মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুক্ত বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তির উন্নয়ন ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ নেতারা। বৃহস্পতিবার চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে এসব বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অধিবেশনে প্রথমে বক্তব্য দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি এশিয়া-প্যাসিফিক অঞ্চলে অবাধ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।
শি জিনপিং বলেন, সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক যোগাযোগ বাড়ানো, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং উন্মুক্ত বাণিজ্যব্যবস্থা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি সহযোগিতার ক্ষেত্রে বৈষম্যহীন পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।
আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ২ কোটি ডলার ব্যয়ের ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট। একই সঙ্গে শেনজেনে ‘এশিয়া-প্যাসিফিক কমিউনিটি স্টাডিজ সেন্টার’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান।
ডিজিটাল প্রযুক্তি, আন্তসীমান্ত তথ্য আদান-প্রদান, পরিচ্ছন্ন জ্বালানি, পরিবেশবান্ধব প্রবৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে যৌথভাবে কাজ করার ওপরও জোর দেন তিনি। কার্বন নিঃসরণ কমানো এবং মানবসম্পদ উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান শি।
এরপর বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও সার্বভৌমত্ব রক্ষায় ওয়াশিংটনের ভূমিকা অব্যাহত থাকবে।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে ট্রাম্প বলেন, দেশটির অর্থনীতি শক্তিশালী অবস্থানে রয়েছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কও দৃঢ়।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি মনে করেন, এ প্রযুক্তির বিকাশে অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়। বরং উদ্ভাবন ও দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির সুযোগ রাখা প্রয়োজন।
এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়েও আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প।
অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার অর্থনীতি শক্তিশালী হচ্ছে এবং দেশটি আন্তর্জাতিক সহযোগিতার জন্য উন্মুক্ত। খাদ্য ও সার সরবরাহের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে রাশিয়া ভূমিকা রাখছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে রাশিয়ার অভিজ্ঞতা আঞ্চলিক অংশীদারদের সঙ্গে বিনিময়ের আগ্রহ প্রকাশ করেন পুতিন। পাশাপাশি এপেকের চূড়ান্ত ঘোষণাপত্রের প্রতি সমর্থন জানান তিনি।
সম্মেলনে তিন নেতার বক্তব্যে অর্থনৈতিক সহযোগিতা, মুক্ত বাণিজ্য, প্রযুক্তিগত উদ্ভাবন ও আঞ্চলিক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নিয়ন্ত্রণ আরোপের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং চীনের সহযোগিতাভিত্তিক উন্নয়ন ভাবনায় ভিন্ন দৃষ্টিভঙ্গি উঠে এসেছে।

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন

৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ