উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে বসবাস করছিলেন নুরুল ইসলাম নাহিদ। গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়েছে।
ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম যাচাই করা হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী। তিনি সিলেট-৫ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান তিনি। এরপর টানা ১০ বছর এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।











