ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : বিজয়ের মাস ডিসেম্বরকে ঘিরে দেশজুড়ে সাংগঠনিক কর্মসূচি জোরদার করতে যাচ্ছে বিএনপি। এ সময় দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিজস্ব ব্যানারে রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
একই সঙ্গে রাজনৈতিক পরিস্থিতিতে সতর্ক থাকা, কোনো উসকানিতে সাড়া না দেওয়া এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে মাসজুড়ে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব নির্দেশনা দেন তারেক রহমান। প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয় বলে বৈঠকসংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ডিসেম্বরজুড়ে অবস্থান কর্মসূচি, পথসভা, সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায় দলটি। মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোকে নিজস্ব উদ্যোগে কর্মসূচি সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সহিংসতা ও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা বিবেচনায় নেতাকর্মীদের সংযত থাকার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। কোনো পক্ষের উসকানিতে প্রতিক্রিয়া না দেখিয়ে রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার নির্দেশনা দেন তিনি।
দলীয় ঐক্যের বিষয়েও গুরুত্বারোপ করেন তারেক রহমান। কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত নেতাদের মধ্যে সমন্বয় বাড়িয়ে সম্মিলিতভাবে কর্মসূচি বাস্তবায়নের কথা বলেন তিনি। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করার নির্দেশনা দেন।
দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, দখলদারত্ব কিংবা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কঠোর বার্তাও দিয়েছেন তিনি। দলের ভাবমূর্তি রক্ষায় নেতাকর্মীদের আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, ডিসেম্বর উপলক্ষে প্রতিবছরের মতো এবারও দলীয় কর্মসূচি থাকবে। পাশাপাশি তারেক রহমানের দেশে ফেরার দিন এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
বৈঠকসংশ্লিষ্ট এক যুগ্ম মহাসচিব নাম প্রকাশ না করার শর্তে জানান, ডিসেম্বরজুড়ে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে পৃথক কর্মসূচির মাধ্যমে সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে বিএনপির রুহুল কবির রিজভী, শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারাও এতে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ

ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তিশালী হচ্ছে, সম্ভাব্য আঘাত অন্ধ্রপ্রদেশে