চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন
চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিত্যক্ত বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাতে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। এতে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে ভবনের বাসিন্দা ও স্থানীয় লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভবনটির পঞ্চম তলার বাসিন্দা আইনজীবী গাজী দুলাল জানান, রাতে চিৎকার শুনে নিচে নেমে তিনি বাসাটিতে আগুন জ্বলতে দেখেন। পরে অন্যদের সঙ্গে নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
তিনি জানান, এ ঘটনায় নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ২০২৪ সালের ৫ আগস্টও ওই বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। তখন বাসার ভেতরের সবকিছু পুড়ে যায়। অবশিষ্ট পোড়া জিনিসপত্রেই এবার আগুন দেওয়া হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, তারা এ ধরনের ঘটনার খবর পাননি। খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবেন।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য দীপু মিয়াজী জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা একদল ব্যক্তি বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়।
খবর পেয়ে রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
চাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আব্দুল্লাহ জানান, কর্মীরা পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে গিয়েছিল। পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।











