুত্ব রয়েছে।
আইসিজে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের বিরোধ নিষ্পত্তি করে। তাই মিয়ানমারকে দায়ী করা হলেও আদালত সরাসরি কোনো ব্যক্তির ফৌজদারি বিচার করতে পারবে না। ব্যক্তির অপরাধের বিচার করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
গাম্বিয়া আদালতের কাছে গণহত্যার জন্য দায়ীদের বিচার, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ চেয়েছে। তবে ক্ষতিপূরণ দাবির ক্ষেত্রে গাম্বিয়ার আইনি অধিকার নিয়েও আপত্তি তুলেছে মিয়ানমার।
আইসিজের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে রায় বাস্তবায়নে আদালতের নিজস্ব ক্ষমতা সীমিত। কোনো দেশ রায় না মানলে সংশ্লিষ্ট পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হতে পারে।
এদিকে রায়কে কেন্দ্র করে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন। মিয়ানমারেও রয়েছেন প্রায় ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গা। দীর্ঘদিন ধরে চলাচল, স্বাস্থ্যসেবা ও জীবিকার নানা সীমাবদ্ধতার মধ্যে থাকা এই জনগোষ্ঠীর কাছে আদালতের সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব বহন করছে।
রোহিঙ্গাদের ন্যায়বিচার, অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ প্রত্যাবাসনের সম্ভাবনার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন আইসিজের রায়ের দিকে।

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ